নিউইয়র্ক স্টেটে ২০২৮ সালের হাইস্কুল গ্র্যাজুয়েটদের জন্য বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৮ সালের ক্লাস থেকে হাইস্কুল থেকে ডিপ্লোমা পেতে শিক্ষার্থীদের আর নির্দিষ্ট সংখ্যক রিজেন্টস পরীক্ষা পাস করা বাধ্যতামূলক থাকবে না। নিউইয়র্ক স্টেট বোর্ড অব রিজেন্টস গত সোমবার নতুন এই পরিকল্পনা অনুমোদন করেছে। এর মাধ্যমে হাইস্কুল গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একাধিক ধরনের ডিপ্লোমার পরিবর্তে একটি অভিন্ন ডিপ্লোমা চালুর পথ তৈরি হলো।
নতুন এ ব্যবস্থা নিউইয়র্ক স্টেটের শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের বৃহত্তর উদ্যোগ এনওয়াই ইনস্পায়ার্সের অংশ। গত প্রায় ২৫ বছর ধরে নিউইয়র্কের হাইস্কুল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের জন্য পাঁচটি রিজেন্টস পরীক্ষা পাস করতে হতো। নতুন ব্যবস্থায় পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীরা হাইস্কুল শেষে বাস্তব জীবনের জন্য কতটা প্রস্তুত, তা বিভিন্ন ধরনের মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেছেন, রিজেন্টস পরীক্ষা গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সক্ষমতা তুলনা করার জন্য এটি সব সময় সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। স্টেট অ্যাসেসমেন্ট বিভাগের সহকারী কমিশনার জ্যাকারি ওয়ার্নার বলেন, এই পরিবর্তনের সঙ্গে শিক্ষার মান কমিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। বরং শিক্ষার্থীরা হাইস্কুলের পরবর্তী জীবনে সফল হওয়ার জন্য প্রস্তুত কি না, তা যাচাই করতে আরো উপযুক্ত পদ্ধতি ব্যবহার করাই এ উদ্যোগের লক্ষ্য।
নতুন ব্যবস্থার অধীনে প্রাথমিক ও মধ্যম স্তরের শিক্ষার্থীদের মতো হাইস্কুল শিক্ষার্থীদের জন্যও একটি নতুন পারফরম্যান্স অ্যাসেসমেন্ট চালু করা হবে। ফেডারেল শিক্ষাব্যবস্থার জবাবদিহির শর্ত পূরণ করতেই এ স্টেটব্যাপী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টগুলো নিজেদের মতো করে শিক্ষার্থীদের মূল্যায়নের কৌশলও তৈরি করতে পারবে। গ্র্যাজুয়েশনের জন্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফল নয়, সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নাগরিক দায়িত্ব পালনের সক্ষমতার মতো বিষয়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে।
স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উল্লেখ করেছেন, নিউইয়র্কের অনেক নামী বেসরকারি স্কুলে রিজেন্টস পরীক্ষা গ্র্যাজুয়েশনের জন্য বাধ্যতামূলক নয়। তারপরও এসব স্কুলের শিক্ষার্থীরা কলেজ এবং পরবর্তী জীবনে ভালো ফলাফল করছে। তাদের মতে, শিক্ষার্থীদের জিপ কোড, পারিবারিক পটভূমি বা ব্যক্তিগত পরিস্থিতির ওপর যেন ভবিষ্যৎ সুযোগ নির্ভর না করে, সেটিই নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য।
নিউইয়র্ক স্টেট এডুকেশন কমিশনার বেটি রোজা বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচ্চমানের শিক্ষার সুযোগ এবং তারা কী জানে ও কী করতে পারে তা প্রমাণ করার অর্থবহ সুযোগ পাওয়া উচিত। নতুন ব্যবস্থা উচ্চ প্রত্যাশা বজায় রাখার পাশাপাশি আরো সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। তবে রিজেন্টস পরীক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স মূল্যায়নে রিজেন্টস পরীক্ষা ভবিষ্যতেও ব্যবহার করা হবে। শুধু হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশনের জন্য এসব পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক থাকবে না।
বর্তমানে নিউইয়র্কে শিক্ষার্থীরা সাধারণ রিজেন্টস ডিপ্লোমা, অ্যাডভান্সড ডেজিগনেশনসহ রিজেন্টস ডিপ্লোমা অথবা পরীক্ষায় তুলনামূলক কম স্কোর করলে লোকাল ডিপ্লোমা পেতে পারে। ২০২৮ সালের গ্র্যাজুয়েটদের মাধ্যমে এ পৃথক ডিপ্লোমা ব্যবস্থার পরিবর্তে একটি ‘ওয়ান ডিপ্লোমা’ বা একক ডিপ্লোমা ব্যবস্থা চালু হবে।