ইউএস সিনেট
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে। বর্তমানে রিপাবলিকানদের হাতে ৫৩টি এবং ডেমোক্র্যাটদের হাতে ৪৭টি সিনেট আসন রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের নিজেদের সব আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের কাছ থেকে অন্তত চারটি আসন ছিনিয়ে নিতে হবে। ২৩ সেপ্টেম্বরের কুক পলিটিক্যাল রিপোর্ট অনুযায়ী, সিনেট নিয়ন্ত্রণের লড়াই এখন টস-আপ পর্যায়ে বা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে অর্থাৎ দুই দলেরই সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা ধরে রাখার বাস্তবসম্মত পথ রয়েছে। কুকের রেটিংয়ে সাতটি আসনকে টস-আপ হিসেবে রাখা হয়েছে: আলাস্কা, আইওয়া, মেইন, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, ওহাইও ও টেক্সাস।
ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে জর্জিয়া, আইওয়া ও টেক্সাসে। জর্জিয়ায় ডেমোক্র্যাট সিনেটর জন অসফের পুনর্নির্বাচন এখন কুকের হিসাবে লাইকেলি ডেমোক্র্যাটিক শ্রেণিতে রয়েছে। রিপাবলিকানরা শুরুতে আসনটি দখলের অন্যতম সুযোগ হিসেবে দেখলেও রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে ঘিরে বিভিন্ন বিতর্কের পর প্রতিযোগিতার চিত্র বদলেছে।
টেক্সাসে ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমস তালারিকো রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের মুখোমুখি হয়েছেন। রিপাবলিকান প্রাইমারিতে সিনেটর জন কর্নিনকে পরাজিত করে প্যাক্সটন মনোনয়ন পাওয়ার পর প্রতিযোগিতাটি জাতীয় পর্যায়ে গুরুত্ব পেয়েছে। বিভিন্ন জরিপে তালারিকো এগিয়ে থাকার তথ্যও এসেছে, যদিও জরিপভেদে ব্যবধান ভিন্ন।
আইওয়াতেও প্রতিযোগিতা টস-আপে রয়েছে। ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ ও সাবেক প্যারালিম্পিক অ্যাথলেট জশ টুরেক রিপাবলিকান অ্যাশলি হিনসনের বিরুদ্ধে লড়ছেন। অবসর নেওয়া রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্টের আসনটি এবার উন্মুক্ত রয়েছে। ট্যারিফের প্রভাব ও অর্থনৈতিক চাপ নিয়ে ভোটারদের অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা করছেন টুরেক।
কানসাসেও প্রতিযোগিতা নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প রাজ্যটিতে ১৬ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হলেও ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের প্রচারণা কিছু রিপাবলিকানকে উদ্বিগ্ন করেছে। তবে কুক পলিটিক্যাল রিপোর্ট এখনো রিপাবলিকান সিনেটর রজার মার্শালের আসনকে ‘লিন রিপাবলিকান’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
নর্থ ক্যারোলিনাও গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ডে পরিণত হয়েছে। ডেমোক্র্যাট গভর্নর রয় কুপার রিপাবলিকান মাইকেল হোয়াটলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুকের রেটিংয়ে এই আসন ‘লিন ডেমোক্রেটিক’ এবং সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও কুপার এগিয়ে থাকার তথ্য এসেছে।
মিশিগানের সিনেট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা বেশ ঘনিষ্ঠ। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও রিপাবলিকান সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি জরিপে এল-সাইয়েদ সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যবধান এতোটাই কম যে ফলাফলকে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ওয়াশিংটন পোস্ট-শার স্কুলের সাম্প্রতিক জরিপে এল-সাইয়েদ ৪৮ শতাংশ এবং রজার্স ৪৫ শতাংশ সমর্থন পেয়েছেন। ফলে মিশিগানের আসনটি বর্তমানে অন্যতম ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এল-সাইয়েদ প্রাইমারি জয়ের পর ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, আর রজার্সের প্রচারণায় অভিজ্ঞতা ও রিপাবলিকান ভোটব্যাংককে গুরুত্ব দেওয়া হচ্ছে। নভেম্বরের নির্বাচনে এই আসনের ফল সিনেটের সামগ্রিক ক্ষমতার ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে।
নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট ক্রিস পাপ্পাস ও রিপাবলিকান জন সুনুনুর প্রতিদ্বন্দ্বিতাও ঘনিষ্ঠ। কুকের হিসাবে নিউ হ্যাম্পশায়ারও টস-আপ।
আলাস্কায় ডেমোক্র্যাট সাবেক কংগ্রেসওম্যান মেরি পেল্টোলা রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে লড়ছেন। রাজ্যটির র্যাঙ্কড-চয়েস ভোটিং ব্যবস্থা এবং জ্বালানির উচ্চমূল্য নির্বাচনী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিরুদ্ধে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেমোক্র্যাট প্রার্থী গ্রাহাম প্ল্যাটনার সরে দাঁড়ানোর পর জ্যাকসন মনোনয়ন পান। কুকের রেটিংয়ে মেইনের আসনটি এখন টস-আপ।
ওহাইওতে সাবেক দীর্ঘদিনের ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নেব্রাস্কায় স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন রিপাবলিকান সিনেটর পিট রিকেটসের বিরুদ্ধে লড়ছেন। মিনেসোটায় ডেমোক্র্যাট লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান রিপাবলিকান মিশেল তাফোয়াকে মোকাবিলা করছেন।
কুক পলিটিক্যাল রিপোর্টের ২৩ সেপ্টেম্বরের বিশ্লেষণে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা এখন এক থেকে পাঁচটি পর্যন্ত আসন বাড়াতে পারে—যদিও সিনেটের নিয়ন্ত্রণ নিতে তাদের অন্তত চারটি আসন নেট লাভ করতে হবে। একই সঙ্গে রিপোর্টটি সতর্ক করেছে, রিপাবলিকানদের আর্থিক সুবিধা এবং গভীরভাবে রিপাবলিকান রাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের লড়াইয়ের প্রয়োজনীয়তা এখনো বড় বিষয়।
ফলে নভেম্বরের নির্বাচনের আগে জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, টেক্সাস, আইওয়া, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, মেইন, আলাস্কা ও ওহাইওএই স্টেট গুলোর ফল সিনেটের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান রেটিংগুলো প্রতিযোগিতার চিত্র তুলে ধরছে, তবে নির্বাচনের ফলাফল এখনো অনিশ্চিত।