যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে একটি আদিবাসী জনগোষ্ঠীর রিজার্ভেশন এলাকার ভেতর দিয়ে সীমান্ত প্রাচীর নির্মাণের উদ্যোগ সাময়িকভাবে বন্ধ করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিতে অস্বীকৃতি জানিয়েছেন ফেডারেল বিচারক রিচার্ড লিওন। ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিওন টোহোনো ও’ওধাম নেশনের গত ১৪ আগস্ট করা প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। প্রায় ২৮ লাখ একর আয়তনের এ রিজার্ভেশনের মেক্সিকো সীমান্ত সংলগ্ন প্রায় ৬২ মাইল এলাকায় সীমান্ত প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিচারক বলেন, প্রাচীর নির্মাণের ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া রিজার্ভেশনের সীমানা পরিবর্তিত হবে যে এমন দাবি প্রতিষ্ঠা করতে পারেনি উপজাতি কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্মাণকাজকে বেআইনি অনুপ্রবেশ হিসেবে দেখানোর দাবিও তিনি প্রত্যাখ্যান করেন।
রায়ে লিওন বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা, অভিবাসন আইন কার্যকর করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের স্বার্থ এ পর্যায়ে উপজাতিটির সম্ভাব্য অপূরণীয় ক্ষতির আশঙ্কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে টোহোনো ও’ওধাম নেশন রায়টির তীব্র বিরোধিতা করেছে। গত ১৪ আগস্ট রাতে দেওয়া এক বিবৃতিতে নেশনের চেয়ারম্যান ভার্লন এম জোস বলেন, নির্মাণকাজের ফলে তাদের ভূমি ও পবিত্র স্থানগুলোর ওপর যে স্থায়ী ক্ষতি হতে পারে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
উপজাতিটির আইনজীবীদের দাবি, সীমান্ত প্রাচীর নির্মাণ হলে রিজার্ভেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। এতে ও’ওধাম জনগোষ্ঠীর কাছে পবিত্র পাহাড় ও অন্যান্য স্থান ধ্বংস হওয়ার পাশাপাশি সীমান্তের দুপাশে বসবাসকারী পরিবার ও সম্প্রদায়গুলোর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রথা পালনে বাধা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণীসম্পদ ধ্বংসের আশঙ্কার কথাও তারা উল্লেখ করেছেন।
সীমান্ত এলাকায় ১৯০৭ সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের জারি করা একটি ঘোষণার মাধ্যমে ৬০ ফুট প্রশস্ত একটি সরকারি জমির বাফার অঞ্চল রুজভেল্ট রিজার্ভেশন তৈরি করা হয়েছিল। পরে ওই এলাকার কাছেই উপজাতিটির রিজার্ভেশন প্রতিষ্ঠিত হয়। উপজাতিটির আইনজীবীরা বলছেন, সীমান্ত প্রাচীরের নির্মাণকাজকে কেবল ৬০ ফুটের ওই করিডোরের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব এমন ধারণা বাস্তবসম্মত নয়।
২২ জুলাইয়ের শুনানিতে বিচারক লিওন এই মামলাকে ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, একই ধরনের পরিস্থিতি নিয়ে আগের কোনো আদালতের রায় তিনি খুঁজে পাননি।
অ্যারিজোনার সোনোরান মরুভূমিতে অবস্থিত টোহোনো ও’ধাম নেশনের রিজার্ভেশনটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের সঙ্গে প্রায় ৬২ মাইলজুড়ে সংযুক্ত। নেশনটির সদস্যসংখ্যা ৩৭ হাজারের বেশি, যাদের মধ্যে হাজার হাজার সদস্য মেক্সিকোতেও বসবাস করেন।বিচারকের সিদ্ধান্তের পর উপজাতিটি জানিয়েছে, বিষয়টি তাদের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা পরবর্তী আইনি ও অন্যান্য সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করবে।