২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ০৭:৩০:৪৪ অপরাহ্ন


মাস্টারশেফ সিজন ১৬-এ বাংলাদেশি-আমেরিকান শম্পা কবিরের উজ্জ্বল অর্জন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
মাস্টারশেফ সিজন ১৬-এ বাংলাদেশি-আমেরিকান শম্পা কবিরের উজ্জ্বল অর্জন শম্পা কবির


মাস্টারশেফ সিজন ১৬-এ শুরু হয়েছে নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়, যেখানে বিশ্বখ্যাত বিচারক গর্ডন রামসে, জো বাস্তিয়ানিচ এবং টিফানি ডেরি তাদের দক্ষ বিচার-বিশ্লেষণের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক ডিভিশনের সেরা পাঁচজন হোম কুককে নির্বাচিত করেছেন। জনপ্রিয় এই রান্না প্রতিযোগিতায় সাদা অ্যাপ্রন অর্জনের লড়াইয়ে অংশ নেওয়া প্রতিযোগীরা নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও স্বাদের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জায়গা করে নিয়েছেন পরবর্তী ধাপে।

বাংলাদেশি-আমেরিকান শেফ শম্পা কবির গত ২২ এপ্রিল আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতা মাস্টারশেফ: গ্লোবাল গন্টলেট ২০২৬ সালের ১৬তম সিজনে একটি গুরুত্বপূর্ণ অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাসরত এ প্রতিযোগী কাক্সিক্ষত ‘অ্যাপ্রন’ অর্জন করে প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে প্রতিযোগিতার এই ধাপে প্রবেশ করে নতুন ইতিহাস গড়েছেন বলে তার সমর্থকরা মনে করছেন।

প্রতিযোগিতার একটি পর্বে শম্পা পরিবেশন করেন ‘হ্যালিবাট ভুনা’, যার সঙ্গে ছিল সুগন্ধি ভাত ও ডাল। এই খাবারে তিনি ঐতিহ্যবাহী বাঙালি মসলা ও রান্নার কৌশলকে আধুনিক উপস্থাপনার সঙ্গে যুক্ত করেন। বিচারকদের মতে, তার রান্নায় স্বাদ, ভারসাম্য এবং উপস্থাপনার মধ্যে ছিল আত্মবিশ্বাস ও সৃজনশীলতার স্পষ্ট ছাপ। এ আত্মবিশ্বাস তাকে প্রতিযোগিতায় এগিয়ে যেতে সাহায্য করে।

শম্পা কবির বর্তমানে টিম এশিয়া প্যাসিফিকের হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং একাধিক ধাপ সফলভাবে অতিক্রম করে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শেফদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ধারাবাহিকভাবে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন। জানা যায়, শম্পা কবির মূলত সামাজিক মাধ্যমে রান্নাবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত। তিনি নিয়মিতভাবে দেশীয় ও ফিউশন রেসিপি শেয়ার করে থাকেন, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। এ অনলাইন উপস্থিতিই তাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেওয়ার সুযোগ এনে দেয়।

তার রান্নার অন্যতম বৈশিষ্ট্য হলো ,বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারকে আধুনিক ফাইন-ডাইনিং স্টাইলে উপস্থাপন করা। এতে দেশীয় স্বাদের সঙ্গে আন্তর্জাতিক মানের উপস্থাপনার এক অনন্য সংমিশ্রণ দেখা যায়, যা বিদেশি বিচারক ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।শম্পার এই সাফল্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতায় শম্পা কবিরের অগ্রগতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বিশ্বমঞ্চে বাংলাদেশি রান্না ও খাদ্যসংস্কৃতির ক্রমবর্ধমান প্রভাবেরও প্রতিফলন। তার মতো প্রতিযোগীরা বাংলাদেশি খাবারকে নতুন দর্শকদের কাছে পরিচিত করে তুলছেন, যা ভবিষ্যতে এই কুইজিনের বৈশ্বিক গ্রহণযোগ্যতা আরো বাড়াতে পারে। মাস্টারশেফ গ্লোবাল গন্টলেটে শম্পা কবিরের এই অগ্রযাত্রা এখন অনেকের নজরে রয়েছে, এবং তার পরবর্তী পারফরম্যান্স নিয়ে দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন