নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিন
যুক্তরাষ্ট্রে মেডিকেল শিক্ষার খরচ বিশ্বের অন্যতম বেশি হলেও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ টিউশন ফ্রি বা পূর্ণ টিউশন বৃত্তির সুযোগ দিচ্ছে। তবে শতাধিক মেডিকেল স্কুলের মধ্যে এই সুবিধা এখনো খুব সীমিত। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১৬৩টি স্বীকৃত মেডিকেল স্কুল রয়েছে। এর মধ্যে মাত্র চারটি প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ টিউশন ফ্রি শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর আরো কিছু মেডিকেল স্কুল আর্থিক প্রয়োজন, মেধা বা বিশেষ যোগ্যতার ভিত্তিতে পূর্ণ টিউশন বৃত্তি প্রদান করে।
মেডিকেল শিক্ষার উচ্চ খরচের কারণে অনেক শিক্ষার্থী চিকিৎসক হওয়ার আগেই বড় ধরনের শিক্ষাঋণের বোঝায় পড়েন। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, প্রায় চারজন মেডিকেল গ্র্যাজুয়েটের মধ্যে তিনজন শিক্ষাঋণ নিয়ে পড়াশোনা শেষ করেন। পাবলিক মেডিকেল স্কুল থেকে পাস করা শিক্ষার্থীদের গড় ঋণ প্রায় ১ লাখ ৯৪ হাজার ৫৫৮ ডলার, আর প্রাইভেট মেডিকেল স্কুলের গ্র্যাজুয়েটদের গড় ঋণ প্রায় ২ লাখ ২২ হাজার ৮৯৯ ডলার। এই আর্থিক চাপ কমাতে কিছু মেডিকেল স্কুল সম্পূর্ণ টিউশন ফ্রি কর্মসূচি চালু করেছে।
আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন নিউইয়র্ক
নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় অবস্থিত আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ বড় মেডিকেল স্কুলগুলোর একটি, যারা টিউশন ফ্রি শিক্ষা চালু করেছে। প্রতিষ্ঠানটি এক বিলিয়ন ডলারের ঐতিহাসিক অনুদান পাওয়ার পর ঘোষণা করেছে যে ভবিষ্যতে শিক্ষার্থীদের আর মেডিকেল স্কুলের টিউশন দিতে হবে না।
এই বিশাল অনুদানের মাধ্যমে একটি স্থায়ী তহবিল তৈরি করা হয়েছে, যার অর্থ দিয়ে ভবিষ্যতের শিক্ষার্থীদের টিউশন খরচ বহন করা হবে। প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগের ফলে অর্থনৈতিক সামর্থ্যের পরিবর্তে শিক্ষার্থীদের মেধা, আগ্রহ এবং চিকিৎসা সেবায় অবদানের ওপর বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হবে।
আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের ডিন ড. ইয়ারন টোমার বলেন, এ অনুদান এমন শিক্ষার্থী আকর্ষণ করতে সাহায্য করবে যারা চিকিৎসা পেশায় আসতে চান কিন্তু উচ্চশিক্ষার খরচের কারণে বাধার মুখে পড়েন। টিউশন ফ্রি হওয়ার ফলে শিক্ষার্থীরা গবেষণা, নতুন চিকিৎসা পদ্ধতি এবং জনস্বাস্থ্য উন্নয়নে আরো বেশি মনোযোগ দিতে পারবেন।
নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিন
নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিন যুক্তরাষ্ট্রের প্রথম বড় মেডিকেল স্কুলগুলোর একটি, যারা সব শিক্ষার্থীর জন্য টিউশন ফ্রি কর্মসূচি চালু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ঘোষণা করে যে ভর্তি হওয়া সব এমডি শিক্ষার্থী পূর্ণ টিউশন বৃত্তি পাবেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মেডিকেল স্কুলের মূল টিউশন খরচ বহন করতে হয় না। ২০২৩ সালে কেনেথ জি. ল্যাঙ্গোন ও তার স্ত্রীর ২০০ মিলিয়ন ডলারের অনুদানের মাধ্যমে এনওয়াইইউ গ্রসম্যান লং আইল্যান্ড স্কুল অব মেডিসিনেও স্থায়ীভাবে টিউশন ফ্রি ব্যবস্থা চালু করা হয়।
ম্যানহাটনের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ক্যারিয়ারের সুযোগ পান, আর লং আইল্যান্ড ক্যাম্পাস মূলত প্রাথমিক চিকিৎসা বা প্রাইমারি কেয়ার চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দেয়।
ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার কলেজ অব মেডিসিন-ওহাইও
ওহাইওর ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার কলেজ অব মেডিসিন ২০০৮ সাল থেকে টিউশন ফ্রি মেডিকেল শিক্ষা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি প্রতিবছর মাত্র ৩২ জন শিক্ষার্থী ভর্তি করে এবং প্রত্যেক শিক্ষার্থী পূর্ণ টিউশন স্কলারশিপ পান।এই স্কুলের লক্ষ্য হলো চিকিৎসক-গবেষক তৈরি করা এবং আর্থিক সমস্যার কারণে যেন যোগ্য শিক্ষার্থীরা মেডিকেল পেশায় আসার সুযোগ হারিয়ে না ফেলেন।
কাইজার পারমানেন্ট বার্নার্ড জে. টাইসন স্কুল অব মেডিসিন-ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়াভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কাইজার পারমানেন্ট পরিচালিত বার্নার্ড জে. টাইসন স্কুল অব মেডিসিন ২০২০ সালে প্রথম ব্যাচের শিক্ষার্থী ভর্তি করে। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছিল যে প্রথম পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মেডিকেল স্কুলের টিউশন ছাড়াই চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ পান।
আরো যেসব মেডিকেল স্কুলে বড় আর্থিক সহায়তা রয়েছে
সব শিক্ষার্থীর জন্য টিউশন ফ্রি না হলেও যুক্তরাষ্ট্রের অনেক শীর্ষ মেডিকেল স্কুল পূর্ণ বা বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করে। এর মধ্যে রয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ইন সেন্ট লুইস, ওয়েইল কর্নেল মেডিসিন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন।
এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরিবারের আয়, আর্থিক প্রয়োজন এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে পূর্ণ টিউশন বৃত্তি বা বড় ধরনের সহায়তা পেতে পারেন।
টিউশন ফ্রি হলেও সব খরচ শেষ নয়
বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল স্কুলে টিউশন ফ্রি হলেও শিক্ষার্থীদের সব খরচ শূণ্য হয় না। বাসস্থান, খাবার, স্বাস্থ্য বীমা, বই, চিকিৎসা সরঞ্জাম, লাইসেন্সিং পরীক্ষা এবং যাতায়াতের খরচ শিক্ষার্থীদের বহন করতে হতে পারে।যুক্তরাষ্ট্রে চার বছরের মেডিকেল শিক্ষার মোট ব্যয় অনেক প্রতিষ্ঠানে ২ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ডলারের বেশি হতে পারে।
সীমিত হলেও বাড়ছে ফ্রি মেডিকেল শিক্ষার সুযোগ
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৬৩টি মেডিকেল স্কুলের মধ্যে মাত্র কয়েকটি প্রতিষ্ঠানে সবার জন্য পূর্ণ টিউশন ফ্রি সুবিধা রয়েছে। এর মধ্যে প্রধান উদাহরণ হলো আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন, নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিন, ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার কলেজ অব মেডিসিন এবং কাইজার পারমানেন্ট বার্নার্ড জে. টাইসন স্কুল অব মেডিসিন।এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের মেডিকেল শিক্ষার ব্যয় কমানোর ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করছে।