মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 23-09-2026

মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত

মিশিগানের একটি মসজিদ ও ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগে রোজভিলের ৩৩ বছর বয়সী অ্যালিসিয়া চৌকেয়ারের বিরুদ্ধে চারটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। স্টেট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চৌকেয়ারকে গত ১৭ সেপ্টেম্বর ডিয়ারবর্নের ১৯তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি বা মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগে দুটি মামলা, কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগে একটি মামলা এবং হেট ক্রাইম-ট্রু থ্রেট অভিযোগে একটি মামলা করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, চৌকেয়ার স্থানীয় জরুরি সেবা বিভাগে ফোন করে একটি মসজিদ এবং ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দেন। অভিযোগে বলা হয়েছে, তার শহরের বাইরে তোমাদের লোকজন-কে রাখা না হলে সহিংসতা ঘটবে-এমন হুমকি দেওয়া হয়েছিল।তার বিরুদ্ধে থাকা দুটি ফলস রিপোর্ট অর থ্রেট অব টেররিজম অভিযোগের প্রতিটির সর্বোচ্চ শাস্তি ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কম্পিউটার ব্যবহার করে অপরাধ সংঘটনের অভিযোগটিও সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আনা হয়েছে। হেট ক্রাইম-ট্রু থ্রেট অভিযোগের সর্বোচ্চ শাস্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড।

আদালত চৌকেয়ারের জন্য ২০ হাজার ডলারের নগদ বা জামিনদারনির্ভর বন্ড নির্ধারণ করেছে। মামলায় পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ৩০ সেপ্টেম্বর একটি প্রোবাবল কজ কনফারেন্স নির্ধারিত রয়েছে। স্টেট অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মিশিগানে বিদ্বেষমূলক অপরাধ ও সন্ত্রাসী হুমকির অভিযোগ তদন্ত এবং এ ধরনের মামলায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি বিশেষায়িত ইউনিট রয়েছে। মিশিগান অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, এসব ফৌজদারি অভিযোগ কেবল অভিযোগ মাত্র। আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)