২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন


ঈদ যাত্রার অ্যাসিড টেস্টে নতুন সরকার
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
ঈদ যাত্রার অ্যাসিড টেস্টে নতুন সরকার


তারেক জিয়ার নতুন সরকার ঈদ ফিতর সড়ক, রেল এবং জলপথ যাত্রা ব্যবস্থাপনায় পুরোপুরি সফল হতে পারে নি। সিন্ডিকেটের দৌরাত্ম্যে এবার যাত্রীদের কোনো কোনো ক্ষেত্রে অধিক ভাড়া গুনতে হয়েছে সড়কপথে, রেল লাইনচ্যুত হয়েছে, জলপথে দুর্ঘটনা হয়েছে। সড়কপথে যানবাহন সংকটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সড়ক পরিবহনমন্ত্রীর অতিকথনের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়নি। ইলেকট্রনিক মিডিয়ায় ভুক্তভোগী যাত্রীরা তাদের দুর্ভোগের কথা অকপটে বর্ণনা করেছে, সরকারের বহুমুখী উদ্যোগ নেওয়া সত্ত্বেও কেন এমন হলো দ্রুত অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করবে।

দেশের পরিবহন খাতে অরাজকতা দীর্ঘদিনের। অশুভ সিন্ডিকেটের চাঁদাবাজির কারণে এ খাতের সৎ ব্যবসায়ীরা কোণঠাসা। সরকার পরিবর্তন হলে সিন্ডিকেটরা নতুন সরকারের ঘনিষ্ঠ হয়ে ওঠে। সংকট থাকা সত্ত্বেও সরকার কিন্তু জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি। শিল্পমালিকরা শ্রমিকদের কয়েক ভাগে ছুটি দেওয়ায় এবার কিন্তু ঈদ যাত্রায় স্বস্তি থাকার কথা ছিল। সড়ক পরিবহনমন্ত্রী কোন সূত্রে খবর পেয়ে জানালেন যে, এবার নাকি সড়ক পরিবহনে ভাড়া বাড়েনি। কিন্তু প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় খবরে সয়লাব যে এবারের বাড়তি ভাড়ার কথা। কেন এমন হলো? কার পকেটে গেল বাড়তি ভাড়া? গণতান্ত্রিক সরকারের কাছে জবাবদিহি চাইতেই পারে জনগণ। এমন করেই কিন্তু সরকারের জনপ্রিয়তায় ধস নামে। বিষয়গুলো নিয়ন্ত্রণের অধীনে থাকার মাঝেই সরকারের ব্যবস্থা গ্রহণ জরুরি, প্রধানমন্ত্রীর উচিত সংশ্লিষ্ট মন্ত্রীদের অতিকথনের জন্য সতর্ক করা।

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান যুদ্ধ কিন্তু বিশ্ব জ্বালানি বাজারে আগুন লাগিয়েছে। সরকারের পক্ষে কিন্তু অচিরেই জ্বালানি মূল্য বাড়ানো ছাড়া বিকল্প থাকবে না। সে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যানবাহনে পরিবহন ভাড়া বাড়বে। এ বাড়তি ভাড়ার চাপে যেন জনগণ পিষ্ট না হয়, সে বিষয়ে সরকার সজাগ থাকতে হবে। যানবাহনে বাড়তি ভাড়া যেন অরাজকতা সৃষ্টি না করে সে বিষয়টি সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে সমন্বয় করতে হবে। জনগণকেও সর্বতোভাবে কৃচ্ছ্রতা সাধন করতে হবে। যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান না হলে কোরবানির ঈদ নাগাদ সংকট মারাত্মক রূপ ধারণ করবে। এবারের কোরবানির ঈদ যেন অধিকাংশ জনগণ যথাসম্ভব নিজ নিজ অবস্থানে থেকে উদযাপন করে সেভাবে জনগণকে উজ্জীবিত করতে হবে। সংকটে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর সরকারের মন্ত্রী, সাংসদ আর সরকারি কর্মকর্তাদের কার্যক্রমে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর এবারের ঈদযাত্রা ব্যবস্থাপনা ছিল সরকারের অ্যাসিড টেস্ট। সরকারের সফলতা এবং ব্যর্থতা জনগণই বিচার করবে।

শেয়ার করুন