১৩ মে ২০২৬, বুধবার, ০৮:৫০:৩৯ অপরাহ্ন


রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি’র সহযোগিতা চাইলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৬
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি’র সহযোগিতা চাইলেন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতরা


রোহিঙ্গা সংকট নিরসন এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। 

সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। 

সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালেশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

 বৈঠকে প্রধানমন্ত্রী যে বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন:

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে ওআইসিকে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখার অনুরোধ করেন। আন্তর্জাতিক ফোরামগুলোতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে তিনি জোর দেন।

প্রধানমন্ত্রী বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ওআইসির সাথে বাংলাদেশের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওআইসি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশের জন্য একটি “দৈনিক বাস্তবতা” হিসেবে উল্লেখ করে এর টেকসই সমাধানের জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছেন।

শেয়ার করুন