০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৬:৩৯:১২ অপরাহ্ন


নিউইয়র্কে আইসের সঙ্গে পুলিশের সহযোগিতা বন্ধে হোচুলের প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৬
নিউইয়র্কে আইসের সঙ্গে পুলিশের সহযোগিতা বন্ধে হোচুলের প্রস্তাব নিউইয়র্কে আইসের জন্য স্থানীয় পুলিশ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন গভর্নর হোচুল।


গভর্নর ক্যাথি হোচুল ফেডারেল ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) থেকে নিউইয়র্কবাসীর সুরক্ষা নিশ্চিত করতে লোকাল ক্রাইমস অ্যাক্ট প্রবর্তনের ঘোষণা দিয়েছেন। নতুন আইনটির মূল উদ্দেশ্য হলো স্থানীয় পুলিশ এবং জেলগুলোকে আইস-এর কাজে ব্যবহার বন্ধ করা, যাতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের মূল কাজ অর্থাৎ স্থানীয় অপরাধ প্রতিরোধ ও তদন্তে পুরো মনোযোগ দিতে পারে। এই আইন অনুযায়ী ২৮৭(জি) চুক্তি বাতিল হবে, যা পূর্বে স্থানীয় পুলিশদের আইস-এর সহযোগী হিসেবে ব্যবহার করার সুযোগ দিত। এছাড়াও ফেডারেল কর্মকর্তারা স্থানীয় জেল ব্যবহার করে গণহারে অভিযান চালাতে বা আটকপ্রাপ্তদের স্থানান্তর করতে পারবে না।

গভর্নর হোচুল তার প্রস্তাবের জন্য মিনিয়াপোলিসে রেনি গুড ও আলেক্স প্রেট্টি হত্যার ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফেডারেল অভিবাসন এজেন্টদের হাতে যারা প্রাণ হারাচ্ছে, তা নিউইয়র্কবাসীর কাছে একটি আতঙ্ক। এটি শুধু অভিবাসন নীতি নয়; এটি শক্তির অপব্যবহার। এই প্রস্তাবের উদ্দেশ্য হলো স্থানীয় পুলিশকে তাদের মূল দায়িত্ব হলো স্থানীয় অপরাধ দমন করা ও তা নিয়ে কাজ করতে দেওয়া এবং ফেডারেল সরকারের আচরণের সীমা নির্ধারণ করা।

গভর্নর হোচুল আরো বলেন, গত বছর ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা জনসুরক্ষার অজুহাতে বর্ণনাতীত সহিংসতা চালিয়েছে। স্থানীয় পুলিশদের সিভিল ইমিগ্রেশন এনফোর্সমেন্টে ব্যবহার করার প্রবণতা নিউইয়র্কে চলতে দেব না। আমরা চাই স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা তাদের মূলকাজ নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিয়ে মনোনিবেশ করুক।

নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা নতুন আইনকে সমর্থন জানিয়েছেন। ম্যানহাট্টান ডিএ অ্যালভিন ব্র‍্যাগ বলেন, যখন ভুক্তভোগী ও সাক্ষীরা পুলিশে অভিযোগ দিতে ভয় পায়, তখন আমরা আমাদের কাজ করতে পারি না। স্থানীয় পুলিশদের আইসের সহায়ক হিসেবে ব্যবহার করলে আমাদের কমিউনিটির প্রতি বিশ্বাস ক্ষুণ্ন হয়। গভর্নও হোচুলের নেতৃত্বের জন্য আমি কৃতজ্ঞ। ব্রুকলিন ডিএ এরিক গঞ্জালেস বলেন, যখন ভুক্তভোগী ও সাক্ষীরা ফেডারেল এজেন্টদের বিচারবিহীন প্রবেশের ভয়ে মুখ খোলার সাহস হারায়, তখন অপরাধ রিপোর্ট হয় না এবং অপরাধীরা দায়মুক্ত থাকে। ২৮৭(জি) চুক্তি বন্ধ করা এবং সেন্সিটিভ স্থানে বিচারকের অনুমতি ছাড়া আইসের প্রবেশ নিষিদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউইয়র্কে ৯টি কাউন্টিতে ১৪টি আইনপ্রয়োগকারী সংস্থা পূর্বে ২৮৭(জি ) চুক্তিতে যুক্ত ছিল। এই আইন প্রণয়নের পর সব চুক্তি বাতিল হবে এবং নিউইয়র্ক সাতটি অন্য রাজ্যের সঙ্গে যুক্ত হবে যারা ২৮৭ (জি) চুক্তি নিষিদ্ধ করেছে: ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ জার্সি, ডেলাওয়্যার এবং কনেকটিকাট।

নতুন আইনের মাধ্যমে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে স্টেট পর্যায়ে সিভিল মামলা দায়েরের সুযোগও থাকবে যদি তারা নিউইয়র্কবাসীর সংবিধানিক অধিকার লঙ্ঘন করে। এছাড়াও সেন্সিটিভ স্থান যেমন স্কুল, হাসপাতাল, পূজামণ্ডপ এবং ব্যক্তিগত বাড়ি আইসের সিভিল ইমিগ্রেশন অভিযান থেকে বিচারকের অনুমতি ছাড়া রক্ষা পাবে।

স্থানীয় শেরিফ এবং পুলিশের কর্মকর্তারা গভর্নরের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আলবানির শেরিফ ক্রেগ অ্যাপল বলেন, জনতার আস্থা নিরাপত্তার সঙ্গে আলাদা নয়, এটি নিরাপত্তার মৌলিক অংশ। যখন কেউ পুলিশের কাছে অভিযোগ জানাতে ভয় পায়, আমরা সবাই কম নিরাপদ হয়ে যাই। আলস্টার কাউন্টির শেরিফ জুয়ান ফিগুয়েরো বলেন, পরিবারগুলো যদি অপরাধ রিপোর্ট করতে ভয় পায়, আমরা আমাদের দায়িত্বে ব্যর্থ। গভর্নরের প্রস্তাব স্থানীয় পুলিশকে গুরুত্বপূর্ণ অপরাধ প্রতিরোধে মনোনিবেশ করতে সাহায্য করবে।

নিউইয়র্ক সিটি পুলিশপ্রধান ব্রেন্ডান কক্স বলেন, পেশাদারিত্বই পুলিশের মূলনীতি হওয়া উচিত। গভর্নরের প্রস্তাব নিশ্চিত করবে যে প্রতিটি কমিউনিটি নিউইয়র্কে বিশ্বাস করতে পারবে যে আইনপ্রয়োগকারী সংস্থা পেশাদার, জবাবদিহি এবং সম্মানের সঙ্গে কাজ করছে। উটিকা পুলিশের প্রধান মার্ক উইলিয়ামস যোগ করেন, এই পদক্ষেপ কমিউনিটির সঙ্গে পুলিশের সম্পর্ক রক্ষা করবে এবং সবাইকে নিরাপদ রাখবে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে নিউইয়র্ক স্টেট ফেডারেল ও স্থানীয় আইনপ্রয়োগকারীর মধ্যে সীমারেখা স্পষ্ট করছে এবং নিশ্চিত করছে যে স্থানীয় পুলিশরা তাদের মূল দায়িত্বে মনোনিবেশ করবে, অপরাধ প্রতিরোধ ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করবে, আইসের কাজ নয়।

শেয়ার করুন