জুলিয়ানিকে ‘অ্যান্টি-মুসলিম এক্সট্রিমিস্ট’ ঘোষণা কেয়ারের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-09-2026

জুলিয়ানিকে ‘অ্যান্টি-মুসলিম এক্সট্রিমিস্ট’ ঘোষণা কেয়ারের

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে অ্যান্টি-মুসলিম এক্সট্রিমিস্ট হিসেবে চিহ্নিত করেছে মুসলিম অধিকার ও নাগরিক স্বাধীনতাবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। ৯ সেপ্টেম্বর সংগঠনটি জানায়, নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানিকে ঘিরে জুলিয়ানির সাম্প্রতিক মন্তব্য এবং আমেরিকান মুসলিমদের সম্পর্কে তার বক্তব্যের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টির সূত্রপাত হয় ৬ সেপ্টেম্বর নিউজম্যাক্সকে দেওয়া জুলিয়ানির এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে তিনি ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে গ্র্যাউন্ড জিরোতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে মেয়র মামদানির অংশ নেওয়ার বিরোধিতা করেন। জুলিয়ানি বলেন, মামদানির অনুষ্ঠানে উপস্থিতি তাকে ব্যক্তিগতভাবে অফেন্ড করে এবং তার মতে, মেয়রের সেখানে না যাওয়াই উচিত।

সাক্ষাৎকারে জুলিয়ানি মুসলিমদের নিয়েও বিস্তৃত মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু অংশ ‘দখলে নিতে’ চায় এবং তাদের ধর্মীয় শিক্ষার সঙ্গে আধিপত্য বিস্তারের ধারণা যুক্ত। তিনি মামদানিকে এ ধরনের মতাদর্শের সমর্থক বলেও মন্তব্য করেন। সিএআইআর এসব বক্তব্যকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও পক্ষপাতদুষ্ট মন্তব্য হিসেবে উল্লেখ করেছে।

কেয়ার-এর গবেষণা ও অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কোরি সেইলর বলেন, জুলিয়ানির মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বক্তব্যের পর সংগঠনটি তাকে অ্যান্টি-মুসলিম এক্সট্রিমিস্ট হিসেবে চিহ্নিত করেছে। সিএআইআর-নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাশের বলেন, ৯/১১-এর মতো একটি জাতীয় ট্র‍্যাজেডিকে ব্যবহার করে মুসলিম সম্প্রদায়ের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।

জুলিয়ানির মন্তব্যের জবাবে মামদানি সরাসরি বিতর্কে না গিয়ে বলেন, ৯/১১-এর স্মরণ সপ্তাহে তার মনোযোগ থাকবে হামলায় নিহত ব্যক্তিদের পরিবার এবং জীবন বাঁচাতে এগিয়ে যাওয়া প্রথম সারির উদ্ধারকর্মীদের প্রতি। তিনি স্পষ্ট করেন যে, তিনি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরে ১১ সেপ্টেম্বরের ২৫তম বার্ষিকীর অনুষ্ঠানে মামদানি অংশ নেন। সেখানে জুলিয়ানির সঙ্গেও তার সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।

মামদানির অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে নিউইয়র্কে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। সাবেক মেয়র জুলিয়ানিসহ কয়েকজন রাজনৈতিক নেতা তার উপস্থিতির বিরোধিতা করেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভিকি পালাদিনো এবং জোয়ান অ্যারিওলা মামদানিকে অনুষ্ঠানে না আসার আহ্বান জানিয়ে একটি অনলাইন পিটিশন প্রচার করেন। বিভিন্ন প্রতিবেদনে ওই পিটিশনে এক লাখের বেশি স্বাক্ষরের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ৯/১১-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে মামদানি প্রশাসন স্মরণ ও সরকারি প্রস্তুতি নিয়ে দুটি নির্বাহী আদেশ জারি করে। এর একটি আদেশে ১১ সেপ্টেম্বরকে নিউইয়র্ক সিটিতে ডে অব রিমেমব্র‍্যান্স অ্যান্ড সার্ভিস হিসেবে প্রতিষ্ঠা করা হয়। অন্য উদ্যোগের লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতিতে নগর সরকারের কার্যক্রম ও প্রস্তুতি আরো শক্তিশালী করা।

৮ সেপ্টেম্বর মামদানি প্রশাসন ৯/১১-সংক্রান্ত নিউইয়র্ক সিটির বিপুল পরিমাণ সরকারি নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় প্রায় ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে। এসব নথির মধ্যে লোয়ার ম্যানহাটনের বায়ুর মান, স্বাস্থ্যঝুঁকি, অ্যাসবেস্টস এবং হামলার পর নগর সরকারের প্রতিক্রিয়া-সংক্রান্ত তথ্য রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ মাসে আরো নথি প্রকাশ করা হবে।

মামদানি বলেন, এসব নথি প্রকাশের উদ্দেশ্য হলো ৯/১১-এর পর নগর সরকার কী জানত, কখন জানত এবং কী পদক্ষেপ নিয়েছিল সে বিষয়ে স্বচ্ছতা বাড়ানো। তার প্রশাসনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, গ্র্যাউন্ড জিরোর আশপাশের বাতাসের বিষাক্ততা এবং বিভিন্ন স্থানে অ্যাসবেস্টসের উপস্থিতি সম্পর্কিত নথিও এতে রয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার সময় জুলিয়ানি নিউইয়র্ক সিটির মেয়র ছিলেন। এবারের ২৫তম বার্ষিকীতে তার সঙ্গে বর্তমান মেয়র মামদানিকে ঘিরে বিতর্কটি ৯/১১ স্মরণ অনুষ্ঠান, মুসলিমদের বিরুদ্ধে বক্তব্য এবং নিউইয়র্কের রাজনৈতিক পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে স্মরণ অনুষ্ঠানের মূল আয়োজন ছিল হামলায় নিহত ব্যক্তিদের পরিবার, উদ্ধারকর্মী এবং ৯/১১-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণকে কেন্দ্র করে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)