১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর ফ্লোরিডার ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান দলের প্রার্থী ড. নিজাম রাজ্জাক


মুসলিম হওয়ার কারণে একাধিকবার মৃত্যুর হুমকি পাওয়ার দাবি করেছেন ফ্লোরিডার ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান দলের প্রার্থী ড. নিজাম রাজ্জাক। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসের কয়েক দশকে প্রকাশ্য ইসলামবিদ্বেষের এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। অরল্যান্ডোর নিউরোসার্জন ও আইন অধ্যাপক রাজ্জাক আগামী ১৮ আগস্টের রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভক্সপপুলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রচারণার সময় কিছু মানুষ সরাসরি তার কাছে এসে হুমকি দিয়েছেন।

ভারতে জন্ম নেওয়া রাজ্জাক ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তার ভাষায় আগে মানুষের আড়ালে বা পেছনে নানা ধরনের মন্তব্য শুনেছেন, কিন্তু এবার প্রথমবারের মতো মানুষ প্রকাশ্যে এবং এতটা স্পষ্টভাবে ইসলামবিদ্বেষী আচরণ করছে। রাজ্জাকের বক্তব্য অনুযায়ী, ১০ জুলাইয়ের একটি ঘটনার বিষয়ে অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয়ে পুলিশ রিপোর্ট করা হয়েছে। চলমান ফৌজদারি তদন্তের কারণে রিপোর্টটির সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। তিনি জানান, নিজের নিরাপত্তার জন্য শেরিফের কার্যালয় তাকে ঘরে ঘরে প্রচারণা না চালানোর পরামর্শ দিয়েছে।এরপর থেকে রাজ্জাক প্রচারণামূলক অনুষ্ঠানে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঙ্গে রাখছেন। অপরিচিত নম্বর থেকে আসা ফোনও তিনি সাধারণত ধরছেন না বলে জানান

‘সরকারি পদে মুসলিম নয়’, বিক্ষোভ

চলতি মাসের শুরুতে ফ্লোরিডা রিপাবলিকান ফ্রিডম অ্যাসেম্বলি নামে একটি সংগঠন ওয়াইল্ডউডে অনুষ্ঠিত প্রার্থীদের একটি ফোরামের বাইরে বিক্ষোভ করে। ওই অনুষ্ঠানে রাজ্জাকও উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের হাতে সরকারি পদে কোনো মুসলিম নয় লেখা প্ল্যাকার্ড ছিল। রাজ্জাক অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী টিম উইলকিন্স এবং তার কিছু সমর্থক মুসলিমবিরোধী বক্তব্য, মিম ও ভিডিওর মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা উসকে দিচ্ছেন।

উইলকিন্সের বিভিন্ন পোস্ট, বক্তব্য ও ভিডিওতে ইসলামকে র‌্যাডিক্যাল ইসলাম হিসেবে তুলে ধরে এর বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি ইসলামকে ক্যানসার বলেও মন্তব্য করেছেন এবং অরল্যান্ডোর ইসলামিক সেন্টারের সঙ্গে রাজ্জাকের সম্পৃক্ততাকে সরকারি পদে তার অযোগ্যতার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

উইলকিন্স আরো প্রশ্ন তুলেছেন, রাজ্জাক তার মুসলিম পরিচয় গোপন করার চেষ্টা করেছেন কি না। তবে রাজ্জাক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, উইলকিন্সের বক্তব্যই তাকে সরকারি পদে অযোগ্য করে দেওয়ার মতো ভয় ও বিদ্বেষ ছড়াচ্ছে।

উইলকিন্সের বক্তব্য

রাজ্জাকের মৃত্যুর হুমকির অভিযোগ নিয়ে মন্তব্য জানতে উইলকিন্সের কাছে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে ভক্সপপুলিকে দেওয়া এক সাক্ষাৎকারে উইলকিন্সকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার বক্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দিতে পারে কি না। তিনি বলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। উইলকিন্স দাবি করেন, সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো ব্যক্তির উদ্দেশ্য ও পটভূমি নিয়ে ভোটারদের গভীরভাবে চিন্তা করা উচিত।

অন্যদিকে উইলকিন্সের সমর্থক গ্রেগ এ. জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে রাজ্জাককে নিয়ে মুসলিমবিরোধী ভিডিও প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ভিডিওর কিছুতে মুসলিম অ্যালার্ট শিরোনাম ব্যবহার করা হয়েছে।

মৃত্যুর হুমকির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জোন্স দাবি করেছেন। তার কনটেন্ট থেকে কেউ রাজ্জাকের বিরুদ্ধে সহিংসতায় অনুপ্রাণিত হতে পারে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোনো সহিংসতায় উসকানি দেন না। আমার ধর্ম নয়, যোগ্যতা দেখুন নির্বাচনী প্রচারণায় নিজের ধর্মকে প্রধান ইস্যু বানানোর ঘটনায় ক্ষুব্ধ রাজ্জাক। তিনি বলেন, ভোটারদের তার চরিত্র ও যোগ্যতা বিবেচনা করা উচিত, ধর্মীয় পরিচয় নয়। তার মতে, তার বাবা-মা যে মূল্যবোধ নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং তিনি যে বিষয়গুলো শেখান, ধর্মীয় বিদ্বেষের এই রাজনীতি তার সম্পূর্ণ বিপরীত।

রাজ্জাক মার্কিন সংবিধানের আর্টিকেল ৬ এবং প্রথম সংশোধনীর কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, কোনো সরকারি পদে প্রার্থী হওয়ার জন্য ধর্মীয় পরীক্ষা বা শর্তারোপ করা যায় না। তার ভাষায়, তিনি মুসলিম হওয়ায় তার যোগ্যতার কোনো পার্থক্য তৈরি হয় না; একইভাবে কেউ হিন্দু, ইহুদি, খ্রিস্টান বা বৌদ্ধ হলেও তা সরকারি পদে প্রার্থিতা নির্ধারণের বিষয় হওয়া উচিত নয়।রাজ্জাক বলেন, যারা মনে করেন কেবল খ্রিস্টানরাই সরকারি পদে থাকতে পারবেন, তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের মৌলিক নীতিই বুঝতে পারেননি।

একজন ফেডারেল জনপ্রতিনিধি সবার প্রতিনিধিত্ব করেন-বর্ণ, গায়ের রং বা ধর্ম নির্বিশেষে, বলেন রাজ্জাক। তার মতে, একজন প্রার্থীর ধর্ম নয়, জনগণের জন্য কাজ করার সক্ষমতা, চরিত্র ও নীতিই নির্বাচনের মূল বিবেচনা হওয়া উচিত।

ফ্লোরিডার ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান প্রাইমারিতে এই বিতর্ক এখন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। রাজ্জাকের বিরুদ্ধে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে আক্রমণ এবং তার মৃত্যুর হুমকির অভিযোগ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রচারণায় ইসলামোফোবিয়া, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতার ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শেয়ার করুন