০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৩২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


অক্টোবরকে ডেডলাইন ধরে ছক বিএনপি ও সমমনাদের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
অক্টোবরকে ডেডলাইন ধরে ছক বিএনপি ও সমমনাদের


আগামী অক্টোবরকে ডেডলাইন ধরে এক দফার দাবি আদায়ের আন্দোলনের ছক সাজাচ্ছে বিএনপি ও এর নেতৃত্বে থাকা যুগপৎ আন্দোলনের সমমনা অন্য দলগুলো। এ বিষয়ে ইতোমধ্যে যুগপতে থাকা দলগুলো নিজেদের মধ্যে আলোচনাও সেরেছে। একাধিক সূত্রমতে, চলতি আগস্ট মাসের ১৫ থেকে ২০ তারিখের আগে বড় কোনো কর্মসূচিতে যাচ্ছে না এই জোট। এ সময়টা নিয়মতান্ত্রিক বিক্ষোভ সমাবেশ দিয়েই দিন পার করবে। দলগুলোর নেতারা আরও বলছেন, আগস্টের শেষ সপ্তাহ ও সেপ্টেম্বর তারা আন্দোলনের মোক্ষম সময় মনে করছেন। সে সময়ই আন্দোলন জোরদার করা হবে। তাদের মতে, সরকার অক্টোবরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিডিউল ঘোষণা করতে পারে এমন তথ্য তাদের কাছে রয়েছে। ওই ঘোষণার আগেই এক দফার দাবি আদায়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে চান তারা।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা অক্টোবরকে ডেডলাইন ধরে এক দফার দাবি আদায়ের আন্দোলনে ছক সাজাচ্ছি। যুগপৎ এর নেতৃত্বে থাকা বিএনপিসহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে আমাদের গত সপ্তাহে বৈঠক হয়েছে, দুই-এক দিনের মধ্যে আবারও বৈঠক হবে। সেখান থেকে আমরা নতুন কর্মসূচি বের করে আনব। তবে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে বড় কোনো কর্মসূচি থাকবে না।

বিএনপি ও যুগপৎ এ থাকা একাধিক নেতা বলছেন, নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ ও রাজধানীর প্রবেশ মুখে গণ অবস্থান কর্মসূচিতে হামলা ও মামলার কারণে কর্মীরা একটু ঝামেলায় আছেন। বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ও যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জামিনের বিষয়ে জোর দিচ্ছে আন্দোলনে থাকা সবগুলো দল। ফলে এই মাসের বড় ধরনের কোনো কর্মসূচি রাখছে না দলটি। কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বজায় রাখতে নিয়মতান্ত্রিক বিক্ষোভ সমাবেশ দিয়ে যাবে দলটি।

গত ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। সমমনা জোটের নেতা ও ন্যাশন্যাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না থাকলেও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, লিয়াজোঁ কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

বরকত উল্লাহ বুলু জানান, ১৫ আগস্টের আগে আপাতত কর্মসূচি নয়। আমরা নতুন করে ভাবছি। সবার সঙ্গে কথা বলছি।

জানা গেছে, গত ১২ জুলাই বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করে। একই সঙ্গে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে। এরপর রাজধানীতে সমাবেশ করে রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে। ওই কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনা ঘটে। সেই ঘটনায় ১৫টির মতো মামলা হয় বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

শেয়ার করুন