ক্যারিয়ার বদলাতে বা নতুন দক্ষতা অর্জন করতে চান এমন নিউইয়র্কবাসীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুলের নতুন উদ্যোগে আগামী জানুয়ারি থেকে ২৫ থেকে ৫৫ বছর বয়সীরা স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের নির্দিষ্ট উচ্চ চাহিদার অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রামে টিউশন, ফি, বই ও শিক্ষা উপকরণের খরচ ছাড়াই পড়ার সুযোগ পাবেন ও অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রামে বিনামূল্যে ভর্তি হতে পারবেন। এমনকি আগে অন্য বিষয়ে কলেজ ডিগ্রি থাকলেও এ সুবিধা পাওয়া যাবে।
এ সুবিধার বিশেষ দিক হলো, কোনো ব্যক্তি আগে অন্য বিষয়ে কলেজ ডিগ্রি সম্পন্ন করলেও তিনি নতুন কর্মসূচির আওতায় আসতে পারবেন। ফলে পেশা পরিবর্তন, নতুন দক্ষতা অর্জন বা দ্রুত বিকাশমান শিল্পে যাওয়ার সুযোগ তৈরি হবে। গভর্নর হোচুল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কর্মক্ষেত্র ও বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আনছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিউইয়র্কবাসীকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া এবং উচ্চ চাহিদার পেশায় যাওয়ার পথ সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
নতুন কর্মসূচিতে উন্নত উৎপাদন, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন উচ্চ চাহিদার ক্ষেত্রে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। যোগ্য শিক্ষার্থীদের জন্য টিউশন, ফি, বই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের খরচ কভার করা হবে। এ সম্প্রসারণ ২০২৫ সালে চালু করা স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ও সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কানেক্ট কর্মসূচির ওপর ভিত্তি করে করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ১৫ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী উচ্চচাহিদার ক্ষেত্রে বিনামূল্যে কমিউনিটি কলেজে পড়ার সুযোগ পেয়েছেন এবং বছরে হাজার হাজার ডলার সাশ্রয় করেছেন।
হোচুলের এ ঘোষণা এমন সময়ে এসেছে, যখন ফেডারেল অর্থনৈতিক তথ্য অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নিউইয়র্কের অর্থনীতি দেশের অন্য সব স্টেটের তুলনায় দ্রুত বেড়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত নিউইয়র্কের প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি বার্ষিক হিসাবে ৪ শতাংশ হারে বেড়েছে। একই সময়ে জাতীয় প্রবৃদ্ধির হার ছিল ২.২ শতাংশ।
এআইয়ের কারণে কর্মক্ষেত্রে পরিবর্তনের প্রভাব মোকাবিলায় হোচুল প্রশাসন ফিউচার ওয়ার্কস কমিশন গঠন করেছে। চাকরির প্রশিক্ষণ ও কর্মসংস্থান, চাকরির মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ছোট ব্যবসায় সহায়তা নিয়ে কমিশন নীতিগত সুপারিশ দেবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এসব সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।
স্টেট সরকারের মতে, বিনামূল্যে কমিউনিটি কলেজের এ সম্প্রসারণ কর্মজীবী ও প্রাপ্তবয়স্ক নিউইয়র্কবাসীকে নতুন দক্ষতা অর্জন এবং উচ্চ চাহিদার শিল্পে প্রবেশের সুযোগ বাড়াবে। একই সঙ্গে এআই ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্টেটের কর্মশক্তিকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়তা করবে।