ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি
প্রয়োজনীয় প্রশিক্ষণ না নিয়েও নির্মাণকাজে প্রবেশের সুযোগ করে দিতে ভুয়া ওএসএইচএ ও নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস, অর্থাৎ ডিওবির সাইট সেফটি ট্রেনিং, বা এসএসটি কার্ড তৈরি ও বিক্রির অভিযোগে ব্রুকলিনভিত্তিক একটি নির্মাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান রেডকোড ইনকরপোরেটেডের মালিক কুইন্সের জ্যামাইকার বাসিন্দা ৩৪ বছর বয়সী লুতফুর রহমান এবং প্রতিষ্ঠানের সহযোগী হাওয়ার্ড বিচের বাসিন্দা ৩৪ বছর বয়সী মোহাম্মদ তুষার। প্রতিষ্ঠানটির রেডকোড ইনকরপোরেটেড ৫২৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, ব্রুকলিন এবং ১৪৬-০৪ হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকায় কার্যালয় রয়েছে। লুৎফর রহমান ও মোহাম্মদ তুষারকে ৮ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয় এবং সেদিনই তাদের বিরুদ্ধে ইনডাইটমেন্টের অভিযোগ আনা হয়।
ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেস, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশন, অর্থাৎ ডিওআই কমিশনার নাদিয়া আই. শিহাতা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংস, অর্থাৎ ডিওবি কমিশনার আহমেদ তিগানি যৌথভাবে বিষয়টি ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত ডিওআইয়ের গোপন তদন্তকারীরা নির্মাণশ্রমিকের পরিচয়ে রেডকোডের ব্রুকলিন ও কুইন্সের কার্যালয়ে যান। সেখানে রহমান ও তুষারের সঙ্গে তাদের যোগাযোগ হয়। তদন্তকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন না করেই প্রতি কার্ডের জন্য ৫০০ ডলারের বিনিময়ে ওএসএইচএ ও এসএসটি কার্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
তদন্তকারীদের আরো অভিযোগ, তাদের এমন কাগজে স্বাক্ষর করতে বলা হয় যাতে দেখানো হয় তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরপর রেডকোড সংশ্লিষ্ট তথ্য ডিওবি এবং ওএসএইচএ নির্ধারিত একটি প্রশিক্ষণ মধ্যস্থতাকারীর কাছে পাঠায় বলে অভিযোগ, যেখানে মিথ্যাভাবে উল্লেখ করা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর ভিত্তিতে ওএসএইচএ কার্ড এবং ডিওবির এসএসটি কার্ড ইস্যু করা হয় বলে প্রসিকিউটরদের দাবি।
নিউইয়র্ক সিটিতে অধিকাংশ নির্মাণকাজের সাইটে কাজ করার আগে শ্রমিকদের নির্দিষ্ট নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক। ওএসএইচএ-এর আওতায় দুর্ঘটনা প্রতিরোধ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে ৩০ ঘণ্টার প্রশিক্ষণ রয়েছে। এর সঙ্গে নিউইয়র্ক সিটির ডিওবি-এর প্রয়োজনীয়তা অনুযায়ী অতিরিক্ত ১০ ঘণ্টার সাইট সেফটি ট্রেনিং সম্পন্ন করতে হয়।
কর্তৃপক্ষের অভিযোগ, প্রশিক্ষণ না নিয়েও নিরাপত্তা কার্ড পাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হলে অপ্রশিক্ষিত শ্রমিকরা নির্মাণস্থলে কাজ করতে পারেন। এতে সংশ্লিষ্ট শ্রমিক, সহকর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেজ বলেন, নির্মাণস্থলে সঠিক নিরাপত্তা প্রশিক্ষণ একটি মৌলিক সুরক্ষা ব্যবস্থা। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই সার্টিফিকেশন দেওয়ার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রমিক ও সাধারণ মানুষ ঝুঁকির মুখে পড়েন। ডিওবি কমিশনার আহমেদ তিগানি জানান, রেডকোডের মাধ্যমে ইস্যু করা এসএসটি কার্ডগুলো বাতিল করা হয়েছে। তার ভাষায়, প্রশিক্ষণ না নেওয়া শ্রমিকদের নির্মাণস্থলে কাজ করার অনুমতি দেওয়া নিরাপদ নয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অফারিং আ ফলস ইনস্ট্রুমেন্ট ফর ফাইলিং-এর তিনটি অভিযোগ, সেকেন্ড ডিগ্রি রিসিভিং রিওয়ার্ড ফর অফিসিয়াল মিসকনডাক্টের তিনটি অভিযোগ এবং সেকেন্ড ডিগ্রি ফ্যালসিফাইং বিজনেস রেকর্ডসের ছয়টি অভিযোগ আনা হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ ব্রুকলিন সুপ্রিম কোর্টের বিচারপতি ড্যানি চুনের সামনে রহমান, তুষার ও রেডকোড ইনকর্পোরেটেডকে হাজির করা হয়। তাদের জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী ৪ নভেম্বর ২০২৬ পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।