২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৯:৫৭:১২ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি কনসাল জেনারেলের কাছে দাবি দাওয়া হস্তান্তর


প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইনকের পক্ষ থেকে প্রবাসীদের কিছু ন্যায্য দাবি তুলে ধরা হয়েছে এবং সেগুলো পূরণের আহবান জানানো হয়েছে। এই দাবি সম্বলিত একটি চিঠি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কস্থ বাংলাদেশে কন্স্যুলেটের কনসাল জেনারেলের কাছে সংগঠনের নেতৃবৃন্দ হন্তান্তর করেন এবং তার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর আহবান জানান।

সেখানে উল্লেখ করা হয়, জীবন জীবিকাসহ নানা কারণ আর প্রয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশী যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। দেশত্যাগ আসলে রক্তক্ষরণের বিষয়। তারপরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং দায়বদ্ধতার কারণে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। স্বাধীনতার পর প্রতিটি সরকারই প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষার কথা বলেছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি তারা প্রবাসীদের এমন কোনো স্বার্থই রক্ষা করেননি। আমরা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রতিটি সরকারের কাছে আমাদের ৯ দফা দাবি ও ন্যায্য দাবি উপস্থাপন করেছি। এখন আমাদের জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সে সরকার প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশীদের বিরাট ভূমিকা ছিল। তাই আমরা আশাবাদী আপনার সরকার আমাদের দাবিসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

আমাদের দাবিসমূহ: জাতীয় সংসদে ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু। বাংলাদেশের প্রশাসনসহ বিভিন্ন অফিস-আদালতে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সম্মানজনক মূল্যায়ন করে সকল কাজ সম্পাদন করার কার্যকর ব্যবস্থা করা। দেশে ভূমিদস্যুসহ ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা। বৈতন নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির লক্ষ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করাসহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশে প্রবাসীদের ঘরবাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষা ও মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা।

দাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক ফখরুল আলম, সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব প্রমুখ।

শেয়ার করুন