০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


অসুস্থ যাত্রীকে কিডনি দান করলেন উবারচালক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৪-২০২৩
অসুস্থ যাত্রীকে কিডনি দান করলেন উবারচালক হাসপাতালের শয্যায় বিল সুমিয়েলের সঙ্গে ছবি তোলেন টিম লেটস


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের বাসিন্দা বিল সুমিয়েল। বয়স ৭৩ বছর। বহু আগে থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। একপর্যায়ে অকেজো হয়ে যায় তার কিডনি। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। শেষমেশ চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। পরে একদিনের ঘটনা। ডায়ালাইসিস শেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য রাইড শেয়ারিং অ্যাপ উবার কল করেন সুমিয়েল। উবারের যে গাড়িটি তাকে নিতে এসেছিল, সেটির চালক ছিলেন টিম লেটস নামের এক ব্যক্তি। পথে গল্পে মেতে ওঠেন দুই জন।

গল্পের একপর্যায়ে সুমিয়েল জানতে পারেন, উবারচালক টিম সাবেক সেনাসদস্য। সপ্তাহান্তে বাড়তি উপার্জনের জন্য উবার চালান। আলাপের ফাঁকে টিমকে শারীরিক অবস্থার কথা খুলে বলেন সুমিয়েল। জরুরিভিত্তিতে কিডনি প্রতিস্থাপনে চিকিৎসকের পরামর্শের কথাও বলেন তিনি।

সম্প্রতি স্থানীয় একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুমিয়েল বলেন, ‘টিম খুবই বন্ধুবৎসল ছিলেন। এ কারণে আমার জীবনে কী ঘটছে, তা খুব সহজেই টিমকে খুলে বলি।’ সুমিয়েল জানান, তার কথা শুনে টিম কিডনিদানের সিদ্ধান্ত নেন। সুমিয়েলকে গাড়িতে করে বাড়ি পৌঁছানোর পর টিম তাকে জানান, তিনি সত্যিই কিডনি দান করতে চান। পরে যোগাযোগের জন্য নিজের নাম ও ফোন নম্বরও দিয়ে যান তিনি।

টিমের এমন প্রস্তাবে খুব খুশি হন সুমিয়েল। পাশাপাশি এই ভেবেও উদ্বিগ্ন হন যে, দুই জনের কিডনি যদি না মেলে! তবে কয়েক দফা পরীক্ষানিরীক্ষার পর জানা যায় দুই জনের কিডনিতে মিল রয়েছে। পরে ২০২১ সালের ডিসেম্বরে দুই দফা অস্ত্রোপচারের পর সুমিয়েলের শরীরে সফলভাবে টিমের কিডনি প্রতিস্থাপন করা হয়।  

গত ডিসেম্বর ছিল সুমিয়েল ও টিমের সফল অস্ত্রোপচারের বছরপূর্তি। এ উপলক্ষে ফেসবুকে দুই জনের একটি আবেগঘন ছবি পোস্ট করেন সুমিয়েল। ছবিটি কিডনি প্রতিস্থাপনের সময় হাসপাতালের শয্যায় তোলা হয়েছিল। দুই জনের হাস্যোজ্জ্বল ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে টিম লেটস সেই ঘটনার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘তিনি (সুমিয়েল) আমার গাড়িতে ওঠেন। তার মধ্যে অসাধারণ ব্যক্তিত্ব ছিল। কিছুক্ষণ তার সঙ্গে থাকার পর স্পষ্ট হয়, তিনি অত্যন্ত বিনয়ী ও দয়ালু ব্যক্তি।’ টিম বর্তমানে জার্মানিতে বসবাস করেন। এর পরও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সুমিয়েল। টিম সাক্ষাৎকারে বলেন, ‘গাড়ি চালানোর সময় আয়নায় তাকে দেখে হতাশাগ্রস্ত মনে হয়েছিল। মনে হচ্ছিল তিনি জীবনের শেষপ্রান্তে চলে এসেছেন।’ 

হৃদয়স্পর্শী এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাদের প্রশংসায় মুখর হয়েছেন। যেমন ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘কী সুন্দর! বর্তমান পৃথিবীতে এমন ঘটনা আরো বেশি দরকার।’ আরেক জনের মন্তব্য, ‘এটি আমার শোনা সবচেয়ে নিঃস্বার্থ উদারতা ও আশ্চর্যজনক কাজ। আমি ভাষা হারিয়ে ফেলেছি। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।’

শেয়ার করুন