২০ মিলিয়নের বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-10-2026

২০ মিলিয়নের বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ২০ মিলিয়নের বেশি মেডিকেয়ার গ্রহীতাকে মেডিকেয়ার পার্ট বি প্রিমিয়াম পরিশোধে সহায়তার জন্য এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যোগ্য মেডিকেয়ার গ্রহীতাদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ জমা দেওয়া হবে অথবা চেক পাঠানো হবে। এ অর্থ দেওয়া হচ্ছে ২০০৮ সালে প্রতিষ্ঠিত মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দীর্ঘদিন কার্যত অব্যবহৃত থাকা এই তহবিল এখন প্রবীণদের স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে কাজে লাগানো হচ্ছে। তার দাবি, তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগের ফলে প্রবীণদের চিকিৎসা ও স্বাস্থ্যবিমার খরচ আরো কমবে। তবে সব মেডিকেয়ার গ্রহীতা ৯০ ডলার পাবেন না। যাদের মেডিকেয়ার প্রিমিয়াম ইতোমধ্যে মেডিকেইডের মাধ্যমে পরিশোধ করা হয় অথবা যারা বেশি আয়ের কারণে ইনকাম রিলেটেড মান্থলি অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট বা আইআরএমএএ প্রদান করেন, তারা এই অর্থের জন্য যোগ্য হবেন না।

ট্রাম্প একই পোস্টে মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি সুরক্ষার প্রতিশ্রুতি পূরণের দাবি করেন। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নীতির সমালোচনা এবং অভিবাসন নিয়ে অভিযোগ তোলেন।এর আগে ট্রাম্প প্রশাসন প্রায় ৯ লাখ ৫০ হাজার এফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা এসিএ গ্রাহককে ৫০০ ডলারের এককালীন অর্থ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছিল। প্রশাসনের দাবি, স্বাস্থ্যবিমা কোম্পানিগুলোর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ব্যবহারকারী ফি ফেরতের অংশ হিসেবে ওই অর্থ দেওয়া হবে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, প্রবীণদের জন্য ঘোষিত ৯০ ডলার এবং এসিএ গ্রাহকদের জন্য ঘোষিত ৫০০ ডলার দুটি পৃথক কর্মসূচি।

এদিকে ট্রাম্প রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের তথাকথিত ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন। ট্রাম্পের দাবি, শুল্ক থেকে সরকারের আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এ অর্থের ব্যবস্থা করা সম্ভব। তবে প্রস্তাবটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে এবং এর সম্ভাব্য ব্যয় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।

ডেমোক্র্যাটরা অবশ্য এই ঘোষণাকে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। হাউস ডেমোক্রেটিক ক্যাম্পেইন কমিটির মুখপাত্র ভিয়েট শেলটন বলেন, এটি এমন একটি পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি, যা ভোটাররা বাস্তবে পূরণ হবে না বলেই মনে করেন। ডেমোক্র্যাটদের এ সমালোচনার পাশাপাশি প্রস্তাবটি নিয়ে কিছু রিপাবলিকান নেতার মধ্যেও অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ প্রায় ২৪ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দিলে মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১.২ ট্রিলিয়ন ডলার।

ট্রাম্প অবশ্য প্রতিশ্রুতিটিকে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত করে বলেছেন, রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখলেই এ অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ডেমোক্র্যাটদের অভিযোগ, অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতিকে রাজনৈতিক সমর্থন ও নির্বাচনী ফলাফলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এটিকে অর্থনৈতিক সাফল্যের সুফল সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা হিসেবে তুলে ধরছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)