লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-09-2026

লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা

নিউইয়র্ক সিটির মালিকানাধীন লোয়ার ম্যানহাটনের ১০০ গোল্ড স্ট্রিটে প্রায় ৪ হাজার নতুন আবাসিক ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিয়েছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। এর মধ্যে প্রায় ১ হাজার ইউনিট স্থায়ীভাবে সাশ্রয়ী ও ভাড়া-নিয়ন্ত্রিত থাকবে।

২২ সেপ্টেম্বর মেয়র মামদানি ১০০ গোল্ড স্ট্রিট পুনঃউন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক পাবলিক রিভিউ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। প্রকল্পে নতুন আবাসনের পাশাপাশি বয়স্কদের জন্য একটি আধুনিক কেন্দ্র, প্রায় ৪০ হাজার বর্গফুট পাবলিক স্পেস এবং কমিউনিটি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় আগের হিসাবের তুলনায় প্রায় ৩০০টি বেশি আবাসিক ইউনিট যুক্ত হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে ম্যানহাটন কমিউনিটি ডিস্ট্রিক্ট ১-এ গত এক দশকে নির্মিত স্থায়ীভাবে সাশ্রয়ী আবাসনের প্রায় দ্বিগুণ ইউনিট একটি প্রকল্পের মাধ্যমে যুক্ত হবে।

প্রকল্পটি বাস্তবায়নে সিটি সরকারের সরাসরি অর্থায়ন থাকবে না। বেসরকারি উন্নয়নকারী জিএফপি রিয়েল এস্টেটের সঙ্গে ক্রস-সাবসিডি মডেলে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ১০০ গোল্ড স্ট্রিট ভবনে হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্টসহ কয়েকটি সিটি এজেন্সির কার্যালয় রয়েছে। এসব সংস্থাকে আধুনিক অফিসে স্থানান্তর করা হবে।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো ভবনের পরিবর্তে নতুন আবাসিক ও মিশ্র ব্যবহারের ভবন নির্মাণের পাশাপাশি হ্যামিলটন-ম্যাডিসন হাউস পরিচালিত বর্তমান বয়স্ক কেন্দ্রের পরিবর্তে নতুন কেন্দ্র তৈরি করা হবে। প্রকল্পে পাবলিক ওপেন স্পেস ও অন্যান্য কমিউনিটি সুবিধাও থাকবে।

মামদানি প্রশাসনের ব্লক বাই ব্লক আবাসন পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্পটি নেওয়া হয়েছে। ওই পরিকল্পনায় আগামী এক দশকে ২ লাখ নতুন সাশ্রয়ী আবাসন নির্মাণ এবং আরও ২ লাখ সাশ্রয়ী আবাসন সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রশাসন ১২ হাজার ৪৯১টি সাশ্রয়ী আবাসন নির্মাণ ও সংরক্ষণের অর্থায়ন করেছে। এর মধ্যে ২ হাজারের বেশি ইউনিট আগে গৃহহীন থাকা নিউইয়র্কবাসীর জন্য নির্ধারিত।

১০০ গোল্ড স্ট্রিট প্রকল্পের পরিবেশগত পর্যালোচনা প্রক্রিয়া চলতি শরতে এগিয়ে নেওয়া হবে। আগামী মাসে এ বিষয়ে একটি স্কোপিং শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালে প্রকল্পটি ইউনিফর্ম ল্যান্ড ইউজ রিভিউ প্রসিডিউর বা ইউএলইউআরপি প্রক্রিয়ায় যাওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ায় নিউইয়র্কবাসী ও সংশ্লিষ্ট কমিউনিটির মতামত দেওয়ার সুযোগ থাকবে।

মেয়র মামদানি বলেছেন, নিউইয়র্কের আবাসন সংকট মোকাবিলায় সিটির নিজস্ব জমি ব্যবহার করে আরও বেশি বাড়ি নির্মাণ করা প্রয়োজন। ১০০ গোল্ড স্ট্রিটে প্রায় ৪ হাজার বাড়ি, এর মধ্যে প্রায় ১ হাজার স্থায়ীভাবে সাশ্রয়ী আবাসন নির্মাণের পরিকল্পনাকে তিনি সেই উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)