১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউইয়র্কে হতে পারে অলিম্পিক ক্রিকেট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
নিউইয়র্কে হতে পারে অলিম্পিক ক্রিকেট অলিম্পিকের লগো সংবলিত পতাকা


১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। তবে ক্রিকেটারদের অলিম্পিক ভিলেজে থাকার অভিজ্ঞতা নাও হতে পারে। অলিম্পিকের শহর লস অ্যাঞ্জেলেসে নয়, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হতে পারে চার হাজার কিলোমিটার দূরে নিউইয়র্কে। ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এ চিন্তাভাবনা করছেন আয়োজকেরা।

অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ হয়েছে ১৯০০ সালে। প্যারিসে অংশ নিয়েছিল মাত্র দুটি দল। দুই দিনের ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ছেলে ও মেয়ে দুই বিভাগেই হবে ক্রিকেট। টুর্নামেন্টের কাঠামো এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে পারে, এরপর সেমিফাইনাল, ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ।

ক্রিকেট যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে না হয়ে নিউইয়র্কে হতে পারে, সেটির ইঙ্গিত গত সপ্তাহে দিয়েছেন ২০২৮ অলিম্পিকের আয়োজক কমিটির চেয়ারম্যান ক্যাসি ওয়াসেরমান। টেক্সাসে এক কনফারেন্সে ওয়াসেরমান বলেন, ভারতের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা। নিউইয়র্কের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য সাড়ে ৯ ঘণ্টা। লস অ্যাঞ্জেলেস–ভারতের সময়ের দূরত্বটা সাড়ে ১২ ঘণ্টার। ৩ ঘণ্টার এই পার্থক্যই কাজে লাগাতে চাচ্ছেন আয়োজকেরা। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে আইসিসি জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পেছনে ভারতসহ উপমহাদেশের দর্শক ও সম্প্রচারস্বত্ব চুক্তির বিপুল অর্থের ভূমিকাই ছিল প্রধান।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু হলেও এ মুহূর্তে নিউইয়র্কে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মতো কোনো স্টেডিয়াম নেই। বিশ্বকাপ যে অস্থায়ী মাঠে হয়েছিল, সেটি বিশ্বকাপের পরেই ভেঙে ফেলা হয়েছে। ২০২৮ অলিম্পিকেও অস্থায়ী স্টেডিয়ামের পথেই হাঁটতে পারেন আয়োজকেরা।

ক্রিকেটের ভেন্যু হিসেবে ব্রুকলিনের মেরিন পার্কের কথাও ভাবা হচ্ছে। মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউইয়র্কের হোম ভেন্যু এটি। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি সেখানে ১০ হাজার আসনের স্থায়ী স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করেছে। তবে সেটি ২০২৮ অলিম্পিকের আগেই প্রস্তুত হবে কি না, তা নিয়ে সংশয় আছে।

অলিম্পিকে ক্রিকেট যদি শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলসে না-ই হয়, তবে সেটি ক্রিকেটারদের জন্য মন খারাপ করার মতো ঘটনাই হবে। ২০২৮ অলিম্পিকে গ্রেট ব্রিটেন দলে থাকতে পারেন, এমন দুজন খেলোয়াড়ের সঙ্গে দ্য টাইমস কথা বলেছে। ওই দুই ক্রিকেটার বলেছেন, অলিম্পিকে যদি অলিম্পিক ভিলেজে না থাকা যায়, অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গে আলাপ-পরিচয় না হয়, তবে সেটি বড্ড হতাশার হবে। তাঁরা মনে করছেন, ক্রিকেটটা অন্য শহরে হলে সেটিকে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হিসেবেই মনে হবে।

শেয়ার করুন