১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:২৫:৪৯ পূর্বাহ্ন


১০ লাখ ‘ওবামাকেয়ার’ গ্রাহককে ৫০০ ডলার ফেরত দেওয়ার ঘোষণা ট্রাম্পের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৬
১০ লাখ ‘ওবামাকেয়ার’ গ্রাহককে ৫০০ ডলার ফেরত দেওয়ার ঘোষণা ট্রাম্পের ডালাসে রিপাবলিকান কনভেনশনে বুধবার বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৩০টি স্টেটের আনুমানিক ১০ লাখ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামাকেয়ার গ্রাহককে জনপ্রতি ৫০০ ডলার করে ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। গত ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউসের এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ৩০টি স্টেটের প্রায় ১০ লাখ ওবামাকেয়ার গ্রাহককে জনপ্রতি ৫০০ ডলার করে রিফান্ড চেক দেওয়া হবে। হোয়াইট হাউসের দাবি, স্বাস্থ্যবিমা এক্সচেঞ্জের ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল। আগামী মাস থেকে এ অর্থ ফেরত দেওয়া শুরু হতে পারে। ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, যারা অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন তাদের অর্থ ফেরত দেওয়ার মাধ্যমে এ উদ্যোগ শুরু হচ্ছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই রিফান্ড পাঠানো হবে। তবে এ সুবিধা সব ওবামাকেয়ার গ্রাহকের জন্য নয়। যারা প্রিমিয়াম সহায়তা বা ভর্তুকি পান না এবং নিজের স্বাস্থ্যবিমার পুরো প্রিমিয়াম পরিশোধ করেন, তারাই মূলত এ রিফান্ডের আওতায় থাকবেন।

হোয়াইট হাউসের তথ্যমতে, আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, আরকানসাস, ডেলাওয়্যার, ফ্লোরিডা, হাওয়াই, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, মিশিগান, মিসিসিপি, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, ওরেগন, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন ও ওয়াইওমিংয়ের যোগ্য গ্রাহকেরা এই অর্থ পেতে পারেন। ট্রাম্প তার বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অর্থ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ করেছেন। হোয়াইট হাউসের দাবি, বীমা কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া ব্যবহারকারী ফি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত ছিল, যা গ্রাহকদের সুবিধায় ব্যবহার করা হয়নি।

তবে স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞরা এই দাবির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান কেএফএফের কর্মকর্তা সিনথিয়া কক্স বলেছেন, ট্রাম্প প্রশাসন যে অর্থ থেকে রিফান্ড দেওয়ার কথা বলছে, তার একটি অংশ ট্রাম্পের প্রথম মেয়াদে বীমা কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করা ফি থেকেও আসতে পারে। কেএফএফের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় সংগৃহীত ফি থেকে প্রায় ১ বিলিয়ন ডলার অব্যবহৃত ছিল। এখনো পরিষ্কার নয়, প্রত্যেক গ্রাহক আসলে কত টাকা অতিরিক্ত পরিশোধ করেছিলেন, ৫০০ ডলারের নির্দিষ্ট অঙ্কটি কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং রিফান্ড বিতরণের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না।

ট্রাম্প প্রশাসনের এ ঘোষণা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমার খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। কোভিড-১৯ মহামারির সময় চালু হওয়া অতিরিক্ত স্বাস্থ্যবিমা ভর্তুকি শেষ হয়ে যাওয়ার পর অনেক গ্রাহকের প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে কিছু মানুষ কম খরচের বীমা পরিকল্পনায় চলে গেছেন, আবার কেউ কেউ খরচ বহন করতে না পেরে ওবামাকেয়ার থেকে বেরিয়ে গেছেন। বর্তমানে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের স্বাস্থ্যবিমা এক্সচেঞ্জের মাধ্যমে বিমা সুবিধা পাচ্ছেন। তবে তাদের সবাই ৫০০ ডলারের রিফান্ড পাবেন না। ঘোষিত অর্থ মূলত নির্দিষ্ট ৩০টি স্টেটের যোগ্য গ্রাহকদের জন্য প্রযোজ্য।

শেয়ার করুন