০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ নিউইয়র্কে এক মাসে ২,১৯৭ অভিবাসী আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প


দেশকে পপি
চলচ্চিত্র আমার কাছে সম্মানের জায়গা, পাপের নয়
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
চলচ্চিত্র আমার কাছে সম্মানের জায়গা, পাপের নয় সাদিকা পারভীন পপি


দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। স্বামী-সন্তান ও সংসার নিয়ে বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে একটি বক্তব্য ও ফটোকার্ড ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে ওই বক্তব্য পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। নিউইয়র্ক থেকে প্রকাশিত ও প্রচারিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পপি। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার নামে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে আপনি বলেছেন ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ বিষয়টি কি সত্য?

সাদিকা পারভীন পপি: আমি কোথাও কিন্তু এই কথাটা বলিনি। আমার নামে যা ছড়ানো হচ্ছে, এসব সম্পূর্ণ ভুল ও মিথ্যা। কোনো যাচাই-বাছাই ছাড়া এ ধরনের একটা বক্তব্য আমার নামে যারা ছড়িয়েছেন, তারা অন্যায় করেছেন, তারাই পাপ করেছেন। বরং ফিল্ম করে আমি সুনাম, সম্মান, রাষ্ট্রীয় সম্মান এবং দর্শকের ভালোবাসা পেয়েছি। আমার ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। ভুল কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে কোনো শিল্পীকে ছোট করা উচিত নয়।

প্রশ্ন: আপনার এই বক্তব্য দাবি করে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেখানে মন্তব্য করেছিলেন চিত্রনায়ক বাপ্পারাজও। বিষয়টি আপনার কেমন লেগেছে?

সাদিকা পারভীন পপি: সবচেয়ে খারাপ লেগেছে, বাপ্পারাজ ও জয় ভাইয়ের মতো মানুষেরা আমি এ ধরনের কথা বলতে পারি, তা বিশ্বাস করেছেন! এমন কথাকে বিশ্বাস করে তারা তাদের মতামত দিয়েছেন। আমি খুব কষ্ট পেলাম। অথচ একজন শিল্পী রাতারাতি তৈরি হন না; দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে তার অবস্থান তৈরি হয়। তাই কোনো শিল্পীকে নিয়ে কিছু লেখার আগে তার বক্তব্য ও অবস্থান বোঝার চেষ্টা করা উচিত।

প্রশ্ন: তাহলে অভিনয় পেশা বা চলচ্চিত্রকে আপনি কীভাবে দেখেন?

সাদিকা পারভীন পপি: চলচ্চিত্র আমার কাছে বরাবরই সম্মানের জায়গা। অভিনয়কে কখনোই আমি পাপ হিসেবে দেখিনি। জীবিকার তাগিদে অভিনয় করেছি এবং সেই কাজের মাধ্যমে সম্মান ও ভালোবাসা পেয়েছি। এটা আমার পেশা। অভিনয় করে যে সম্মান ও সম্মানী পেয়েছি, তাতে আমার সংসার যেমন চলেছে, দেশ-বিদেশের মানুষের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। চলচ্চিত্রের প্রতিটা মানুষের ইনকাম আমি মনে করি রক্ত পানি করা টাকা, শতভাগ হালাল। অনেক কষ্ট করতে হয় একটা ছবি করতে গেলে। এখানকার প্রতিটা মানুষের ইনকামই হালাল, ভুল ব্যাখ্যা করার এখানে কোনো সুযোগই নেই।

প্রশ্ন: তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় কাদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে?

সাদিকা পারভীন পপি: প্রায় তিন দশক সিনেমায় দিয়েছি। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। রাজ্জাক ভাই, আলমগীর ভাই, কবরী আপা, শাবানা আপা, ববিতা আপা এবং অনেক বড় মাপের অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছি। নিজেকে নিয়ে অনেক গর্ব করি, আমি এই ইন্ডাস্ট্রির মানুষ। এই ইন্ডাস্ট্রি আমার পরিবার। সিনেমা ভালো না বাসলে, সম্মান না পেলে তো কাজ করতে পারতাম না।

প্রশ্ন: অতীতে পরিবার নিয়ে আপনার কিছু কষ্টের কথা শোনা গিয়েছিল, সেটির সঙ্গে কি এই বক্তব্যের কোনো যোগসূত্র থাকতে পারে?

সাদিকা পারভীন পপি: অভিনয় করতে গিয়ে কিছু অমানুষও লালনপালন করেছি। নিজের জন্য কিছু না করে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেটা আমার জন্য পাপ ছিল। পরিবারের প্রতি ক্ষোভ থেকে অনেক আগে কিছু কথা বলেছিলাম। কিন্তু সেই বক্তব্যকে এখন ভিন্ন অর্থে উপস্থাপন করে অপমানের চেষ্টা করা হচ্ছে। সিনেমা ও অভিনয় অঙ্গন বরাবরই আমার কাছে শ্রদ্ধার জায়গা। সেই জায়গাকে কখনো আমি ছোট করতে পারব না।

প্রশ্ন: বর্তমানে তো আপনি অভিনয়ে নেই, ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের প্রতি আপনার বার্তা কী?

সাদিকা পারভীন পপি: আমি এখন সিনেমায় কাজ করি না, ঠিক আছে। তার মানে এই নয় যে আমাকে নিয়ে যা তা বলা ঠিক হবে। সিনেমা করছি না বলে আমার সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে? এত বছর যা অর্জন করেছি, তা মৃত্যুর আগপর্যন্ত থাকবে। যেমন শাবানা ম্যাডাম অনেক বছর ধরে ফিল্মে কাজ করেন না, তাই বলে কি তার প্রাপ্য সম্মান দেব না? কাজ করছি না বলে এখন আমাকেও অসম্মান করা হবে! ভক্ত ও সহকর্মীদের অনুরোধ করব, অন্যের মনগড়া কথা শুনে যেন আমাকে ভুল না বোঝেন। মৃত্যুর আগ পর্যন্ত সিনেমার মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটা বাজে শব্দ বের হবে না। কারণ, আমি যত দিন কাজ করেছি, সম্মানের সঙ্গে মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।

শেয়ার করুন