রুনা লায়লা
দিল্লিতে সম্মাননা গ্রহণের আনন্দের মাঝেই মৃত্যুর গুজব নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন খবরে বিভ্রান্ত ভক্তদের আশ্বস্ত করে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। একইসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোকে বড় ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান এই কিংবদন্তি। এই বিষয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির
প্রশ্ন: অভিনন্দন! দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পেলেন। এই প্রাপ্তি নিয়ে আপনার অনুভূতি কী?
রুনা লায়লা: অনেক ধন্যবাদ। যেকোনো স্বীকৃতিই আনন্দের, আর মিনার-ই-দিল্লি সম্মাননাটি বেশ মর্যাদাপূর্ণ। দিল্লির এই আয়োজনে অংশ নিতে পেরে এবং সবার ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত। কিন্তু এই আনন্দের রেশ কাটতে না কাটতেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হলো।
প্রশ্ন: আপনি ঠিক কোন পরিস্থিতির কথা বলছেন? সামাজিক মাধ্যমে আপনাকে নিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটি কি?
রুনা লায়লা: হ্যাঁ। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই হঠাৎ করে রটে গেল যে আমি নাকি নেই! সামাজিক মাধ্যমে আমার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা ও ইংল্যান্ড থেকে অসংখ্য ফোন আর মেসেজ পেয়েছি। সবাই খুব আতঙ্কিত হয়ে জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। বিষয়টি আমাকে যেমন বিস্মিত করেছে, তেমনি আমি ভীষণ বিব্রত ও ক্ষুব্ধ।
প্রশ্ন: এ ধরনের ভিত্তিহীন গুজব যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন শিল্পী হিসেবে আপনার মানসিক অবস্থা কেমন থাকে?
রুনা লায়লা: দেখুন, আমি তো সুস্থ শরীরে আপনাদের সাথে কথা বলছি। অথচ ইন্টারনেটে আমাকে ‘মৃত’ বানিয়ে দেওয়া হলো। এটা শুধু আমার একার জন্য নয়, আমার পরিবার ও ভক্তদের জন্যও চরম মানসিক যন্ত্রণার। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ভালো আছি, সুস্থ আছি এই কথাটি জানানোর জন্য আমাকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট পর্যন্ত দিতে হয়েছে।
প্রশ্ন: আপনার কী মনে হয়, কারা এই ধরনের কাজ করছে? এর পেছনে কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে?
রুনা লায়লা: আমার মনে হয় এটি কোনো একটি সংঘবদ্ধ চক্রের কাজ। অতীতেও অনেক গুণী তারকাকে নিয়ে এমন জঘন্য গুজব ছড়ানো হয়েছে। যারা এসব করে, তাদের দ্রুত শনাক্ত করা উচিত। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে মানসিকভাবে আঘাত করা বা জনমনে বিভ্রান্তি তৈরি করা বড় ধরনের অপরাধ।
প্রশ্ন: আপনার অগণিত ভক্ত ও শুভাকাঙ্খী যারা এই খবরে উদ্বিগ্ন ছিলেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন?
রুনা লায়লা: আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমার প্রতি এত ভালোবাসা পোষণ করেন। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যেকোনো তথ্য যাচাই না করে দয়া করে শেয়ার করবেন না। এ ধরনের ভুয়া খবর কেবল বিভ্রান্তিই বাড়ায়। আমি আপনাদের দোয়ায় সম্পূর্ণ সুস্থ আছি এবং এখন দিল্লিতেই অবস্থান করছি। গুজব এড়িয়ে চলুন এবং সচেতন থাকুন।
প্রশ্ন: এই ধরনের গুজব তো কেবল শিল্পীকেই নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। প্রযুক্তির অপব্যবহার রোধে আপনার কোনো পরামর্শ আছে কি?
রুনা লায়লা: অবশ্যই। তথ্যপ্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অপব্যবহার এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ এবং দেশের আইনি সংস্থাগুলোর এ বিষয়ে আরও কঠোর হওয়া প্রয়োজন। যারা নিয়মিতভাবে নামি-দামি তারকাদের নিয়ে এমন ‘ক্লিকবেট’ বা ভুয়া খবর ছড়ায়, তাদের অ্যাকাউন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করা এবং আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা শিল্পীরা সাধারণ মানুষের খুব কাছের মানুষ, আমাদের নিয়ে যখন এমন স্পর্শকাতর তথ্য ছড়ানো হয়, তখন সাধারণ মানুষ খুব দ্রুত বিভ্রান্ত হয়ে পড়ে।
প্রশ্ন: বর্তমান পরিস্থিতির কথা বাদ দিলে, আপনার পরবর্তী কাজ বা গান নিয়ে নতুন কী পরিকল্পনা করছেন?
রুনা লায়লা: কাজের পরিকল্পনা তো সবসময়ই থাকে। এই মুহূর্তে দিল্লির সফর আর সম্মাননা নিয়েই ব্যস্ত আছি। তবে দেশে ফেরার পর বেশ কিছু নতুন গানের রেকর্ডিং ও প্রজেক্ট নিয়ে বসার কথা রয়েছে। আমি আজীবন গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। যত দিন বেঁচে আছি, আপনাদের ভালো কিছু গান উপহার দিয়ে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।