২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৩:৪১ পূর্বাহ্ন


মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৬
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ


নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

গত ১৪ আগস্ট বাদ মাগরিব জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাহবুব আলী খান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের দক্ষিণাঞ্চল ও তালপট্টিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে তার অবদানের কথাও তিনি তুলে ধরেন।

সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের দোয়ার আহ্বান জানান।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া ও মিলাদ পরিচালনা করেন। মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী ও দুই কন্যাসহ পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মনিরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও নসিব ভান্ডারী প্রমুখ। এছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতা আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর সুস্থতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন