০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


দেশকে ফেরদৌস আরা
আব্বা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৬
আব্বা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই ফেরদৌস আরা


নজরুলসংগীত শিল্পী হিসেবেই শ্রোতাদের কাছে তার মূল পরিচিতি। তবে দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন সময়ে শ্রোতাদের অনুরোধে আধুনিক গানও গেয়েছেন তিনি, যা বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। দীর্ঘ ৩১ বছর পর নতুন আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন গুণী শিল্পী ফেরদৌস আরা। নতুন অ্যালবাম ও ফেরার পেছনের গল্প নিয়ে তিনি কথা বলেছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির 

প্রশ্ন: দীর্ঘ ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন। এতো দীর্ঘ বিরতির পর হঠাৎ আধুনিক গানের অ্যালবামে ফেরার পেছনের গল্পটা কী?

ফেরদৌস আরা: গল্পটা আসলে বেশ পেছনের। ১৯৭২ সালে যখন বিটিভিতে অডিশন দিই, তখন নজরুল ও আধুনিক-দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলাম। কিন্তু আমার আব্বা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই। আব্বার ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি নজরুলসংগীত নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছিলাম। তবে বিভিন্ন সময়ে অনুরোধে আধুনিক গান যে একেবারেই গাইনি, তা নয়। চলচ্চিত্রে, নাটকে এবং বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক গান গেয়েছি।

পরবর্তী সময়ে ১৯৯৫ সালে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে ‘মনের পাখি কথা কয়’ নামে আমার একটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। এরপর আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল।

প্রশ্ন: তাহলে এ মুহূর্তে এসে নতুন করে অ্যালবাম করার সিদ্ধান্ত কীভাবে নিলেন?

ফেরদৌস আরা: মাসখানেক আগের কথা। ‘আহা কী সুন্দর ঘুড়ি’ নামে একটি আধুনিক গান রেকর্ড করছিলাম। গানটি রেকর্ড করার সময়ই হঠাৎ মনে হলো, নতুন করে আধুনিক গানের একটা পুরো অ্যালবাম করলে কেমন হয়? সে ভাবনাটা মাথায় আসার পর আর দেরি করিনি, দ্রুত কাজ শুরু করে দিই।

প্রশ্ন: আপনার নতুন এ অ্যালবামটি সম্পর্কে কিছু বলুন। শ্রোতারা এতে কী ধরনের গান পাবেন?

ফেরদৌস আরা: অ্যালবামের প্রাথমিক নাম রেখেছি ‘প্রেম’। তবে প্রকাশের আগে নাম পরিবর্তনও হতে পারে। অ্যালবামে মোট ১০টি গান রাখার পরিকল্পনা আছে, যার মধ্যে ইতিমধ্যে পাঁচটি গানের কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাকি গানগুলোর কাজও শিগগিরই শেষ হয়ে যাবে। নতুন অ্যালবামের গানগুলোর কথা ও সুরে বর্তমান সময়ের শ্রোতাদের পছন্দের বিষয়গুলোকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশ্ন: বর্তমান সময়ের শ্রোতাদের পছন্দের কথা বললেন, প্রবীণ শিল্পী হিসেবে নতুন প্রজন্মের পছন্দকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?

ফেরদৌস আরা: সময় ও শ্রোতাদের রুচি সব সময়ই পরিবর্তনশীল। একজন শিল্পী হিসেবে আমাদের কাজ হলো নিজের মৌলিকত্ব ধরে রেখে সব প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছানো। এ অ্যালবামে আমরা চেষ্টা করেছি এমন কিছু সুর ও কথা তৈরি করতে, যা আজকের তরুণদের মনের মতো হবে, আবার গানগুলোর গভীরতাও বজায় থাকবে।

প্রশ্ন: অ্যালবামটি শ্রোতারা কীভাবে শুনতে পাবেন? প্রকাশের পুরো পরিকল্পনাটি কেমন?

ফেরদৌস আরা: অ্যালবামটি অডিও আকারে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে। তবে শুধু অডিওতেই আমরা সীমাবদ্ধ থাকছি না। আমাদের পরিকল্পনা আছে অ্যালবামের প্রতিটি গানেরই ভিডিও নির্মাণ করার। একে একে গানগুলোর মিউজিক ভিডিও তৈরি করে শ্রোতা-দর্শকদের জন্য প্রকাশ করা হবে।

প্রশ্ন: সবশেষে জানতে চাই, দীর্ঘ বিরতির পর এ আধুনিক গানের অ্যালবাম নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু?

ফেরদৌস আরা: প্রত্যাশা সব সময়ই ইতিবাচক। যেহেতু অনেক বছর পর আধুনিক গানের অ্যালবামে হাত দিয়েছি এবং বর্তমান সময়ের শ্রোতাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। শ্রোতারা ভালোবাসা দিলেই আমাদের এ দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হবে।

শেয়ার করুন