ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি
ইংরেজি ভাষাগত দক্ষতার নিয়ম এবং ফেডারেল প্রশিক্ষণ বিধি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে ২৭০টি ট্রাক ড্রাইভিং স্কুল বন্ধ করে দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিওটি)। ট্রাক চালকদের প্রশিক্ষণ ও বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় প্রতারণা ও অনিয়ম ঠেকাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। গত ৩১ অগাস্ট ডেট্রয়টে এক অনুষ্ঠানে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেন, এর মধ্যে ১১০টি স্কুলকে ইংরেজি ভাষাগত দক্ষতার নিয়ম লঙ্ঘনের কারণে জরুরি ভিত্তিতে বন্ধ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে তিনি সবচেয়ে গুরুতর লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব স্কুলের মাধ্যমে প্রায় ৫ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বা সিডিএল-সংক্রান্ত ইংরেজি দক্ষতার বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আরো ১৬০টি স্কুল বন্ধ করা হয়েছে পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা না থাকা এবং লাইসেন্সবিহীন প্রশিক্ষক ব্যবহারের কারণে।
ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের সড়কে ৮০ হাজার পাউন্ড পর্যন্ত ওজনের ১৮ চাকার ট্রাক চালানোর জন্য চালকদের যথাযথ দক্ষতা ও প্রশিক্ষণ থাকা অপরিহার্য। তার ভাষায়, যথাযথভাবে প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত নন, এমন ব্যক্তিদের বড় ট্রাক চালানোর সুযোগ দেওয়া জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
ইংরেজি ভাষার নিয়ম কঠোরভাবে প্রয়োগ
ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বা এফএমসিএসএ ১৯৩৭ সাল থেকে বাণিজ্যিক যানবাহনের চালকদের এমন পর্যায়ের ইংরেজি জানার বাধ্যবাধকতা দিয়ে আসছে, যাতে তারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে, সড়কের ট্রাফিক সাইন ও সংকেত বুঝতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন।
এফএমসিএসএ প্রশাসক ডেরেক বার্স জানান, তার সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বা এইচএসআইয়ের সঙ্গে মিলে দেশজুড়ে বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা পরীক্ষকদের অডিট করছে। তার দাবি, প্রায় ৩০ হাজার চালককে ইংরেজি ভাষাগত দক্ষতার ঘাটতির কারণে ইতোমধ্যে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বার্স বলেন, ফেডারেল নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা পরীক্ষা ইংরেজিতে নেওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে তা যথাযথভাবে করা হচ্ছে না।
ডিএমভি কর্মীদের বিরুদ্ধেও তদন্ত
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, ‘অপারেশনাল হাইওয়ে শিল্ড’-এর আওতায় এইচএসআই প্রায় ১ হাজার প্রতারণার ঘটনা শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যের মোটর ভেহিকেল বিভাগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মুলিনের দাবি, কিছু কর্মী অর্থের বিনিময়ে নিয়ম না মানা চালকদের ট্রাকের ফেডারেল পরিচয় নম্বর পরিবর্তন করে পুনরায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। কিছু কর্মী মাদক চক্রের কাছ থেকেও অর্থ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।ডাফি বলেন, অবৈধভাবে ইস্যু করা অনেক বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ইলিনয় অঙ্গরাজ্যের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মুলিন ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া ও নিউ জার্সির নামও উল্লেখ করেন।
চালকের ঘাটতি বাড়বে না : ডাফি
ট্রাক ড্রাইভিং স্কুল বন্ধ এবং ইংরেজি দক্ষতার নিয়ম কঠোর করার ফলে চালকের ঘাটতি বাড়বে-এমন আশঙ্কা নাকচ করেছেন ডাফি। তিনি বলেন, অনিয়মের কারণে অনেক যোগ্য ব্যক্তি এই পেশা থেকে দূরে সরে গেছেন।
আমেরিকান ট্রাকিং অ্যাসোসিয়েশনের হিসাবে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৮২ হাজার ট্রাক চালকের ঘাটতি রয়েছে। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকার কারণে তরুণদের এ পেশায় আগ্রহ কমে যাওয়া এবং অভিজ্ঞ চালকদের অবসরের ফলে এ ঘাটতি তৈরি হয়েছে। ট্রাকারদের সংগঠন ওনার-অপারেটর ইন্ডিপেনডেন্ট ট্রাকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টড স্পেন্সার প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে কংগ্রেসকে দালিলাহ’স ল পাস করার আহ্বান জানিয়েছেন। আইনটি পাস হলে ভুয়া বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং ইংরেজি ভাষাগত দক্ষতার নিয়ম আরো স্থায়ীভাবে কার্যকর করার সুযোগ তৈরি হবে।