০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার রাজু হত্যাসহ দুই হত্যাকাণ্ডের আসামি জেসুস আকোস্তাকে শনিবার ব্রঙ্কসের ৪৩তম প্রিসিংকট স্টেশন হাউস থেকে নিয়ে যাচ্ছে গোয়েন্দারা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সশস্ত্র ডাকাতির সময় গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী মো. ইউসুফ রাজু। ব্রুকলিনের ইস্ট নিউইয়র্ক এলাকায় কর্মস্থলে ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত ৩১ বছর বয়সী জেসুস আকোস্তাকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। তার বিরুদ্ধে দুদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ আনা হয়েছে। গত ২২ আগস্ট রাতে পৌনে ১২টার দিকে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কের ৮৪২ রকওয়ে অ্যাভিনিউতে অবস্থিত আমেরিকাস বেস্ট উইংস অ্যান্ড পিজা রেস্টুরেন্টে সশস্ত্র ডাকাতির সময় ইউসুফ রাজু গুলিবিদ্ধ হন। এ সময় তার সহকর্মী মো. রাসেলও আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, ইউসুফের মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় আরো একজন ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশের অভিযোগ, ইউসুফকে হত্যার প্রায় ৪৮ ঘণ্টা পর একই ব্যক্তি ব্রঙ্কসের একটি বডেগায় আরেকটি সশস্ত্র ডাকাতির চেষ্টা করেন। ২২ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটের দিকে ১৪৯তম স্ট্রিটের ওই দোকানে ৩৩ বছর বয়সী টেইভন শুলার বুকে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নজরদারি ক্যামেরার ফুটেজে হুড পরা এক বন্দুকধারীকে দোকানের কাউন্টারের সামনে গুলি চালাতে দেখা যায়। এরপর ওই ব্যক্তি কাউন্টারের পেছনে গিয়ে ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। দুই হত্যাকাণ্ডের পর আকোস্তাকে গ্রেফতারে এনওয়াইপিডি ও এফবিআই ব্যাপক অভিযান শুরু করে। তার গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য এফবিআই ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে। পরে ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীদের সংগঠন ইউনাইটেড বডেগাস অব আমেরিকা আরো ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে।

গত ২৯ আগস্ট একটি বেনামি ৯১১ কলের ভিত্তিতে ব্রঙ্কসের ওয়াটসন অ্যাভিনিউ ও মরিসন অ্যাভিনিউয়ের কাছে একটি পার্ক থেকে আকোস্তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর সাংবাদিকরা তাকে অভিযোগ করা অপরাধগুলো করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘গড ইজ গুড, গড ইজ গ্রেট।’

পুলিশের রেকর্ড অনুযায়ী, আকোস্তা এর আগেও গুরুতর অপরাধে কারাগারে ছিলেন। হামলা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে প্রায় ১০ বছর কারাভোগের পর গত ২৩ এপ্রিল তিনি মুক্তি পান এবং তখন প্যারোলে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে নিউইয়র্কের সাবওয়েতে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায়ও আকোস্তার সাজা হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী, আকোস্তার এর আগে ১৩টি গ্রেফতারের রেকর্ড রয়েছে। তার প্রথম গ্রেফতার হয় ২০১০ সালে, যখন তার বয়স ছিল ১৪ বছর। ২০১৫ সালে হারলেমের একটি সাবওয়ে প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে গুলি করার মামলায় তিনি ১০ বছরের বেশি সময় কারাভোগ করেন। চলতি বছরের এপ্রিলে প্যারোলে মুক্তি পাওয়ার পরই তার বিরুদ্ধে নতুন করে দুটি হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

এবার তার বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। দুই ঘটনার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না এবং অভিযুক্তের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ইউসুফ রাজুর মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাজা গত ২৫ আগস্ট ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক প্রয়োজনীয় সহযোগিতা করেছে।

শেয়ার করুন