মুসলিম পরিচয় জানার পর চারজনকে হত্যার হুমকিতে পিটার গ্রেপ্তার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-09-2026

মুসলিম পরিচয় জানার পর চারজনকে হত্যার হুমকিতে পিটার গ্রেপ্তার

মিশিগান স্টেটের ট্রয় শহরের পাবলিক লাইব্রেরির সামনে চার মুসলিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৭৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত পিটার হ্যামিল্টন নর্থআপের বিরুদ্ধে চারটি গুরুতর বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ট্রয় পাবলিক লাইব্রেরির বাইরে ঘটনাটি ঘটে। মিশিগানের কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে, চার মুসলিম ব্যক্তি সেখানে একটি টেবিল বসিয়ে ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। পাশাপাশি তারা ইংরেজি ভাষায় কোরআনের বিনামূল্যের কপি বিতরণ করছিলেন।

অভিযোগ অনুযায়ী, নর্থআপ তাদের কাছে এসে তারা কী করছেন এবং তারা মুসলিম কি না জানতে চান। চারজনই মুসলিম বলে পরিচয় দেওয়ার পর নর্থআপ তাদের সবাইকে হত্যা করার হুমকি দেন বলে প্রসিকিউটরদের অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ খলিল বলেন, নর্থআপ তাকে উদ্দেশ করে বলেন, আমি তোমাদের সবাইকে হত্যা করব। এরপর তিনি তার পেছনের পকেটের দিকে ইঙ্গিত করেন, যেখানে একটি পিস্তল দেখা যাচ্ছিল বলে খলিল দাবি করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় তারা নর্থআপকে শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশকে ফোন করা হলে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নর্থআপকে আটক করেন। প্রসিকিউটরদের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার কাছে একটি লোডেড পিস্তল ছিল।

ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড বলেন, ইসলামোফোবিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, ভুক্তভোগীরা তাদের ধর্ম সম্পর্কে তথ্য দেওয়া এবং সাংবিধানিক অধিকার চর্চা করার সময় হুমকির শিকার হয়েছেন। কেয়ার মিশিগান এর নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন, চার ব্যক্তি শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম সম্পর্কে তথ্য শেয়ার করছিলেন এবং স্থানীয় মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, শুধু মুসলিম হওয়ার কারণে তাদের সরাসরি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।

অভিযুক্তের ২২টি আগ্নেয়াস্ত্র

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, নর্থআপের ডিমেনশিয়া রয়েছে এবং তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে অতীতে একাধিকবার ওয়েলফেয়ার চেক করা হয়েছিল। তার একটি বৈধ কনসিলড পিস্তল লাইসেন্সও রয়েছে।নর্থআপের নামে মোট ২২টি আগ্নেয়াস্ত্র নিবন্ধিত ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটর ম্যাকডোনাল্ড। ঘটনার পর পুলিশ এক্সট্রিম রিস্ক প্রোটেকশন অর্ডার (ইআরপিও)-এর মাধ্যমে তার ১৯টি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে।

ঘটনার পর মোহাম্মদ খলিল বলেন, পুরো অভিজ্ঞতাটি তার জন্য একটি খারাপ মুহূর্ত ও খারাপ স্মৃতি হয়ে থাকবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, সৌভাগ্যক্রমে ঘটনায় কেউ আহত হননি। জাভেদ আশরাফ বলেন, ইসলাম ও মুসলিমদের নিয়ে নেতিবাচক বক্তব্য এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য সমাজে এ ধরনের পরিস্থিতি তৈরি করছে। তবে হুমকির পরও তারা ইসলাম সম্পর্কে মানুষকে সঠিক তথ্য দেওয়ার কাজ চালিয়ে যেতে চান।মুসলিম পরিচয়ের আড়ালে একজন মানুষ রয়েছেন-মানুষকে সেটি উপলব্ধি করার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, শুধু মুসলিম হওয়ার কারণে কারও যেন সারাক্ষণ ভয় বা হত্যার হুমকির মধ্যে বসবাস করতে না হয়।নর্থআপের বিরুদ্ধে চারটি অ্যাগ্রাভেটেড হেট ক্রাইমের অভিযোগ রয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)