চেম্বারস স্ট্রিট স্টেশন
শতবর্ষের পুরোনো চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশনকে পুরোপুরি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন, ঐতিহাসিক চেম্বার্স স্ট্রিট জে/ জেড স্টেশনের নকশা, নির্মাণ ও সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটি কনজেশন প্রাইসিং থেকে পাওয়া অর্থে বাস্তবায়ন করা হবে।
১৯১৩ সালে চালু হওয়া স্টেশনটি দীর্ঘদিনের পানির ক্ষতি, কাঠামোগত দুর্বলতা ও অবনতির কারণে পুরো সাবওয়ে ব্যবস্থার সবচেয়ে জরুরি সংস্কারপ্রয়োজনীয় স্টেশনগুলোর একটি হয়ে উঠেছে। প্রকল্পের আওতায় স্টেশনের কাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত টাইলস পরিবর্তন, সিঁড়ি ও দরজা সংস্কার এবং ঐতিহাসিক স্থাপত্যের বিভিন্ন অংশ পুনরুদ্ধার করা হবে।
স্টেশনটির দেয়াল ও মেঝের সিরামিক টাইলস, মোজাইক, টেরাকোঁঠ অলংকরণ, বেস টাইলস, কংক্রিট ও মার্বেল অংশ এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপত্য উপাদানও সংস্কার করা হবে। পাশাপাশি স্টেশনে নতুন রং, নতুন আলোকসজ্জা, নিরাপত্তা ক্যামেরা এবং আধুনিক সিসিটিভি ব্যবস্থা স্থাপন করা হবে।
প্রকল্পে পানি চুইয়ে পড়ার সমস্যা সমাধান, ছাদ ও অন্যান্য কাঠামোগত মেরামত এবং নির্দিষ্ট মেজানাইন এলাকায় নতুন মেঝের ব্যবস্থা করার কথাও রয়েছে। ভবিষ্যতে নতুন শিল্পকর্ম স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে।
গভর্নর হোচুল বলেন, কয়েক দশকের অবহেলার কারণে চেম্বারস স্ট্রিট স্টেশন জরাজীর্ণ হয়ে পড়েছিল। কনজেশন প্রাইসিংয়ের অর্থের কারণে এখন এ স্টেশনকে ব্যাপকভাবে সংস্কার করা সম্ভব হচ্ছে। তার ভাষায়, যানজট কমানোর পাশাপাশি এই কর্মসূচি নিউইয়র্কের গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।
এমটিএর চেয়ার ও সিইও জান্নো লাইবার চেম্বারস স্ট্রিটকে জরাজীর্ণ সাবওয়ে স্টেশনের একটি অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, কনজেশন প্রাইসিংয়ের অর্থের মাধ্যমে শেষ পর্যন্ত স্টেশনটির প্রয়োজনীয় ব্যাপক সংস্কার করা সম্ভব হচ্ছে।
চেম্বারস স্ট্রিট স্টেশনটি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের স্বীকৃত ন্যাশনাল রেজিস্টার অব হিস্টোরিক প্লেসেসের তালিকাভুক্ত। প্রতিদিন গড়ে প্রায় ১৮ হাজার ১৯৬ জন যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। এমটিএ চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির ডিজাইন-বিল্ড চুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। প্রকল্পটি এমটিএর ২০২০-২০২৪ ক্যাপিটাল প্ল্যানের অংশ এবং কনজেশন প্রাইসিংয়ের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে।
এদিকে, জানুয়ারি ২০২৫ সালে কনজেশন রিলিফ জোনে টোল চালুর পর নিউইয়র্কের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে যান চলাচল কমেছে এবং বায়ুর মান, পথচারি চলাচল ও জীবনযাত্রার মানসংক্রান্ত বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কর্মসূচি এমটিএর ২০২০-২৪ ক্যাপিটাল প্ল্যানে প্রায় ১৫ বিলিয়ন ডলার অর্থায়ন করছে।
চেম্বারস স্ট্রিটের পাশাপাশি কনজেশন প্রাইসিংয়ের অর্থে অন্যান্য সাবওয়ে স্টেশনেও সংস্কার ও প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি ব্রঙ্কসের থার্ড অ্যাভিনিউ স্ট্রিট ও ব্রোক অ্যাভিনিউ ৬ স্টেশনে এডিএ-সংক্রান্ত উন্নয়নের নির্মাণকাজের চুক্তি দেওয়া হয়েছে। ব্রুকলিনের আরো পাঁচটি স্টেশনে লিফটসহ প্রতিবন্ধীবান্ধব সুবিধা স্থাপনের জন্য প্রস্তাব আহ্বান করেছে এমটিএ।