জেএমসির ইয়ুথ বিভাগের ব্যাক টু স্কুল কার্নিভাল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-09-2026

জেএমসির ইয়ুথ বিভাগের ব্যাক টু স্কুল কার্নিভাল

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় আবেশে জ্যামাইকায় অনুষ্ঠিত হলো ‘ব্যাক টু স্কুল কার্নিভাল’। যুক্তরাষ্ট্রের সামার মৌসুমের শেষ পর্যায়ে মুসলিম শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য জেএমসি’র ইয়্যুথ বিভাগের উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর দিনব্যাপী জ্যামাইকা মুসলিম সেন্টার সংলগ্ন জেএমসি ওয়ের খোলা রাস্তায় এই ইসলামিক মেলার আয়োজন করা হয়। মুসলিম কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষসহ ভিনদেশিরাও এই আয়োজন উপভোগ করেন। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিল শিশু-কিশোর-কিশোরীদের জন্য নানা রাইড, খাবার থেকে শুরু করে পোষাক ও পারফিউমের স্টল সহ হরেক রকমের স্টল, ইসলামিক সঙ্গীত প্রভৃতি। এই আয়োজনে সহযোগিতায় ছিল উৎসব কুরিয়ার, ফ্যামিলি হেলথকেয়ার প্রতিষ্ঠান ফিলজাস, মাসকেয়ার, ভালো প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান। 

ব্যতিক্রমী এই ইসলামিক মেলায় উল্লিখিত আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন—জেএমসির সহ-সভাপতি আফতাব মান্নান, সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মাওলানা শহীদুল্লাহ, বিশিষ্ট রাজনীতিক সামসুল ইসলাম মজনু, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, কমিউনিটি অ্যাকটিভিস্ট মঈন পাটোয়ারী, জেএমসির ইয়্যুথ বিভাগের ডিরেক্টর আরিফ চৌধুরী, কো অর্ডিনেটর ইয়াসীন ইসলাম প্রমুখ। 

সকাল থেকে বিভিন্ন ভেন্ডার, সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে হাইল্যান্ড এভিনিউ থেকে শুরু করে গোথিক ড্রাইভ পর্যন্ত জেএমসি ওয়ের উপর নানা স্টল বসে। সেই সঙ্গে শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য একাধিক রাইড স্থাপন করা হয়। বেলা একটার দিকে সপরিবারে মানুষ এসে যোগ দিতে থাকেন। সর্বস্তরের মুসলিম পরিবারের শত শত মানুষের উপস্থিতিতে অপরাহ্নে জমে উঠে জেএমসি ওয়ে। ভিনদেশীরাও উপভোগ করেন এই আয়োজন। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ‘ব্যাক টু স্কুল কার্নিভাল’। এতে জেএমসি’র ইয়্যুথ বিভাগের সদস্যরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)