০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৫৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২৬
সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার প্রতারণার অভিযোগে গ্রেফতার আবু সালেহ


টেনেসির কাম্বারল্যান্ড কাউন্টিতে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক বয়স্ক ব্যক্তির কাছ থেকে ৫১ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে আটলান্টার এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আবু সালেহের বয়স ৪৭ বছর। তার বিরুদ্ধে ১০ হাজার ডলারের বেশি সম্পত্তি চুরি, চুরির চেষ্টা এবং বয়স্ক ব্যক্তির আর্থিক শোষণের অভিযোগ আনা হয়েছে।

কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর ক্রসভিলের পিভাইন রোডের একটি ম্যাকডোনাল্ডসের পার্কিং লটে সালেহকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সালেহ এমন একটি প্যাকেট নিতে আসেন, যাতে ১৪ হাজার ডলার রয়েছে বলে তাকে বিশ্বাস করানো হয়েছিল। প্যাকেটটি নেওয়ার পরই তদন্তকারীরা তাকে আটক করেন।

শেরিফের কার্যালয় জানায়, গত ২৮ সেপ্টেম্বর ওই প্রতারণার ঘটনা তদন্ত শুরু হয়। এক ব্যক্তি নিজেকে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের ফেডারেল কর্মকর্তা পরিচয় দিয়ে ওই বয়স্ক ব্যক্তিকে ফোন করেন। তাকে বলা হয়, তার সোশ্যাল সিকিউরিটি নম্বর বেহাত হয়েছে, কম্পিউটার হ্যাক করা হয়েছে এবং তার ব্যাংকের একজন কর্মীও হ্যাকারদের সহযোগিতা করছেন।

প্রতারকরা ওই ব্যক্তিকে নতুন একটি ল্যাপটপ কিনতে এবং তাদের কম্পিউটারে দূরবর্তী প্রবেশাধিকার দিতে রাজি করান। এরপর তার অর্থ নিরাপদে রাখার কথা বলে নগদ টাকা তুলে নির্দিষ্ট কুরিয়ারের হাতে তুলে দিতে বলা হয়। ভুক্তভোগী বিশ্বাস করেছিলেন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা না হওয়া পর্যন্ত তার অর্থ নিরাপদে রাখা হবে। তদন্তকারীদের কাছে ভুক্তভোগী জানান, গত ২২ সেপ্টেম্বর তিনি টেনেসির ক্লিভল্যান্ডে একটি ওয়ালমার্টের কাছে কুরিয়ারের হাতে ২৪ হাজার ডলার তুলে দেন। পরদিন গত ২৩ সেপ্টেম্বর ক্রসভিলের একটি মোটেলে আরো ২৭ হাজার ডলার দেন। দুদফায় মোট ৫১ হাজার ডলার তার কাছ থেকে নেওয়া হয়।

এরপর প্রতারকরা আরো ১৪ হাজার ডলার দাবি করলে শেরিফের তদন্তকারীরা হস্তক্ষেপ করেন। ভুক্তভোগী এবং টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের সাইবার ক্রাইমস ইউনিটের সহায়তায় তদন্তকারীরা পিভাইন রোডের ম্যাকডোনাল্ডসে আরেকটি অর্থ হস্তান্তরের ব্যবস্থা করেন। সেখানে আসা আবু সালেহ ডামি প্যাকেটটি সংগ্রহ করার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

আবু সালেহের বিরুদ্ধে স্থানীয়ভাবে তিনটি অভিযোগ আনা হয়েছে। ১০ হাজার ডলারের বেশি সম্পত্তি চুরির অভিযোগে ৩ লাখ ডলার, একই ধরনের চুরির চেস্টার অভিযোগে ১ লাখ ৫০ হাজার ডলার এবং বয়স্ক ব্যক্তির আর্থিক শোষণের অভিযোগে ২ লাখ ডলার বন্ড নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জর্জিয়ার আটলান্টায় তার বিরুদ্ধে আগে থেকেই একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলাটিও একই ধরনের নগদ অর্থ সংগ্রহের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। ওই পরোয়ানার জন্য আরো ২০ লাখ ডলার বন্ড নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আবু সালেহের মোট বন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৫০ হাজার ডলার।

কারাগারের নথিতে সালেহের জন্মস্থান ও নাগরিকত্ব বাংলাদেশ হিসেবে উল্লেখ রয়েছে। গ্রেফতারের পর তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইকে বিষয়টি জানান। নথি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর জর্জিয়ার একটি হোল্ড এবং ১ অক্টোবর আইসিইর ডিটেইনার তার নামে যুক্ত করা হয়। সালেহকে ৫ অক্টোবর কাম্বারল্যান্ড কাউন্টি জেনারেল সেশনস কোর্টে হাজির করা হয়।

শেরিফের কার্যালয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কোনো ব্যক্তি ফোন করে টাকা তুলে দিতে, কুরিয়ারের হাতে নগদ অর্থ দিতে কিংবা অর্থ সুরক্ষিত রাখার জন্য কম্পিউটারে দূরবর্তী প্রবেশাধিকার দিতে বললে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিতে হবে। সরকারি কোনো সংস্থা এভাবে নগদ অর্থ সংগ্রহ করে না বলেও সতর্ক করেছে পুলিশ। সন্দেহজনক ফোন পেলে সংশ্লিষ্ট সংস্থা বা ব্যাংকের স্বাধীনভাবে যাচাই করা ফোন নম্বরে যোগাযোগ এবং দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন