অনুষ্ঠানে সুধীর একাংশ
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস গত ৪ জুলাই ছিল। একটি ঐতিহাসিক দিন, সেই সঙ্গে এক মাইলফলকও। এ উপলক্ষে ‘বাংলাদেশি আমেরিকানস ইন নিউইয়র্ক’ এক অনুষ্ঠানের আয়োজন করে। জ্যামাইকা হিলসাইড অ্যাভিনিউয়ের একটি রেস্তোরাঁর পার্টি হলে শুভেচ্ছা বিনিময় আলোচনা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সিনিয়র সাংবাদিক বিভিন্ন মিডিয়ার সম্পাদকসহ কম্যুনিটির গণ্যমান্য অতিথিরা এতে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পরিপ্রেক্ষিত, স্বাধীনতা সংগ্রাম এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ও ভূমিকা নিয়ে আলোচকরা আলোচনা করেন।
বক্তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশিদের সংগঠনের সংখ্যার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তারপরও হাজার, কারো কারো ধারণা কাছাকাছি তো হবেই। নববর্ষ পান্তা ইলিশ কচুর লতি দিবস থেকে শুরু করে বাংলাদেশের যত জাতীয় দিবস বনভোজন নির্বাচন প্যানেল পরিচিতি অভিষেক মোটামুটি সারা বছরই এসব নিয়ে ব্যস্ত থাকলেও বিস্ময়করভাবে যুক্তরাষ্ট্রের কোন জাতীয় দিবসে সবাইকে নীরবতা পালন করতে দেখা যায়। খুবই দুঃখজনক যে কেউ কেউ বলে থাকে এসব তো আমেরিকার দিবস আমরা পালন বা উদযাপন করতে যাবো কেন! আমেরিকার নাগরিক আমেরিকায় বাস করে এ দেশের জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া সব সুযোগ সুবিধা ভোগ করে যখন কেউ এমনটা মনে করেন তখন তাকে আর কি বলা যেতে পারে।
বক্তারা আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মাদার সংগঠন বলে পরিচিতদের প্রতি ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থী বক্তব্য রাখেন। তারা প্রতিশ্রুতি দেন নির্বাচিত হতে পারলে আগামী বছর থেকে অবশ্যই সোসাইটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে কোনো সভাপতি ছিল না মঞ্চেও কারো জন্য চেয়ারও রাখা ছিল না। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় এ সংগঠন নিউইয়র্কে বসবাসরত সব বাংলাদেশি আমেরিকানের। এখানে সবাই সভাপতি সবাই সাধারণ সম্পাদক। সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সিনিয়র কম্যুনিটি ব্যক্তিত্ব নাসির আলী খান পল, নজরুল একাডেমির সভাপতি কিউ জামান, সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক, তাসের মাহমুদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কবি ও সাহিত্যিক এবিএম সালেহ উদ্দিন, রিয়েল এস্টেট প্রশিক্ষণ ব্যক্তিত্ব আজিজুল হক মুন্না, সন্দ্বীপ সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার কাজী সাখাওয়াত হোসেন আজম, সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ফজলে রাব্বী, সোসাইটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ রাব্বী, ব্যাংকার মনিউর রহমান, মিডিয়া কর্মী রাশিদা আক্তার, সাবেক আমলা আজিজুর রহমান, হায়দার আলীসহ আরো অনেকে। কবিতা আবৃতি করেন কবি সালেহা ইসলাম। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।