১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :


নিউজার্সিতে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
নিউজার্সিতে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েকটি খন্ডচিত্র


বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর নিউ জার্সির প্যাটারসনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলা ও কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় জাতীয়তাবাদী পরিবারের এক মিলনমেলায়।

নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাচ্চু পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও আমেরিকা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, নিউজার্সি বিএনপি'র প্রধান উপদেষ্ঠা আলাউর খন্দকার, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাইদ আহমদ, বিএনপি নেতা আব্দুস সবুর, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, নিউইয়র্ক বিএনপি নেতা রিপন মিয়া, মিলনমেলার আহ্বায়ক জয়নুল হক এবং সদস্য সচিব আমির উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়া ও সিটি কাউন্সিলম্যান শাহীন খালিক। স্বাগতিক বক্তব্য রাখেন প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী। নিউজার্সি স্টেট বিএনপির সহ-সভাপতি সৈয়দ খালিদ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো মিলনমেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। এ সময় উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। দলীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দিনব্যাপী ছিল বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরুষ মহিলা ও ছেলে-মেয়েদের হরেক রখমের খেলাধুলা, আকর্ষণীয় র‌্যাপল ড্র, সকালের নাস্তা ও দুপুরের খাবার।

বিপুল উৎসাহ-উদ্দীপনা, নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন