১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্কের ভিত্তি করে দিয়েছিলেন বঙ্গবন্ধু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্কের ভিত্তি  করে দিয়েছিলেন বঙ্গবন্ধু


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত

 অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দেশটির রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্কের ভিত্তি করে দিয়েছিলেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, “১৯৭৪ সালের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় ভিত্তি পায়। তখন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতির অভিন্ন উদ্দেশ্য পূরণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হতে থাকে”।

স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবিক মর্যাদা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করে যাচ্ছে”।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ অভিহিত করে আব্দুল মোমেন বলেন, “আগামী ৫০ বছরে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আমরা আশাব্যঞ্জক আলোচনা করেছি”।

আব্দুল মোমেন তার বক্তব্যে মুক্তিযুদ্ধ পরবর্তী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি জর্জ বুশ কর্তৃক বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ প্রদান সংক্রান্ত রেজুলেশনের পক্ষে ১৬ বারের মধ্যে ১৫ বারই সমর্থন দেওয়ার বিষয় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্বের কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনদানের জন্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের এবং খ্যাতিমান ব্যক্তিদের ভূমিকা বিষয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে আব্দুল মোমেন বাংলাদেশে কোভিড-১৯–এর চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ছয় কোটির বেশি ভ্যাকসিন দিয়ে সহযোগিতা দেওয়াসহ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তায় এককভাবে বৃহত্তম সহায়তা প্রদানের কথা তুলে ধরেন।

আব্দুল মোমেন বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনার সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান, বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও নাহিম রাজ্জাক।


শেয়ার করুন