যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেটে পুলিশ কর্মকর্তা, এফবিআই কর্মী, মুসলিম আমেরিকান, বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা হয়েছে। কলোরাডোর থর্নটনের ৪০ বছর বয়সী কেভিন লি টম্পকিন্সের বিরুদ্ধে চারটি ইন্টারস্টেট থ্রেট বা স্টেটেরসীমা পেরিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। পাশাপাশি, দণ্ডিত অপরাধী হিসেবে গোলাবারুদ রাখার অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে কলোরাডো জেলার ইউএস অ্যাটর্নির কার্যালয়।
ফেডারেল প্রসিকিউটররা ১৪ সেপ্টেম্বর সোমবার অভিযোগগুলো ঘোষণা করেন। অভিযোগপত্র অনুযায়ী, টম্পকিন্স জুন ও জুলাই মাসে একটি জনপ্রিয় ভিডিও-শেয়ারিং ওয়েবসাইটে একাধিক হুমকিমূলক ভিডিও পোস্ট করেন। এর মধ্যে ২৭ জুন প্রকাশিত একটি ভিডিওতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক বিচারককে লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একই সময়ের আরও দুটি পোস্টে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), কলোরাডো ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ) এবং বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশ বিভাগকে লক্ষ্য করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৮ জুলাই দেওয়া চতুর্থ হুমকিতে মুসলিম আমেরিকান, পুলিশ কর্মকর্তা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, বিচারক, রাজনীতিক ও ফেডারেল এজেন্টদের লক্ষ্য করা হয়। বাড়ি থেকে গোলাবারুদ ও বিস্ফোরক তৈরিসংক্রান্ত বই উদ্ধারফেডারেল কর্তৃপক্ষের দাবি, টম্পকিন্সের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক বাক্স গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরিসংক্রান্ত একটি বই পাওয়া গেছে।
এছাড়া, আগ্নেয়াস্ত্র রাখার ওপর আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে অস্ত্র কেনাবেচার ওয়েবসাইটগুলোতে বারবার প্রবেশ করেছেন এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহের চেষ্টা করেছেন বলে তদন্তকারীদের অভিযোগ।টম্পকিন্সের বিরুদ্ধে গোলাবারুদ রাখার অভিযোগটি তার পূর্বের অপরাধমূলক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত বলে কর্তৃপক্ষ জানিয়েছে।মামলাটি তদন্ত করছে এফবিআইয়ের ডেনভার ফিল্ড অফিস। অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত টম্পকিন্সকে আইনের দৃষ্টিতে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।