০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪২:৪৯ পূর্বাহ্ন


ভুয়া অ্যাসাইলাম আবেদন
নিউইয়র্কের অ্যাটর্নি সুরাজকে আইসের ৪ লাখ ৭০ হাজার ডলারের বেশি জরিমানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৬
নিউইয়র্কের অ্যাটর্নি সুরাজকে আইসের ৪ লাখ ৭০ হাজার ডলারের বেশি জরিমানা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট


যুক্তরাষ্ট্রে ভুয়া রাজনৈতিক আশ্রয় আবেদন দাখিলের অভিযোগে নিউইয়র্কের এক অভিবাসন আইনজীবীর বিরুদ্ধে ৪ লাখ ৭০ হাজার ডলারের বেশি দেওয়ানি জরিমানা আরোপের উদ্যোগ নিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) গত ২২ জুলাই জানায়, আইনজীবী সুরাজ রাজ সিংয়ের বিরুদ্ধে ‘নোটিশ অব ইনটেন্ট টু ফাইন’ জারি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন অভিবাসন মামলায় আশ্রয়প্রার্থীদের পক্ষে ৫৪টি মামলায় মোট ১১৮টি প্রতারণামূলক নথি প্রস্তুত ও দাখিল করেছেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, তদন্তে দেখা গেছে সিংয়ের দাখিল করা বহু অ্যাসাইলাম আবেদনের ঘোষণাপত্রে নির্যাতনের বিবরণ, ভাষা ও ঘটনাপ্রবাহ প্রায় একই রকম। অনেক নথিতে একই ধরনের বক্তব্য, তথ্য ও ঘটনার বর্ণনা ব্যবহার করা হয়েছে, যা আবেদনগুলোর সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে।

এ অভিযোগে আইন অনুযায়ী সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৫৮৪ ডলার দেওয়ানি জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছে আইস।

ডিএইচএসের জেনারেল কাউন্সেল জেমস পারসিভাল এক বিবৃতিতে বলেন, প্রতারণামূলক অ্যাসাইলাম আবেদন শুধু যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকেই দুর্বল করে না, বরং জননিরাপত্তার জন্যও ঝুঁকি সৃষ্টি করে। এ ধরনের জালিয়াতির কারণে অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের অপসারণও বিলম্বিত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে।

তবে নোটিশ অব ইনটেন্ট টু ফাইন কোনো চূড়ান্ত শাস্তি নয়। এটি একটি প্রস্তাবিত দেওয়ানি ব্যবস্থা, যার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পান। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে জরিমানার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিএইচএস জানায়, অ্যাসাইলাম জালিয়াতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত মে মাসে বিভাগের আইনজীবীদের আরো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংস্থাটির দাবি, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী কোনো অভিবাসন আইনজীবীর বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগে দেওয়ানি জরিমানা আরোপের দ্বিতীয় ঘটনা।

এর আগে গত মাসে অভিবাসন আইনজীবী বিনোদ দোড্ডামানি-এর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে পাঁচটি পৃথক নোটিশ জারি করে মোট ২ লাখ ৫৫ হাজার ২৩২ ডলার জরিমানার প্রস্তাব দিয়েছিল আইস।

এদিকে আইসের ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স সম্প্রতি দাবি করেছেন, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের তদন্তে বিদেশি কর্মীদের সংশ্লিষ্ট সম্ভাব্য হাজার হাজার প্রতারণামূলক নথির সন্ধান পাওয়া গেছে। ট্রাম্প প্রশাসন এসব অভিযোগের বিরুদ্ধে আরো জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন