১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৫:৩৩ পূর্বাহ্ন


গ্রিনকার্ড স্পন্সরের ক্রেডিট তথ্য চাইতে পারবে ইউএসসিআইএস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৬
গ্রিনকার্ড স্পন্সরের ক্রেডিট তথ্য চাইতে পারবে ইউএসসিআইএস ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস


যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যকে গ্রিনকার্ডের জন্য স্পন্সর করা ব্যক্তিদের আর্থিক সক্ষমতা যাচাইয়ে নতুন পদক্ষেপ নিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস। নতুন নিয়মে সংস্থাটি প্রয়োজনে স্পনসরের ক্রেডিটসংক্রান্ত তথ্য ভোক্তা তথ্য-প্রতিবেদনকারী সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এ পরিবর্তন এসেছে গ্রিনকার্ড স্পন্সরদের জন্য ব্যবহৃত ফরম আই-৮৬৪, অ্যাফিডেভিট অব সাপোর্টে। ৩১ আগস্ট ২০২৬ থেকে জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে শুধু নতুন সংস্করণের ফরম গ্রহণ করা হচ্ছে এবং পুরোনো ফরম ব্যবহারের জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হয়নি।

আমেরিকান ইমিগ্রেশন ল ইয়ার্স অ্যাসোসিয়েশন বা আইলার মতে, নতুন ফরমে একটি গোপনীয়তা-সংক্রান্ত অনুমোদন যুক্ত হয়েছে। এর মাধ্যমে ইউএসসিআইএস এক বা একাধিক কনজিউমার রিপোর্টিং এজেন্সির কাছ থেকে স্পনসরের ক্রেডিটসংক্রান্ত তথ্য চাইতে পারবে। তবে নতুন নিয়মে কোনো নির্দিষ্ট ক্রেডিট স্কোর বাধ্যতামূলক করা হয়নি। ইউএসসিআইএসও জানায়নি যে প্রত্যেক স্পনসরের ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করা হবে বা প্রতিটি আবেদনেই নিয়মিত ক্রেডিট অনুসন্ধান চালানো হবে। কম ক্রেডিট স্কোর, বেশি ক্রেডিট কার্ডের ঋণ, কিস্তি পরিশোধে বিলম্ব বা অতীতের দেউলিয়াত্বের কারণে কেউ স্বয়ংক্রিয়ভাবে স্পনসর হওয়ার অযোগ্য হবেন এমন কোনো বিধানও নতুন ফরমে নেই।

তবে স্পনসরের ক্রেডিট বা সিকিউরিটি ফ্রিজ করা থাকলে ইউএসসিআইএস প্রয়োজনীয় তথ্য পেতে নাও পারে। এ কারণে তথ্য সংগ্রহে দেরি এড়াতে ক্রেডিট ফ্রিজ তুলে দেওয়ার কোনো অনুরোধ পেলে দ্রুত সাড়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতদিন ফরম আই-৮৬৪ পর্যালোচনায় মূলত স্পনসরের পরিবারের সদস্যসংখ্যা, বর্তমান বার্ষিক আয়, ট্যাক্স রিটার্ন, সম্পদ ও অন্যান্য আর্থিক নথির ওপর গুরুত্ব দেওয়া হতো। সাধারণভাবে স্পনসরকে সংশ্লিষ্ট পরিবারের আকার অনুযায়ী ফেডারেল দারিদ্র‍্যসীমার অন্তত ১২৫ শতাংশ আয় দেখাতে হয়। নতুন পরিবর্তনে এ আয়ের শর্ত বাতিল হয়নি; বরং ইউএসসিআইএসের আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য অতিরিক্ত একটি তথ্যসূত্র যুক্ত হয়েছে। ইমিগ্রেশন আইনজীবীরা বলছেন, ইউএসসিআইএস নতুন ক্ষমতা বাস্তবে কীভাবে ব্যবহার করবে, তা আরো নির্দেশনা প্রকাশের পর স্পষ্ট হবে। তাই আপাতত এটিকে নতুন কোনো ক্রেডিট স্কোরের শর্ত হিসেবে দেখা ঠিক হবে না।

শেয়ার করুন