০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:২৭:৫৩ পূর্বাহ্ন


স্টেট বিএনপির সভায় অধ‍্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি
এমপি যদি ফাইভ পাস হতে পারে অন্যদের ক্ষেত্রে কেন এতো শিক্ষাগত যোগ্যতা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
এমপি যদি ফাইভ পাস হতে পারে অন্যদের ক্ষেত্রে কেন এতো শিক্ষাগত যোগ্যতা মঞ্চে উপবিষ্ট অতিথিরা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস‍্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেন নিউইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মীরা। গত ২৮ জুলাই রাতে জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য অধ‍্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অগ্রগণ‍্য। দেশে যখন কেউ কথা বলতে পারতেন না তখন আপনারাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের গতি ত্বরান্বিত করেছিলেন। কিন্তু আজ আপনাদের কিছু অভিমান আছে এবং তা স্বাভাবিক। তিনি বলেন, আপনারা ধৈর্যহারা হবেন না। আপনাদের অবদানের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মরণে আছে। তিনি যথাসময়ে আপনাদের প্রবাসী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। তিনি বলেন, আমি নিজেও দেশের বিভিন্ন কমিটিতে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করছি। তিনি আরো বলেন, প্রবাসীদের কার্ড দেওয়া হচ্ছে। সে কার্ডের মাধ্যমে দেশে আপনাদের সুযোগ- সুবিধা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ২০১৫ সালে আমাকে গ্রেফতার করা হয়। সে সময় আমাকে ১৭ দিন রিমান্ডে নেওয়া হয়, আমার বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা দেওয়া হয়েছে। কিন্তু আমি ছিলাম নির্দোষ। তিনি বিভিন্ন বক্তার বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, ক্লাস ফাইভ পাস করে যদি এমপি হওয়া যায়, তাহলে ইউনিয়ন পরিষদ বা উপজেলা নির্বাচন করতে কেন ডিগ্রি লাগবে? এ বিষয় নিয়ে আমি কথা বলবো। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেওয়ার জন্যও আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো।

এ সময় গেস্ট অনার হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের সঙ্গে বিএনপির নামটি ওতপ্রোতভাবে জড়িত। এমনকি বিগত গণআন্দোলনে এনসিপি নেতারা যখন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন, তখন বিএনপিই সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং তৎকালীন সরকারের পতন নিশ্চিত করে। তিনি বলেন, কিন্তু আমাদের আন্দোলন চলছে প্রায় ৪০ বছর ধরে। যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি ছিল না, আমরা প্রথম ছাত্রদলের কমিটি ঘোষণা করি এবং একই মাসে বিএনপির কমিটি করি। তিনি বলেন, আমরা চাই দেশ ভালো থাকুক। দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকি। তিনি বলেন, বাংলাদেশে একমাত্র বিএনপিই স্বাধীনতার পক্ষের শক্তি। আর আওয়ামী লীগ হচ্ছে সুযোগসন্ধানী দল। শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশায় আত্মসমর্পণ করেছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা প্রাণ বাঁচাতে ভারত পালিয়ে গেলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বলেছিলেন, এটাই আমার দেশ, আমি কোথাও যাবো না, মরতে যদি হয় আমি এখানেই মরবো। তিনি আরো বলেন, এ সরকার প্রবাসী পল্লী প্রকল্প ঘোষণা করবে।

নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, নজরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব দেওয়ান কাউছার, আল আমিন সুমন, আনিসুর রহমান, আলমগীর খান, শ্রমিক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, শেখ মোহাম্মদ আরিফুর রহমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রইছ উদ্দিন আহমেদ, রুহুল আমিন নাসিরসহ অনেকে।

শেয়ার করুন