কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী প্রচারণা শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-08-2026

কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী প্রচারণা শুরু

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুনু- ফিরোজ পরিষদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

গত ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়। বাংলা বাজার জামে মসজিদের ইমাম জনাব ইয়াহিয়া চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ।

এ সময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সংগঠক, সমাজকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী কার্যক্রমের নতুন অধ্যায়ের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; এটি নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, অধিকার, মর্যাদা ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তারা যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থীরা তাদের পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মসূচি এবং বাংলাদেশ সোসাইটিকে আরো কার্যকর ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তৃতা, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রচারণা আগামী দিনগুলোতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬ ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার মধ্য দিয়ে এখন সরগরম হয়ে উঠছে নিউইয়র্কের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এদিকে জ্যামাইকায় বসবাসকারী বাংলাদেশ সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য আকতার বাবুল এবার কুনু- ফিরোজ প্যানেলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সেলিম- আলী প্যানেলের পক্ষ থেকেও নির্বাচনী সভা- সমাবেশ শুরু হয়েছে।

কুনু-ফিরোজ পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

কুনু-ফিরোজ পরিষদ এর কেন্দ্রীয় নির্বাচন পরিচলনা কমিটি গঠিত হয়েছে। গত ১৭ আগস্ট সন্ধ্যায় উডসাইডে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচলনা কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ৩ বারের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এম আজিজ। সভা পরিচালনা করেন সাবেক নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন। এই কমিটি সহসাই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও ৫ বোরো কমিটি গঠন করবে। এখানে উল্লেখ্য আলোচনার শুরুতে উপস্থিত সকলের সর্ব সম্মত্তি ক্রমে ৫ জনকে দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় পরিচালনা গঠন করার জন্য তারা হলেন এম আজিজ, আলাউদ্দিন বুলু, নিজাম উদ্দিন, লুৎফুল করিম ও ফখরুল ইসলাম বেলাল। 

কেন্দ্রীয় নির্বাচনী পরিচলনা কমিটি : প্রধান উপদেষ্টা : অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, চেয়ারম্যান : বেলাল মাহমুদ, প্রধান সমন্বয়কারী : বাবুল চৌধুরী, আহবায়ক : রুহুল আমিন সিদ্দিকী ও সদস্য সচিব : আনোয়ার হোসাইন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)