২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ নোয়াখালীর সোহাগের মৃত্যু ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ ফিলাডেলফিয়ার মসজিদে অগ্নিবোমা হামলা : গ্রেফতার ভিনসেন্ট ল্যাং নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র ইতিহাসের দ্বারপ্রান্তে আবদুল এল-সায়েদ নিউইয়র্কে ২.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি, পর্যটন ও ব্যবসায় বড় সাফল্য টেক্সাসে মুসলিম শিক্ষাবিদের মামলা গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযানে ব্যাপক নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এসিএলইউর প্রতিবেদনে গ্রিনকার্ড মূল্যায়নে মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও আবাসন সহায়তা বিবেচনায় নেবে ট্রাম্প প্রশাসন


দেশকে নুসরাত ফারিয়া
শিল্পী হিসেবে ভালো গল্প আর অভিনয়টাই মূল
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
শিল্পী হিসেবে ভালো গল্প আর অভিনয়টাই মূল নুসরাত ফারিয়া


গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে রূপালী পর্দা মাতানোর পর এবার ওটিটির আঙিনায় নতুন চমক নিয়ে আসছেন নুসরাত ফারিয়া। ‘যদি কিন্তু তবুও’ ও ‘পাতালঘর’এর সাফল্যের পর এই তারকা অভিনেত্রী যুক্ত হয়েছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’তে। নতুন এই প্রজেক্ট, ওটিটির কাজের অভিজ্ঞতা, সম্প্রতি প্রকাশিত গান এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেবে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সাথে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: ওটিটিতে আপনার নতুন কাজ নিয়ে বেশ চর্চা হচ্ছে। নতুন এই প্রজেক্টটি সম্পর্কে জানতে চাই।

নুসরাত ফারিয়া: একদম! ‘যদি কিন্তু তবুও’ এবং ‘পাতালঘর’-এর পর আবার নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি। সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’। পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এটি মূলত একটি কমেডি-থ্রিলার ঘরানার কাজ।

প্রশ্ন: ওটিটিতে তো আপনার কাজের অভিজ্ঞতা খুব বেশি নয়। এই গল্পটি বেছে নেওয়ার বিশেষ কোনো কারণ আছে কি?

নুসরাত ফারিয়া: ওটিটি প্ল্যাটফর্মে মানসম্মত কাজ করার সুযোগ থাকে। ‘লাপাত্তা’র গল্পটি খুবই চমৎকার এবং ভিন্ন ধাঁচের যেখানে থ্রিলারের পাশাপাশি বেশ মজার সব এলিমেন্ট বা কমেডিও আছে। তাছাড়া সহশিল্পী হিসেবে শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খানের মতো চমৎকার অভিনেতাদের পাচ্ছি, যা কাজের আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে।

প্রশ্ন: আপনার আগের দুটি ওটিটি কাজের অভিজ্ঞতা তো একটু ভিন্ন ছিল। সে অভিজ্ঞতা নতুন কাজের ক্ষেত্রে কতটা কাজে দিচ্ছে?

নুসরাত ফারিয়া: আমার প্রথম ওটিটি কাজ ছিল শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’। এরপর ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও আমরা কিন্তু সেটা মূলত বড় পর্দার জন্যই নির্মাণ করেছিলাম। পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটিতে আনা হয়। সেই অভিজ্ঞতাগুলো আমাকে ওটিটির দর্শকদের পছন্দ ও কনটেন্টের ধরন বুঝতে অনেক সাহায্য করেছে, যা ‘লাপাত্তা’র প্রস্তুতিতে ভীষণ কাজে দিচ্ছে।

প্রশ্ন: পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এটি প্রথম ওয়েব ফিল্ম। কাজের প্রস্তুতি কেমন চলছে এবং কবে নাগাদ দর্শকরা এটি দেখতে পাবেন?

নুসরাত ফারিয়া: হ্যাঁ, যদিও বড় পর্দায় উনার অভিজ্ঞতা দারুণ (বরবাদ), তবে এটিই উনার প্রথম ওয়েব ফিল্ম। আমরা এখন পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ করছি। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রশ্ন: বড় পর্দায় আপনার শেষ সিনেমা ছিল ‘জ্বীন থ্রি’। চলচ্চিত্রের কাজ আর ওটিটির কাজের মাঝে ব্যালেন্স করছেন কীভাবে?

নুসরাত ফারিয়া: একজন শিল্পী হিসেবে মাধ্যম যাই হোক, ভালো গল্প আর অভিনয়টাই মূল বিষয়। ‘জ্বীন থ্রি’এর পর নতুন কোনো প্রজেক্ট বেছে নিতে সময় নিচ্ছিলাম কারণ মানসম্মত কনটেন্ট দিয়েই দর্শকহৃদয়ে থাকতে চাই। ওটিটির পরিসর এখন অনেক বড়, তাই কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড় না দিয়ে সিনেমা আর ওয়েব ফিল্ম দুই মাধ্যমেই ভালো কাজ করার চেষ্টা করছি।

প্রশ্ন: অভিনয় ও ওটিটি কাজের পাশাপাশি আপনার গান নিয়েও সম্প্রতি বেশ আলোচনা হয়েছে...

নুসরাত ফারিয়া: হ্যাঁ, গত কোরবানির ঈদে আমার গাওয়া ‘লোকে বলে’ গানটি প্রকাশ পেয়েছিল। বাঁধনের লেখায় লোকসংগীত ও আধুনিক পপের চমৎকার একটি ফিউশন তৈরি করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। দর্শক-শ্রোতাদের কাছ থেকে গানটির খুব ভালো সাড়াও পেয়েছি!

শেয়ার করুন