০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৯:৫০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ পালিত হবে পবিত্র শবে বরাত জামায়াতের নারী কর্মীদের কাছে তারেক রহমানের প্রশ্ন নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান


ডোরড্যাশ ও উবারের আবেদন খারিজ
নিউইয়র্ক সিটির টিপিং আইন কার্যকরে বাধা নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
নিউইয়র্ক সিটির টিপিং আইন কার্যকরে বাধা নেই উবার ও ডোরড্যাশ


নিউইয়র্ক সিটিতে খাবার ডেলিভারি অ্যাপগুলোর জন্য প্রণীত নতুন টিপিং আইন কার্যকর হওয়া ঠেকাতে ডোরড্যাশ ও উবারের করা আবেদন খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ১৯ জানুয়ারি শুক্রবার নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জর্জ ড্যানিয়েলস রায়ে বলেন, প্রাথমিক নিষেধাজ্ঞা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদন্ড পূরণে কোম্পানিগুলো ব্যর্থ হয়েছে। ফলে আইন কার্যকরে আপাতত কোনো বাধা থাকল না।

রায়ে বিচারক ড্যানিয়েলস উল্লেখ করেন, ডোরড্যাশ ও উবার গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন তুললেও মামলার মূল বিষয়ে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা বা আইন কার্যকর হলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে এমন প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি। তিনি বলেন, বিতর্কিত বিষয় থাকাই প্রাথমিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যথেষ্ট নয় এবং এসব প্রশ্ন পূর্ণাঙ্গ শুনানিতে বিবেচিত হবে।

নতুন আইন অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে পরিচালিত খাবার ডেলিভারি অ্যাপগুলোকে গ্রাহকদের অর্ডার দেওয়ার আগে বা অর্ডার দেওয়ার সময়ই ডেলিভারি কর্মীদের জন্য টিপ দেওয়ার অপশন দেখাতে হবে। অর্ডার শেষ হওয়ার পর টিপ দেওয়ার ব্যবস্থার ওপর নির্ভর করা যাবে না। পাশাপাশি অ্যাপগুলোকে নির্দিষ্ট টিপিং অপশন যুক্ত করতে হবে, যার মধ্যে অন্তত ১০ শতাংশ টিপের একটি অপশন এবং গ্রাহক নিজে ইচ্ছামতো টিপের অঙ্ক লিখতে পারার সুবিধা থাকতে হবে।

ডেলিভারি কর্মীদের জন্য নতুন ন্যূনতম মজুরি আইন কার্যকর হওয়ার পর অনেক প্ল্যাটফর্ম টিপ দেওয়ার অনুরোধ অর্ডার শেষ হওয়ার ধাপে সরিয়ে নেয়। সিটি কর্তৃপক্ষের মতে, এর ফলে কর্মীরা ন্যায্য টিপ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই প্রেক্ষাপটেই নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ নতুন টিপিং আইন প্রণয়ন করে, যা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হওয়ার কথা।

ডোরড্যাশ ও উবার আদালতে দাবি করে, এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী তাদের বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে। তবে বিচারক ড্যানিয়েলস মত দেন, সংশ্লিষ্ট বিধানগুলো সর্বোচ্চ ‘বাণিজ্যিক বক্তব্য’-এর সঙ্গে সম্পর্কিত, যা রাজনৈতিক বা ব্যক্তিগত বক্তব্যের তুলনায় কম সাংবিধানিক সুরক্ষা পায়। আদালত কোম্পানিগুলোর এই দাবিও গ্রহণ করেনি যে আইন কার্যকর হলে গ্রাহকদের মধ্যে ‘টিপিং ক্লান্তি’ তৈরি হবে এবং এতে তাদের সুনাম ও গ্রাহক সম্পর্ক অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রায়ের পর ডোরড্যাশ এক বিবৃতিতে জানায়, নতুন আইন কার্যকর হলে নিউইয়র্কের ছোট ব্যবসাগুলোর অর্ডার কমে যেতে পারে, গ্রাহকদের অভিজ্ঞতা খারাপ হতে পারে এবং ডেলিভারি কর্মীদের কাজের সুযোগও হ্রাস পেতে পারে। কোম্পানিটির এক মুখপাত্র বলেন, নিউইয়র্ক সিটিতে ড্যাশাররা টিপ ছাড়াই ডেলিভারির সময় ঘণ্টায় গড়ে প্রায় ৩০ ডলার আয় করেন এবং এমন সময়ে, যখন অতিরিক্ত টিপ সংস্কৃতি নিয়ে অসন্তোষ ও জীবনযাত্রার ব্যয় বাড়ছে, তখন চেকআউটের আগেই টিপ চাইতে বাধ্য করা একটি খারাপ নীতি।

ডোরড্যাশ আরো জানায়, তারা এই রায়ে হতাশ হলেও নিজেদের আইনি অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী এবং স্থানীয় ব্যবসা ও ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাবে। এ বিষয়ে উবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন