০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ এপ্রিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১৫ এপ্রিল ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)


যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের বার্ষিক আয়কর জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ১৫ এপ্রিল, যা আর মাত্র দুই সপ্তাহ দূরে। যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তাদের দ্রুত প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন কর ও আর্থিক বিশেষজ্ঞরা।

২০২৫ সালের কর মৌসুমের শেষ সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে করদাতাদের মধ্যে ব্যস্ততা বেড়েছে। নির্ধারিত সময়সীমার আগে রিটার্ন দাখিল ও কর পরিশোধ নিশ্চিত করতে নানা প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। আইআরএস এর তথ্যমতে, চলতি বছরে প্রায় ১৪ কোটি ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন জমা পড়বে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আইআরএস ও ফেডারেল সরকারের অভ্যন্তরীণ কিছু অস্থিরতা নিয়ে উদ্বেগ থাকলেও এবারের ট্যাক্স মৌসুম মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। অনেকেই চিন্তিত ছিলেন এ বছর ট্যাক্স প্রক্রিয়া কেমন হবে; তবে বাস্তবে বড় ধরনের কোনো কর পরিবর্তন হয়নি, যা ফাইলিং প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

ফেডারেল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। অধিকাংশ অঙ্গরাজ্যও একই সময়সীমা অনুসরণ করে, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা সহজেই ছয় মাসের জন্য এক্সটেনশনের আবেদন করতে পারেন। ১৫ এপ্রিলের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময় প্রয়োজন হলে এক্সটেনশন নেওয়া যেতে পারে। তাড়াহুড়ো করে ভুল করার চেয়ে এটি অনেক ভালো সিদ্ধান্ত।

আইআরএস এর ওয়েবসাইটের মাধ্যমে এক্সটেনশনের আবেদন করলে নতুন সময়সীমা হয় ১৫ অক্টোবর। তবে মনে রাখতে হবে, এই বাড়তি সময় শুধুমাত্র রিটার্ন জমা দেওয়ার জন্য, কর পরিশোধের জন্য নয়। যদি কারও কর বকেয়া থাকে, তাহলে তা ১৫ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে; অন্যথায় সুদ ও জরিমানা প্রযোজ্য হতে পারে।

কিছু বিশেষ ক্ষেত্রে করদাতারা অতিরিক্ত সময় পেতে পারেন। যেমন, সাম্প্রতিক ক্যালিফোর্নিয়ার দাবানল বা দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আইআরএস অতিরিক্ত সময়সীমা নির্ধারণ করেছে। এসব ক্ষেত্রে করদাতাদের আলাদা করে আবেদন না করলেও স্বয়ংক্রিয়ভাবে সময় বাড়ানো হতে পারে।

ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এখনই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রিটার্ন দাখিল করা উচিত। ই ফাইলিং পদ্ধতি ব্যবহার করলে ভুল কম হয় এবং দ্রুত রিফান্ড পাওয়ার সম্ভাবনাও বাড়ে। সব মিলিয়ে, করদাতাদের জন্য বার্তা একটাই সময় থাকতে প্রস্তুতি নিন, প্রয়োজনে এক্সটেনশন নিন, তবে কর পরিশোধের ক্ষেত্রে দেরি করবেন না।

শেয়ার করুন