নিউইয়র্কের কনজিউমার ডিরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ)-এর প্রায় ৭০ হাজার কেয়ারগিভার ইউনিয়ন গঠনের লক্ষ্যে ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড বা এনএলআরবিতে নির্বাচনের আবেদন করেছেন। অধিকাংশ কেয়ারগিভার পরিবারের সদস্যদের সেবা দিয়ে থাকেন। তারা ১১৯৯এসইআইইউ ইউনাইটেড হেলথকেয়ার ওয়ার্কার্স ইস্টের প্রতিনিধিত্ব চান। গত ২২ সেপ্টেম্বর প্রায় ৭০ হাজার কেয়ারগিভারের সমর্থন নিয়ে আবেদন দাখিলের পর এখন এনএলআরবি নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় যাচাই করছে। ইউনিয়নের আবেদনে প্রয়োজনীয় ৩০ শতাংশ কর্মীর সমর্থনের শর্ত পূরণ হয়েছে বলে ১১৯৯এসইআইইউ জানিয়েছে। এরপর প্রস্তাবিত ভোটারদের ইউনিট, ভোটারদের যোগ্যতা এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে। এনএলআরবি এরপর ইউনিয়ন ও নিয়োগকর্তার সঙ্গে নির্বাচন নিয়ে সমঝোতার চেষ্টা করবে। সমঝোতা না হলে শুনানির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না এবং হলে কোন শর্তে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
এনএলআরবির বর্তমান নির্দেশনা অনুযায়ী, সাধারণ পরিস্থিতিতে আবেদন দাখিলের পর প্রায় ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়। তবে শুনানি, আইনি আপত্তি বা অন্যান্য বিরোধ দেখা দিলে প্রক্রিয়া আরো দীর্ঘ হতে পারে। নির্বাচন হলে গোপন ব্যালটে ভোট নেওয়া হবে। নির্বাচনে যারা ভোট দেবেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি ভোট ইউনিয়নের পক্ষে পড়লে ১১৯৯এসইআইইউকে সংশ্লিষ্ট কেয়ারগিভারদের যৌথ দরকষাকষির প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।নির্বাচন সফল হলে নিউইয়র্কজুড়ে প্রায় ১ লাখ ৯০ হাজার সিডিপিএপি কর্মী ইউনিয়নের প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্টদের দাবি, এটি সফল হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ইউনিয়ন নির্বাচন হবে। তবে অতীতের বড় ইউনিয়ন নির্বাচনের তুলনায় ১৯৯৯ সালে লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রায় ৭৪ হাজার হোমকেয়ার কর্মীর নির্বাচন এবং ১৯৪০ সালে জেনারেল মোটরসের প্রায় ১ লাখ ৩৭ হাজার কর্মীর ইউনিয়ন ভোটের নজির রয়েছে।
ইউনিয়নে যুক্ত হলে সিডিপিএপি কেয়ারগিভাররা ১১৯৯এসইআইইউর প্রায় ৪ লাখ ৫০ হাজার অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর সঙ্গে যুক্ত হবেন। এর মাধ্যমে বেতন, কর্মপরিবেশ ও সেবার মানসহ কর্মসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে দাবি জানানোর সুযোগ পাবেন।এই ইউনিয়ন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে নিউইয়র্ক সিটি সেন্ট্রাল লেবার কাউন্সিল, এএফএল-সিআইও। কাউন্সিল ২ অক্টোবর সিডিপিএপি কর্মীদের ইউনিয়ন উদ্যোগকে সামনে রেখে প্রতিবেদন প্রকাশ করে। সংগঠনটি নিউইয়র্কের শ্রমিক আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সংগঠন এবং ১১৯৯এসইআইইউ এর অধিভুক্ত ইউনিয়নগুলোর একটি।
জীবনযাত্রার ব্যয় বাড়লেও কেয়ারগিভারদের আয় সেই অনুপাতে বাড়ছে না বলে কর্মীরা জানিয়েছেন। সিডিপিএপি কর্মী অ্যাঞ্জেলা জিমেনেজ বলেন, তিনি মায়ের যত্ন নিতে ভালোবাসেন, কিন্তু বাড়িভাড়া, খাবার ও স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ মেটাতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়। তার মতে, কেয়ারগিভারদের কাজের যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।
১১৯৯এসইআইইউর ৩১ হাজারের বেশি সিডিপিএপি কর্মীর ওপর পরিচালিত এক জরিপে প্রায় ৬৪ শতাংশ বলেছেন, গত এক বছরে তারা আর্থিকভাবে কষ্টে ছিলেন বা কোনোভাবে খরচ চালিয়েছেন। ৬২ শতাংশ কর্মী বলেছেন, কেয়ারগিভার হিসেবে তাদের সবচেয়ে বড় সমস্যা পর্যাপ্ত আয় না থাকা।সিডিপিএপি মেডিকেইড অর্থায়িত একটি কর্মসূচি। এর মাধ্যমে যোগ্য ব্যক্তিরা নিজেদের পছন্দের কেয়ারগিভার বেছে নিয়ে বাড়িতে ব্যক্তিগত পরিচর্যা সেবা পাওয়ার সুযোগ পান। নিউইয়র্কে বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের পরিচর্যার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই কর্মসূচির কেয়ারগিভারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।