নিউইয়র্ক সিটিতে চলতি বছরের প্রথম নয় মাসে খুন, গুলির ঘটনা এবং গুলিতে আহত মানুষের সংখ্যা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডির ৬ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নগরীতে ২০৩টি হত্যাকাণ্ড এবং ৪৮৯টি গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে গুলিতে আহত হয়েছেন ৫৯৪ জন। তিনটি সংখ্যাই রেকর্ড রাখা শুরুর পর প্রথম নয় মাসের জন্য সর্বনিম্ন।
এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে নিউইয়র্কে ২৫৩টি হত্যাকাণ্ড ঘটেছিল। ফলে এক বছরের ব্যবধানে হত্যাকাণ্ড কমেছে ৫০টি বা ১৯ দশমিক ৮ শতাংশ। আগের সর্বনিম্ন রেকর্ড ছিল ২০১৭ সালে, যখন প্রথম নয় মাসে ২১৫টি হত্যাকাণ্ড ঘটেছিল। চলতি বছরের ২০৩টি হত্যাকাণ্ড সেই রেকর্ডও ভেঙে দিয়েছে।
গুলির ঘটনাতেও একই ধরনের পতন দেখা গেছে। প্রথম নয় মাসে ৪৮৯টি গুলির ঘটনা ঘটেছে, যা ২০২৫ সালের ৫৫৩টির তুলনায় ৬৪টি কম বা ১১ দশমিক ৬ শতাংশ। এর আগে প্রথম নয় মাসে সর্বনিম্ন গুলির ঘটনার রেকর্ড ছিল ৫৫৩টি। ফলে চলতি বছর সেই রেকর্ডও উল্লেখযোগ্য ব্যবধানে নিচে নেমেছে।
গুলিতে আহত মানুষের সংখ্যাও কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৯৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যা ২০২৫ সালের ৬৯৪ জনের তুলনায় ১০০ জন কম। অর্থাৎ এক বছরে গুলিতে আহতের সংখ্যা কমেছে ১৪ দশমিক ৪ শতাংশ। মাত্র পাঁচ বছর আগে, ২০২১ সালের একই সময়ের তুলনায় চলতি বছর ৮৪৬ জন কম মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। এনওয়াইপিডি জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকেও অপরাধ পরিস্থিতির বড় ধরনের উন্নতি হয়েছে। এই তিন মাসে ১৬৭টি গুলির ঘটনা, ২১৩ জন গুলিবিদ্ধ এবং ৭৩টি হত্যাকাণ্ড ঘটেছে। তিন ক্ষেত্রেই এটি তৃতীয় প্রান্তিকের জন্য রেকর্ড সর্বনিম্ন। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় এই সময়ে গুলির ঘটনা কমেছে ২২ দশমিক ৭ শতাংশ এবং হত্যাকাণ্ড কমেছে ১৯ দশমিক ৮ শতাংশ।
শুধু খুন ও গুলির ঘটনা নয়, নিউইয়র্ক সিটিতে সামগ্রিক গুরুতর অপরাধও কমেছে। বছরের প্রথম নয় মাসে প্রধান অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ২৩টি, যা ২০২৫ সালের একই সময়ের ৯২ হাজার ৫৭টির তুলনায় ৬ হাজার ৩৪টি কম। অর্থাৎ প্রধান অপরাধ কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। পাঁচটি বরোর প্রতিটিতেই অপরাধ কমেছে। সবচেয়ে বড় পতন হয়েছে ব্রঙ্কসে, যেখানে প্রধান অপরাধ কমেছে ১১ দশমিক ৯ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ডাকাতি কমেছে ১২ দশমিক ২ শতাংশ, চুরি করে বাড়িতে প্রবেশ বা বার্গলারি কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ, গ্র্যান্ড লার্সেনি বা বড় ধরনের চুরি কমেছে ৫ দশমিক ৮ শতাংশ এবং গাড়ি চুরি কমেছে ১২ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ধর্ষণের অভিযোগ ৩ দশমিক ৭ শতাংশ এবং গুরুতর হামলার ঘটনা শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে।
নিউইয়র্কের পাবলিক হাউজিং এলাকাতেও সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। বছরের প্রথম নয় মাসে এসব এলাকায় হত্যাকাণ্ড ৩৩ দশমিক ৩ শতাংশ কমে ১৬টিতে নেমেছে। গুলির ঘটনা কমেছে ৩৫ দশমিক ৫ শতাংশ এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা কমেছে ৩৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডাকাতি কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।
এনওয়াইপিডি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নিউইয়র্কের রাস্তায় ৪ হাজার ১০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে ব্রুকলিন থেকে ১ হাজার ১২৭টি, ম্যানহাটন থেকে ১ হাজার ৩টি, ব্রঙ্কস থেকে ৯৭০টি, কুইন্স থেকে ৭৭৮টি এবং স্ট্যাটেন আইল্যান্ড থেকে ২২২টি অস্ত্র জব্দ করা হয়েছে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২৫৭টি ছিল ‘ঘোস্ট গান’, যেগুলো সিরিয়াল নম্বরবিহীন এবং সহজে শনাক্ত করা যায় না।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা এস. টিশ বলেছেন, চলতি বছরের প্রথম নয় মাসে গুলির ঘটনা, গুলিতে আহত ব্যক্তি এবং হত্যাকাণ্ড—তিন ক্ষেত্রেই নিউইয়র্ক সিটি রেকর্ড পর্যায়ের নিরাপত্তা অর্জন করেছে। পুলিশের ভাষায়, তথ্যভিত্তিক ও লক্ষ্যভিত্তিক পুলিশিং কৌশল এবং সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
মেয়র জোহরান মামদানি বলেছেন, বছরের প্রথম নয় মাসে নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম হত্যাকাণ্ড, গুলির ঘটনা এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড হয়েছে। পুলিশ বিভাগের পাশাপাশি সহিংসতা প্রতিরোধে কাজ করা কর্মী ও সংকট ব্যবস্থাপনা দলগুলোর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন।তবে অপরাধ কমলেও সব ধরনের অপরাধের চিত্র একই নয়। এনওয়াইপিডির হিসাবে, প্রথম নয় মাসে নিশ্চিত হওয়া ‘হেট ক্রাইম’ বা বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ১২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪৬৩টিতে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৪১০টি। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ইহুদিবিদ্বেষী অপরাধ।
এনওয়াইপিডি সতর্ক করেছে, প্রকাশিত অপরাধ পরিসংখ্যানগুলো প্রাথমিক এবং পরবর্তী বিশ্লেষণের ভিত্তিতে সংশোধিত হতে পারে। তবে সামগ্রিক চিত্র বলছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে নিউইয়র্ক সিটিতে প্রাণঘাতী সহিংসতা এবং গুলির ঘটনা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।