ফেডারেল স্টুডেন্ট এইড বা ফাফসা
নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ফেডারেল স্টুডেন্ট এইড বা ফাফসা, নিউইয়র্ক স্টেট টিউশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ট্যাপ এবং নিউইয়র্ক স্টেট সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিকস ইনসেনটিভ প্রোগ্রাম বা স্টেম-এর আবেদন শুরু হয়েছে। এসব ফেডারেল ও স্টেট সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের খরচে হাজার হাজার ডলার সাশ্রয়ের সুযোগ পাবেন।
গভর্নর ক্যাথি হোচুল শিক্ষার্থীদের দ্রুত আর্থিক সহায়তার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন। স্টেটের তথ্য অনুযায়ী, গত বছর নিউইয়র্কে ২২৬ মিলিয়ন ডলারের বেশি কলেজ আর্থিক সহায়তা শিক্ষার্থীরা আবেদন না করায় অব্যবহৃত থেকে গেছে।
১৯৭৪ সালে চালুর পর থেকে ট্যাপের মাধ্যমে প্রায় ৩১ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছেন ৬৩ লাখ নিউইয়র্কবাসী। শুধু ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই ২ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ৭৭ কোটি ৮০ লাখ ডলারের বেশি ট্যাপ সহায়তা দেওয়া হয়েছে।
ট্যাপের আওতা সম্প্রসারণের ফলে আরো বেশি শিক্ষার্থী এই সহায়তার যোগ্য হয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নির্ভরশীল শিক্ষার্থীদের পরিবারের আয়ের সর্বোচ্চ সীমা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার ডলার করা হয়েছে। নির্ভরশীল সন্তান নেই এমন বিবাহিত শিক্ষার্থীদের সীমা ৩০ হাজার থেকে ৬০ হাজার ডলার এবং নির্ভরশীল সন্তানহীন অবিবাহিত স্বনির্ভর শিক্ষার্থীদের সীমা ১০ হাজার থেকে ৩০ হাজার ডলার করা হয়েছে। এতে প্রায় ৪৮ হাজার নতুন শিক্ষার্থী ট্যাপের আওতায় এসেছে।
স্টেম ইনসেনটিভ প্রোগ্রাম নিউইয়র্কের হাইস্কুলের শীর্ষ ১০ শতাংশ শিক্ষার্থীকে অনুমোদিত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের ডিগ্রি প্রোগ্রামে পড়ার জন্য টিউশন সহায়তা দেয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ হাজার ২৩৭ শিক্ষার্থীকে মোট ৭৬ লাখ ৫০ হাজার ডলার স্টেম সহায়তা দেওয়া হয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আগ্রহী হাইস্কুল সিনিয়রদের ১৫ আগস্ট ২০২৭-এর মধ্যে আবেদন করতে হবে।
ফাফসা পূরণ করলে ফেডারেল পেল গ্র্যান্ট, ওয়ার্ক-স্টাডি ও শিক্ষাঋণসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার জন্য শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয়। কিছু স্টেট ও কলেজভিত্তিক আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও ফাফসা গুরুত্বপূর্ণ। নিউইয়র্কের শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ১৪ লাখের বেশি ফাফসা আবেদন জমা দিয়েছেন, যা আগের শিক্ষাবর্ষের তুলনায় ১০.২৫ শতাংশ বেশি।
২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ও ট্যাপ আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৮। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ফাফসা ও ট্যাপের আবেদন করতে হলে ৩০ জুন ২০২৭-এর মধ্যে তা জমা দিতে হবে।
এদিকে অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে নিউইয়র্কের কলেজ অ্যাপ্লিকেশন ইনিশিয়েটিভের আওতায় স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বা সানি, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বা কুনি এবং অংশগ্রহণকারী বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আবেদন ফি মওকুফ করবে। বিশেষ করে পরিবারের প্রথম প্রজন্মের কলেজ শিক্ষার্থী এবং কম সুযোগ-সুবিধা পাওয়া পরিবারের শিক্ষার্থীদের কলেজে আবেদন ও আর্থিক সহায়তার প্রক্রিয়ায় সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য। স্টেটের কর্মকর্তারা শিক্ষার্থীদের কলেজে আবেদন করার পাশাপাশি ফাফসা, ট্যাপ ও স্টেমের জন্য দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন, যাতে প্রাপ্য আর্থিক সহায়তা থেকে কেউ বঞ্চিত না হন।