২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫০:২১ পূর্বাহ্ন


যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরের চার সহস্রাধিক জামাত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরের চার সহস্রাধিক জামাত বক্তব্য রাখছেন মেয়র জোহরান মামদানি


এক মাস সিয়াম সাধনার পর গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রের সর্বত্র মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ভাবগম্ভীর পরিবেশে যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজারের অধিক জামাতে মুসলমানেরা ঈদুল ফিতর উদযাপন করলেন বিপুল উৎসাহ-উদ্দীপনায়। ঈদ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহও বন্ধ থাকায় মুসলিম আমেরিকান শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্যে ঈদ আনন্দে জড়িয়ে পড়েন। নতুন প্রজন্মের প্রতিানিধিরাও তাদের অভিভাবকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সবকিছু মিলিয়ে ভিন্ন এক আমেজে এবার ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে। ঈদ জামাতে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। বেশকিছু মসজিদের পক্ষ থেকে খোলা আকাশের নিচে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। আবার ঠান্ডার কারণে মসজিদের ভেতরেই একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। এসব ঈদ জামাতে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করেন। এ ঈদ জামাতের ফিলিস্তিনি মুসলিমসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। এবারের ঈদ জামাতের বিশেষ দিক ছিল নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জ্যামাইকা মুসলিম সেন্টারসহ ব্রুকলিন ও ব্রঙ্কসে বাংলাদেশি আয়োজিত কয়েক ঈদ জামাতে অংশগ্রহণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি মুসলিম কম্যুনিটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্য ঈদ জামাতেও মূলধারার রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে মসজিদের ভেতরেই তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায়। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ, দ্বিতীয় জামাতে মাওলানা শামসে আলী এবং তৃতীয় জামাতে হাফে মুজাহিদুল ইসলাম। প্রতিটি জামাতেই মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। বিপুলসংখ্যক মুসল্লি ঈদ জামাতগুলোতে অংশগ্রহণ করেন। স্থান সংকুলান না হওয়ায় মসজিদের সামনের রাস্তা ব্লক করে দেওয়া হয়, মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি অংশগ্রহণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মেয়র ছাড়াও মূলধারার আরো কয়েকজন রাজনীতিবিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. নাজমুল এইচ আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার।

প্রতিটি ঈদ জামাত শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান, তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানানো হয়।

জেএমসি-তে ঈদের নামাজ শেষে মসজিদের বাইরে হাজার হাজার মুসল্লির মধ্যে মিষ্টি, সিঙ্গারা ও চা বিতরণ করা হয়। ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে এই আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ‘অল কাউন্টি হোম কেয়ার’ ও ‘নবান্ন রেষ্টুরেন্ট-এর কর্ণধার ও সিইও কমিউনিটির মোহাম্মদ কাদের শিশির (সিআইপি)।

দারুস সালাম মসজিদ

বাংলাদেশিদের দ্বারা পরিচালিত জ‍্যামাইকা দারুস সালাম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবুল মুকিত। দ্বিতীয় জামাত ইমামতি করেন হাফেজ মাওলানা মাহমুদ, ৩য় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী এবং চতুর্থ জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আবরার আহমেদ। প্রথম জামাত ছাড়া অন্য তিনটি জামাতে মহিলারা নামাজ আদায় করেন। প্রতিটি জামাতেই ফিলিস্তিনিসহ সারা বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে যুদ্ধ বন্ধে আল্লাহর কুদরত কামনা করা হয়। প্রতিটি ঈদ জামাতেই ছিলো মুসল্লিদের ভিড়।

নিউ ইয়র্ক ঈদগাহ

২০১১ সনে নিউ ইয়র্ক মুসলিম কম্যুনিটির জন‍্য প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ঈদগাহ কার্যক্রমের ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতর ২০২৬-এ ঈদের জামাতগুলো ছিল কোয়ালিটি সম্পন্ন। মুসল্লিরা আত্মতৃপ্তির সঙ্গে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে সুন্নাহ মোতাবেক সুন্দর একটি ঈদ নিজে উদযাপন ও সতীর্থ জ‍্যাকসন হাইটস মুসলিম কম্যুনিটিকে উপহার দিতে মুসল্লিরা সকাল ৭টা ৩০ মিনিটে ১ম জামাত থেকে ১১ টায় অনুষ্ঠিত শেষ জামাতে জ‍্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এসে সমবেত হন। খুতবা শোনেন এবং ঈদের নামাজ আদায় শেষে বিশ্ব মুসলিম ও মানবতার জন‍্য দোয়া শেষে ভিন্ন পথে বাসাবাড়ি ফিরে গিয়ে বাকি পুরোটা দিন ওই একই আনন্দের সন্তুষ্টিতে মন ভরে ঈদের আনন্দ উপভোগ করেন।

নিউ ইয়র্ক ঈদগায় এবারের ঈদের বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববরেণ‍্য ও বহু আন্তর্জাতিক পুরস্কার অর্জনকারী নতুন প্রজন্মের হাফিজ শাইখ ইমাম নাজমুস সাকিবের একটি জামাতের ইমামতি করা। মুসল্লিদের অনুরোধে নামাজের আগে তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে।

বাকি চারটি জামাতের ইমামতি করেন যথাক্রমে ইমাম কাজী কায়‍্যূম, ইমাম শাইখ ক্বারী আবুল খাইর, সায়্যিদ ইমাম কারি হাফিজ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী বদরপুরী ও সায়্যিদ কারি হাফিজ মুসতায়ীন বিল্লাহ রাব্বানী বদরপুরী।

৫টি জামাতেই যুদ্ধ-বিগ্রহবিহীন শান্তিময় একটি সুন্দর পৃথিবীর দেখার কামনায় ও বিশ্ব মানবতার মুক্তি ও কল‍্যাণের জন‍্য মহান আল্লাহর দরবারে কায়মনো বাক্যে দোয়া করা হয়। শেষের তিনটি জামাতে মহিলা মুসল্লিদেরও নামাজে শরিক হতে দেখা যায়।

ওজোনপার্কের ঈদ জামাত 

আল আমান মসজিদ : ব্রুকলিনের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ইমামতি করেন শায়েখ আহমদুল হক। সাড়ে ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আলী।

ফুলতলী জামে মসজিদ : ১০১ অ্যাভিনিউ ও ৮১ স্ট্রিটে অবস্থিত ফুলতলী জামে মসজিদে ঈদের একটি জামাত স্থানীয় স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ আবদুল আলীম। 

আলফোরকান জামে মসজিদ : ৭৭স্ট্রিট ও গ্লিন মোড়ে অবস্থিত আল ফোরকান মসজিদে দুিিট জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় ও ২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন যথাক্রমে-জাকারিয়া বকর ও নাইম আহমদ। 

মুনা সেন্টার নিউ ইয়র্ক (ওজোনপার্ক) ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে ইমাম ছিলেন আহমদ আবু উবায়াদা ও সাড়ে ৯টার ২য় জামাতে ইমামতি করেন ইমাম মাহি উদ্দীন।

এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের ওপর খোলা রাস্তায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন মাওলানা মাওলানা লুৎফর রহমান চৌধুরী। ঈদ জামাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন। এ জামাতেও শত শত নর-নারী জামাতে অংশ নেন।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ 

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে মসজিদ নিকটবর্তী ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল ফিতরের বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ২০ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। ঈদ জামাতে ইমামতি করেন হাফিজ মোহাম্মদ আলিম উদ্দিন। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মুসাদ্দেক আহমেদ।

মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইনের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ-কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরি সদস্য সৈয়দ ইসহাক আলী, মো. আব্দুল হক হেলাল, লুৎফর রহমান, হারুনুর রশিদ, নাজমুল খান, মো. আবু সালেহসহ কমিটির কর্মকর্তারা।

বাংলাবাজার মসজিদ

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের বিশাল চারটি জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ এবং পার্শ্ববর্তী পার্কিংলটে সকাল ৮টা, সকাল পৌনে ৯টা, সকাল সোয়া ৯টা এবং সকাল পৌনে ১০টায় এসব জামাত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল মুসল্লি এসব ঈদ জামাতে অংশ নেন।

প্রথম জামাতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম, তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা ফজলে রাব্বি এবং শেষ জামাতে ইমামতি করেন মাওলানা মো. আকতারুজ্জামান। তারা ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং নামাজ শেষে মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।

জামাতের পূর্বে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী। এ সময় তাদের সঙ্গে ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ এবং কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।

সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের বহুতল ভবণ নির্মাণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, মসজিদে স্থান সংকুলানের অভাবে দীর্ঘ দিন ধরে জুমার নামাজে দু’টি পৃথক জামাতের আয়োজন করা হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। তিনি জানান, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশে ফিউনারেল হোমসহ আরেকটি জমি ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিউনারেল হোমসহ নতুন জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজের উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তিনি এজন্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী মসজিদ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান। ঈদ জামাতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী কমিটির সদস্যরা। এর মধ্যে ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি মো. আহসান রাসুল নাসির ও মোহাম্মদ এ হাসান, সহ-সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।

আটলান্টিক সিটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

সুব্রত চৌধুরী: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ২০ মার্চ শুক্রবার সকালে সিটির বিভিন্ন মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, মুসলিম উম্মাহর ঘরে ঘরে এসেছে আনন্দের বার্তা-পবিত্র ঈদুল ফিতর। আটলান্টিক সিটিতে উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা শামিল হন ঈদের জামাতে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের আনন্দে যুক্ত হয় ভিন্ন এক মাত্রা।

আটলান্টিক সিটির বাংলাদেশি কমিউনিটির অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত আটলান্টিক অ্যাভিনিউয়ের ‘মসজিদ আল হেরা’ এবং নর্থ ফ্লোরিডা অ্যাভিনিউয়ের ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’তে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে স্থানীয় আরমরি সেন্টার ও মসজিদ মোহাম্মদ এর জামাতেও। এসব জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির মুসলমানরাও অংশ নেন। প্রবাসের কর্মব্যস্ত জীবন ভুলে ছোটবড় সবাই রঙিন পোশাকে সেজে নামাজে অংশ নিতে আসেন। বিশেষ নজর কাড়ে প্রবাসী বাংলাদেশি নারী ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঈদুল ফিতরের উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে আটলান্টিক সিটি।

নামাজ শেষে খুতবায় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে বিতরণ করা হয় ঐতিহ্যবাহী খাবার, ডোনাট ও জুস।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এবং কাউন্টি শেরিফ জোসেফ ডোনেগু সশরীরে উপস্থিত থেকে মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। মসজিদে নামাজ শেষ করে ঘরে ফিরেই শুরু হয় অতিথি আপ্যায়ন আর উৎসবের আমেজ। প্রযুক্তির কল্যাণে ভিডিও কলে বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন প্রবাসীরা। প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশই ফুটে ওঠে আটলান্টিক সিটির প্রবাসীদের আঙিনায়।

জ্যাকসন হাইটস মুনা সেন্টার

নিউ ইয়র্কে বাংলাদেশিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে অবস্থিত মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসেিজদের ইমাম মাওলনা অলিউর রহমান সিরাজী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মু. ফখরুল ইসলাম মাছুম। এর আগে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির। বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে মহিলা ও শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণন।

আমেরিকা মুসলিম সেন্টার: জ্যামাইকার আমেরিকা মুসলি সেন্টার (এএমসি)’র উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় এএমসি ভবনে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ১০টায় এবং পঞ্চম জামাত বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। এএমসি’র ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় জামাত স্থানীয় রুফস কিং পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠান্ডা জনিত কারণে পার্কের স্থলে মসজিদ ভবনেই জামাত অনুষ্ঠিত হয়। এজন্য পূর্ব ঘোষণা না থাকায় অনেক মসল্লী পার্কে এসে বিভ্রান্তির মধ্যে পড়লেও তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। এব্যাপারে এএমসি’র অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম জানান, আমরা পার্কে নামাজ আদায়ের জন্য অনুমতিও পেয়ছিলাম। কিন্তু ঠান্ডার কারণে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি। তবে এতে যারা অসুবিধার সম্মুখিন হয়েছেন তাদের কাছে দু:খ প্রকাশ করেন তিনি। 

মসজিদ মিশন: নিউইয়র্কে হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন-এর উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল পৌন ১০টায়। 

আল আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার অন্যতম বৃহৎ মসজিদ আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের তিন জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। শীত ও ঠান্ডা জনিত কারণে এবছর স্থানীয় সুজান বি অ্যান্থনির মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়নি বলে সংশ্লিস্টরা জানান।

মদিনা মসজিদ: সিটির অন্যতম পুরাতন মসজিদ ম্যানহাটানের ‘মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব আমেরিকা’র উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায়।

এছাড়াও নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার আল আরাফাহ ইসলামিক সেন্টার ও আমেরিকা মুসলিম সেন্টার, ম্যানহাটনের মদিনা মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ, আর রহমান মসজিদ, ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি, কানেকটিকাট, মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন