ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্টেট ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিলে স্বাক্ষর করেন গভর্নর গ্যাভিন নিউসম
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্টেট আইনে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসম অ্যাসেম্বলি বিল, ২০১৭ (এবি ২০১৭)-এ স্বাক্ষর করার পর এ দুই ইসলামি উৎসব এখন ক্যালিফোর্নিয়ার স্টেট আইনে স্বীকৃত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। গভর্নরের গত ২৭ সেপ্টেম্বরের আইন স্বাক্ষরসংক্রান্ত ঘোষণায় এবি ২০১৭-কে স্টেট হলিডেজ : ঈদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানি প্রস্তাবিত এবি ২০১৭-তে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে রাজ্যের ছুটির তালিকায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ছুটিকে বিচারিক ছুটি হিসেবে গণ্য না করার বিধান রাখা হয়েছে। নতুন আইনের অধীনে ক্যালিফোর্নিয়ার স্টেট কর্মীরা ঈদের দিন পালনের জন্য বিদ্যমান ব্যক্তিগত ছুটি, ভ্যাকেশন, বার্ষিক ছুটি বা ক্ষতিপূরণমূলক ছুটির সময় থেকে ৮ ঘণ্টা ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ ঈদ পালনের জন্য নতুন কোনো আলাদা বেতনসহ ছুটি তৈরি করা হয়নি; বরং বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করার আইনি সুযোগ দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও আইনে পরিবর্তন আনা হয়েছে। স্থানীয়ভাবে কর্মী ও কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা থাকলে কে-১২ স্কুল ও কমিউনিটি কলেজ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বন্ধ রাখতে পারবে। ঈদ পালনের কারণে শিক্ষার্থীদের অনুপস্থিতিও নির্দিষ্ট পরিস্থিতিতে অনুমোদিত ছুটির আওতায় পড়বে।
আইনটি প্রস্তাবের সময় এর উদ্যোক্তা অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোকে স্টেট আইনে স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী, ঈদের স্বীকৃতি মুসলিম পরিবারগুলোকে ধর্মীয় উৎসব পালনের সময় অপ্রয়োজনীয় কর্মক্ষেত্র বা শিক্ষাগত বাধার মুখে পড়া থেকে রক্ষা করতে সহায়তা করবে।
বিলটি ক্যালিফোর্নিয়ার মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা (কেয়ার), ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিলের সহযোগিতায় এগিয়ে নেওয়া হয়। আইনটি চূড়ান্তভাবে পাস হওয়ার পর কেয়ার-ক্যালিফোর্নিয়া জানায়, স্টেটের ১০ লাখের বেশি মুসলিম বাসিন্দার জন্য ঈদ পালনের ক্ষেত্রে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের একটি বাস্তব সমস্যার সমাধানে এটি সহায়ক হবে।
কেয়ার-সিএর প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাম আইলুশ বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের ধর্মীয় উৎসব পালন এবং শিক্ষা বা চাকরির দায়িত্বের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার মতে, নতুন আইন সেই কাঠামোগত বাধা কমাবে। ক্যালিফোর্নিয়ার আইনসভা ৩০ আগস্ট এবি ২০১৭ চূড়ান্তভাবে পাস করে এবং ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের কাছে পাঠানো হয়। পরে গভর্নর নিউসম এতে স্বাক্ষর করেন।
এবি ২০১৭ কার্যকর হওয়ার ফলে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এখন ক্যালিফোর্নিয়ার স্টেট আইনে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। তবে এর অর্থ এই নয় যে, স্টেটের সব বেসরকারি প্রতিষ্ঠান বা সব সরকারি দফতরকে বাধ্যতামূলকভাবে ওই দুদিনে বন্ধ রাখতে হবে। বরং আইনটি সরকারি কর্মীদের বিদ্যমান ছুটি ব্যবহারের সুযোগ এবং স্থানীয় সমঝোতার ভিত্তিতে স্কুল ও কমিউনিটি কলেজ বন্ধ রাখার আইনি কাঠামো তৈরি করেছে।