১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৩৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বয়স বাড়ছে
সালাহউদ্দিন নোমান
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
বয়স বাড়ছে


আমাদের বয়স বাড়ে প্রকাশ্যে ও গোপনে,

প্রস্ফুটিত গোলাপের শরীরে, ভ্রমরের গুঞ্জনে, 

সমাজের চোখ ফাঁকি দেয়া গোপন চুম্বনে। 

আমাদের বয়স বাড়ে কাঁচা পাকা দাড়ি ও গোঁফে,

দীঘল কালো রাত্রির মতো তোমার কোমল চুলে,

পোয়াতি নারীর পেটের মতো মাতৃত্বের শেকড়ে, নাভীমূলে।

আমাদের বয়স বাড়ে শহরের ধূলিকণায়

বয়স্ক রোদ্দুরের কান্ত ছায়ায়, সদর রাস্তায় তপ্ত হাওয়ায়, 

বয়স বাড়ে বৃষ্টি ভেজা বিকেল বেলায় যুগলবন্দী ছাতায়। 

বয়স বাড়ে রাজনৈতিক জনসভায়,

স্লোগানে স্লোগানে বিদীর্ণ মিছিল ও পথসভায়,

ভুল নেতার তর্জনীর ইশারায়

গর্জে ওঠা জনসমুদ্রের মোহনায়,

বয়স বাড়ে স্বপ্ন দেখে স্বপ্নভাঙার চাপা ব্যথায়

অঙ্গীকার ভুলে যাওয়া নেতা-নেত্রীর অবহেলায়! 

বয়স বাড়ে বেকারত্বের কষাঘাতে

সমাজবান্ধব সমাজ থেকে ছিটকে পড়ায়! 

বয়স বাড়ে রৌদ্র-ছায়ায়, ঝরাপাতায়, ঝিলের জলে 

সদ্য ফোটা পদ্মের মতো কিশোরীর স্তন যুগলে, 

বয়স বাড়ে কবিতার শব্দমালায়

বয়স বাড়ে বিষাদের ঝুলকালি মাখা 

নিদারুণ হতাশায়। 

বয়স বাড়ে সুদূর শৈশবে তোমার ঝুঁটি চুলের লাল নীল ফিতার ছবি এঁকে 

বয়স বাড়ে বাড়ন্ত শিশুর নামতা পড়ার ঘরে, 

মক্তবের পথে ভোরের আলোয়, 

গভীর রাতে উত্তরীয় বাতাসের তোড়ে ঝরেপড়া কম্পিত শিশিরের শব্দে।

বয়স বাড়ে সরল অঙ্ক নামক জটিল ধাঁধার উত্তর খুঁজে গরল বিশ্বাসকে চিনতে পারায়,

বয়স বাড়ে তোমার আমার ম্লান ত্বকের ভাঁজে ভাঁজে, 

বিরহ মলিন আর্দ্র হৃদয়ের খাঁজে খাঁজে, 

প্রসাধনীর গাঢ় প্রলেপে বয়স লুকোনোর ব্যর্থ প্রয়াসে। 

বয়স বাড়ে মোটা ফ্রেমের পাওয়ারফুল চশমায়, 

বয়স বাড়ে আচানক কড়া নেড়ে ভুল ঠিকানায়,

নিয়ন আলোর প্রকট ঝলকানিতে হারানো চাঁদের কল্পিত আলোর প্রভায়। 

বয়স বাড়ে এই শহরের ধুলোবালি দালানকোঠায়,  

বয়স বাড়ে গোলটেবিলে তিন তাসের আড্ডায়। 

বয়স কেবল বাড়ছে দেখ তোমার, আমার সব কিছুরই হরহামেশা, 

সময় যেন ভেংচি কেটে দিবারাত্রি করছে তামাশা।

আমাদের বয়স বাড়ছে। 


শেয়ার করুন