০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৪৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


আদালতে ফের আটকালো এক লাখ ডলারের এইচ১বি ভিসা ফি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
আদালতে ফের আটকালো এক লাখ ডলারের এইচ১বি ভিসা ফি এইচ১বি ভিসা


নতুন এইচ১বি ভিসায় এক লাখ ডলারের ফি আরোপের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ফের আদালতে আটকে গেছে। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত গত ৩০ সেপ্টেম্বর নতুন ফি কার্যকর করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এর আগে বোস্টনের একটি ফেডারেল আদালতও পৃথক মামলায় একই ফি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হেওয়ুড গিলিয়াম রায়ে বলেন, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেসন সার্ভিসেস (ইউএসসিআইএস) এবং স্টেট ডিপার্টমেন্ট ফি কার্যকর করার আগে প্রয়োজনীয় নিয়ম প্রণয়ন প্রক্রিয়া অনুসরণ করেনি। ফলে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নতুন ফি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা ও বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের একটি জোট এই মামলা করে। তাদের আবেদনের ভিত্তিতেই বিচারক গিলিয়াম ফি স্থগিতের আদেশ দেন।

এর আগে জুন মাসে বোস্টনের একজন ফেডারেল বিচারক ১ লাখ ডলারের ফি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলেন। ২০টি স্টেটের করা পৃথক মামলায় ওই আদেশ দেওয়া হয়। জুলাইয়ে বোস্টনভিত্তিক আপিল আদালত সেই আদেশ স্থগিত করার ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করে।

ট্রাম্প প্রশাসন মূলত নতুন এইচ১বি ভিসা আবেদনের ওপর ১ লাখ ডলারের নজিরবিহীন ফি আরোপ করেছিল। ফি আরোপের সিদ্ধান্তটি ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সম্প্রতি তা আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আগস্টে প্রায় ১ লাখ ৩ হাজার ডলারের একটি স্থায়ী ফি চালুর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে সেটিও আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই মামলায় আইনি প্রশ্ন ভিন্ন হবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এইচ১বি ভিসা মূলত বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণ প্রয়োজন এমন পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেয়। প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচির ওপর বিশেষভাবে নির্ভরশীল। প্রতি বছর ৬৫ হাজার এইচ১বি ভিসা দেওয়া হয়। এর বাইরে উন্নত ডিগ্রিধারীদের জন্য আরো ২০ হাজার ভিসা বরাদ্দ থাকে। ভিসার মেয়াদ সাধারণত তিন থেকে ছয় বছর পর্যন্ত হতে পারে।

নতুন ১ লাখ ডলারের ফি চালুর আগে এইচ১বি ভিসা-সংক্রান্ত বিভিন্ন ফি সাধারণত প্রায় ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে থাকত। বিভিন্ন আবেদন ও পরিস্থিতির ওপর প্রকৃত ফি নির্ভর করত। ফি আরোপের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল অভিবাসন আইনের অধীনে প্রেসিডেন্টের ক্ষমতার কথা উল্লেখ করেন। তার প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান এইচ১বি কর্মসূচির অপব্যবহার করে অপেক্ষাকৃত কম মজুরির বিদেশি কর্মী দিয়ে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করেছে।

অন্যদিকে ব্যবসায়ী সংগঠন ও এইচ১বি-নির্ভর প্রতিষ্ঠানগুলো এই ফি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়িক লবিং সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও পৃথক মামলা করেছে। সংগঠনটি প্রেসিডেন্টের এককভাবে এ ধরনের ফি নির্ধারণের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আগের এক মামলায় পরাজয়ের বিরুদ্ধে আপিল করছে। এইচ১বি কর্মসূচিকে ঘিরে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আবেদনকারীদের অতিরিক্ত যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এমন একটি নতুন ভিসা নির্বাচন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে, যেখানে তুলনামূলক বেশি দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সর্বশেষ আদালতের আদেশের ফলে ১ লাখ ডলারের ফি নিয়ে আইনি লড়াই আরো জটিল হয়েছে। তবে প্রস্তাবিত প্রায় ১ লাখ ৩ হাজার ডলারের স্থায়ী ফি চূড়ান্ত হলে সেটি আলাদা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

শেয়ার করুন