নিউইয়র্কে বিদ্যুৎ ও গ্যাসের বিল কমানোর সুযোগ পাচ্ছে আরো প্রায় ২৫ লাখ পরিবার। গভর্নর ক্যাথি হোচুল স্টেটের এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম বা ইএপি সম্প্রসারণ করে মধ্যম আয়ের পরিবারগুলোকেও এই সুবিধার আওতায় আনার ঘোষণা দিয়েছেন। নতুন সম্প্রসারণের ফলে স্টেটজুড়ে মোট প্রায় ৩৫ লাখ পরিবার ইএপির জন্য যোগ্য হতে পারে। ইএপির মাধ্যমে যোগ্য পরিবার তাদের আয়ের তুলনায় বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমানোর জন্য মাসিক বিল ছাড় পেতে পারে। নতুন ব্যবস্থার লক্ষ্য হলো পরিবারের আয়ের ৬ শতাংশের বেশি যেন বিদ্যুৎ ও গ্যাসের পেছনে ব্যয় না হয়। আগে মূলত কম আয়ের পরিবারগুলো এই সুবিধার আওতায় থাকলেও এখন রাজ্য বা সংশ্লিষ্ট এলাকার মিডিয়ান আয়ের নিচে থাকা আরো পরিবার আবেদন করতে পারবে।
নিউইয়র্ক সিটিতে একজনের পরিবার বছরে সর্বোচ্চ ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার এবং চার সদস্যের পরিবার সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার ডলার আয় করলেও ইএপির জন্য যোগ্য হতে পারে। আট সদস্যের পরিবারের ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে আয়ের সীমা ২ লাখ ১৩ হাজার ৯০০ ডলার পর্যন্ত। আপস্টেট নিউইয়র্কে একজনের পরিবারের আয়ের সীমা ৬৯ হাজার ৪৭৭ ডলার।
কারা স্বয়ংক্রিয়ভাবে ইএপি সুবিধা পাবেন
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইএপির জন্য যোগ্য হলেই সব পরিবার স্বয়ংক্রিয়ভাবে মাসিক বিল ছাড় পাবে না। যারা ইতোমধ্যে নির্দিষ্ট সরকারি সহায়তা কর্মসূচির মাধ্যমে ইএপির যোগ্যতা প্রমাণ করেছেন, তাদের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ভিত্তিতে ইউটিলিটি কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে ইএপি সুবিধা যুক্ত করতে পারে। বিশেষ করে হোম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা হিপ এবং নির্দিষ্ট পাবলিক অ্যাসিস্ট্যান্স কর্মসূচিতে থাকা পরিবার ইএপির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হতে পারে। এসব পরিবারের সাধারণত নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
অন্যদিকে এসএনএপি, মেডিকেইড, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম বা এসএসআই, ভেটেরান্স ডিজঅ্যাবিলিটি বা সারভাইভার্স পেনশন, লাইফলাইন টেলিফোন সার্ভিস, ফেডারেল পাবলিক হাউজিং অ্যাসিস্ট্যান্স, টিএএনএফ, সেফটি নেট অ্যাসিস্ট্যান্স ও হেড স্টার্টের মতো কর্মসূচিতে থাকা পরিবার ইএপির জন্য যোগ্য হতে পারে। তবে এসব কর্মসূচিতে থাকা মানেই যে ইএপি সুবিধা স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে, তা নয়। অনেক ক্ষেত্রে তাদের নিজেদের আবেদন করতে হবে। এছাড়া কোনো পরিবার এসএনএপি বা মেডিকেইডে না থাকলেও নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকলে তারা ইএপির জন্য আবেদন করতে পারবে।
কীভাবে আবেদন করবেন
ইএপির জন্য আবেদন করতে যোগ্য পরিবারকে নিউইয়র্ক স্টেটের সরকারি ওয়েবসাইট এনওয়াই ডট গভ ডট ইউএস/ইএপিতে যেতে হবে। সেখানে প্রথমে যোগ্যতা যাচাই করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের সময় পরিবারের সদস্যসংখ্যা, পরিবারের মোট আয় এবং বিদ্যুৎ বা গ্যাসের ইউটিলিটি অ্যাকাউন্টের তথ্য প্রস্তুত রাখা উচিত। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট সংস্থা তথ্য যাচাই করে যোগ্যতা নির্ধারণ করবে। যারা ইতোমধ্যে হিপ বা নির্দিষ্ট পাবলিক অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে ইএপিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তবে এসএনএপি, মেডিকেইড, এসএসআই বা অন্যান্য যোগ্য কর্মসূচিতে থাকা পরিবার এবং নতুন আয়ের সীমার কারণে যোগ্য হওয়া পরিবারকে নিজেদের ইএপি আবেদন করতে হবে কি না, তা যাচাই করা উচিত।
নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট আগামী কয়েক সপ্তাহ ও মাসে ডিজিটাল বিজ্ঞাপন, চিঠি, ইমেইল ও টেক্সট বার্তার মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে ইএপি সম্পর্কে জানাবে। সামাজিক সেবা সংস্থা, কমিউনিটি সংগঠন এবং ইউটিলিটি কোম্পানিগুলোও আবেদন প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেবে। এদিকে ইএপির মাসিক বিল ছাড়ের পাশাপাশি নিউইয়র্কের প্রায় ৮২ লাখ পরিবারকে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত এককালীন এনার্জি রিবেট চেক পাঠানোর কার্যক্রমও ২১ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। এ এককালীন রিবেট ইএপির মাসিক বিল ছাড় থেকে আলাদা। ফলে যোগ্য পরিবার একদিকে এককালীন রিবেট এবং অন্যদিকে ইএপির মাধ্যমে নিয়মিত মাসিক বিল ছাড় পাওয়ার সুযোগ পেতে পারে।