২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪১:১৮ পূর্বাহ্ন


বাদ পড়বেন প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ
নিউ ইয়র্কের এসেনশিয়াল হেলথ প্ল্যান পুনর্গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
নিউ ইয়র্কের এসেনশিয়াল হেলথ প্ল্যান পুনর্গঠন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল


নিউ ইয়র্কের এসেনশিয়াল হেলথ প্ল্যান পুনর্গঠনের জন্য ফেডারেল সরকার অনুমোদন দিয়েছে। গভর্নর ক্যাথি হোচুল এসেনশিয়াল প্ল্যানের সম্প্রসারণ প্রত্যাহার করে আয়সীমা ২৫০ শতাংশ থেকে পুনঃসংশোধন করে ২০০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করে এটিকে পুনর্গঠনের জন্য ফেডারেল অনুমোদন পেয়েছেন। সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের প্রশাসক ড. মেহমেত ওজের সঙ্গে বৈঠকের পর গত ২০ মার্চ এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে নিউ ইয়র্ক স্টেট আবার তাদের স্বাস্থ্যবীমা কর্মসূচিকে বেসিক হেলথ প্রোগ্রামের কাঠামোতে ফিরিয়ে নিতে পারবে। এটি মূলত ফেডারেল তহবিল হ্রাসের প্রেক্ষাপটে নেওয়া একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন।

নিউ ইয়র্ক এসেনশিয়াল প্ল্যান হলো নিম্ন-আয়ের নিউ ইয়র্কবাসীর জন্য একটি উচ্চমানের ও স্বল্প-খরচের স্বাস্থ্য বীমা কর্মসূচি, যারা ইনকাম ফেডারেলইনকাম গাইডলাইন থাকে বেশি সেজন্য মেডিকেইড বা চাইল্ড হেলথ প্লাসের জন্য কোয়ালিফাই করেন না তাদের জন্য তৈরি। নতুন অনুমোদিত পরিকল্পনায় আয়সীমা ফেডারেল দারিদ্র‍্যসীমার ২০২৪ সালে প্রায় ২৫০ শতাংশ পর্যন্ত সম্প্রসারণের পর পুনঃসংশোধন করে ২০০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ পরিবর্তনের ফলে প্রায় ১৩ লাখ নিউ ইয়র্কবাসী শূন্য-প্রিমিয়াম বা কম খরচের স্বাস্থ্যবীমা সুবিধা অব্যাহত রাখতে পারবেন।

এসেনশিয়াল হেলথ প্ল্যান মূলত নিম্ন ও মধ্যম আয়ের প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, যারা আয়সীমার কারণে মেডিকেইডের আওতাভুক্ত নন। এতে ডাক্তারের ভিজিট, হাসপাতাল সেবা, প্রেসক্রিপশন ওষুধ এবং মানসিক স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত থাকে। ২০২৪ সালে এ পরিকল্পনার আওতা বাড়িয়ে আয়সীমা ফেডারেল দারিদ্র্যসীমার ২৫০ শতাংশ পর্যন্ত উন্নীত করা হয়েছিল, যার ফলে কয়েক লাখ মানুষ এতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তবে নতুন অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, সেই সীমা আবার কমিয়ে ২০০ শতাংশে নামিয়ে বেসিক হেলথ প্রোগ্রামের মূল কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

নতুন আয়সীমার বাইরে পড়া প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষকে বিকল্প স্বাস্থ্যবীমা পরিকল্পনায় স্থানান্তরিত হতে হবে। এদের জন্য নিউ ইয়র্ক স্টেট হেলথ মার্কেটপ্লেসের মাধ্যমে নতুন পরিকল্পনার ব্যবস্থা করা হবে। যদিও এই বিকল্প পরিকল্পনায় প্রিমিয়াম, ডিডাক্টিবল এবং কো-পেমেন্ট বেশি হতে পারে, যা কিছু পরিবারের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে।

গভর্নর হোচুল বলেন, ফেডারেল পর্যায়ে স্বাস্থ্যখাতের বড় ধরনের বাজেট কাটছাঁটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র স্টেট সরকারের পক্ষেই এই বিশাল আর্থিক ঘাটতি দীর্ঘমেয়াদে পূরণ করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, পুনর্গঠন স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে টেকসই রাখতে সহায়ক হলেও যারা নতুন যোগ্যতার বাইরে পড়বেন, তাদের জন্য নির্বিঘ্ন স্থানান্তর এবং সচেতনতা বৃদ্ধি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

পুনর্গঠনের প্রধান লক্ষ্য হলো ফেডারেল বাজেট কাটছাঁটের মধ্যেও যত বেশি সম্ভব মানুষের স্বাস্থ্যবিমা বজায় রাখা। নিউ ইয়র্ক স্টেটের হিসাব অনুযায়ী, প্রায় ১৩ লাখ মানুষ তাদের বর্তমান কভারেজ ধরে রাখতে পারবেন এবং শূন্য-প্রিমিয়াম বা অত্যন্ত কম খরচের সুবিধা অব্যাহত থাকবে। এসেনশিয়াল প্ল্যানে সাধারণত মাসিক প্রিমিয়াম নেই বা খুব কম এবং এতে ডাক্তারের ভিজিট, হাসপাতাল সেবা, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রেসক্রিপশন ওষুধের কভারেজ অন্তর্ভুক্ত থাকে।

তবে এ পরিবর্তনের ফলে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ, বিশেষ করে যারা আয়ের সীমা ২০০ শতাংশ আয়সীমা ফেডারেল দারিদ্র‍্যসীমার ওপরে আছেন বা নির্দিষ্ট নাগরিকত্ব/অভিবাসন স্ট্যাটাসের আওতায় পড়েন, তারা এসেনশিয়াল প্ল্যান থেকে সরে যেতে হবে। এদের ২০২৬ সালের গ্রীষ্ম থেকে নিউ ইয়র্ক স্টেট হেলথ মার্কেটপ্লেসের অন্যান্য স্বাস্থ্যবীমা পরিকল্পনায় স্থানান্তরিত করা হবে।

গভর্নর হোচুল আরো বলেন, সাম্প্রতিক ফেডারেল স্বাস্থ্যখাতের বড় ধরনের বাজেট কাটছাঁট রাজ্যগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কাটছাঁট। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্ক ইতিমধ্যে প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যা মূলত নিম্ন আয়ের ও বীমাহীন রোগীদের সেবা দেওয়া সেফটি-নেট হাসপাতালগুলোকে সহায়তা করার জন্য ব্যবহার করা হচ্ছে।

স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, এ পদক্ষেপ একদিকে যেমন অধিকাংশ উপকারভোগীর কভারেজ রক্ষা করবে, অন্যদিকে যারা নতুন যোগ্যতার বাইরে পড়বেন তাদের জন্য কভারেজ গ্যাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই নির্বিঘ্ন স্থানান্তর, ভর্তুকি সুবিধা বৃদ্ধি এবং সচেতনতা বাড়ানো এখন নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

সব মিলিয়ে, এসেনশিয়াল প্ল্যান পুনর্গঠন নিউ ইয়র্কের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আর্থিকভাবে টেকসই রাখার একটি কৌশলগত পদক্ষেপ, যা সীমিত সম্পদের মধ্যেও সর্বাধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই নেওয়া হয়েছে।

শেয়ার করুন